২০১৩ সালের মধ্যে বাস্তবায়িত হবে
১৭৬টি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত
সারা দেশে মুক্তিযুদ্ধের সময়কার ১৭৬টি বধ্যভূমি সংরক্ষণ এবং সেখানে স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা করার স্থান তথা মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ পর্যন্ত দেশের ৩৫টি স্থানে বধ্যভূমি চিহ্নিত করে তা সংরক্ষণ করা হয়েছে।মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া তালিকা এবং অন্যান্য সুপারিশের মাধ্যমে এ ১৭৬টি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে ২৯টির জন্য সরকারি জমি পাওয়া গেছে। বাকি ১৪৭টির জন্য জমি কিনতে হবে, যার অর্থায়ন হবে প্রকল্প ব্যয় থেকে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে ৭১ কোটি টাকা। গড়ে প্রতিটি বধ্যভূমির জন্য ১০ শতাংশ জমি অধিগ্রহণ করতে হবে। প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ২০১৩ সালের মধ্যে।প্রকল্পটি অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। কমিশন জমির অবস্থানের বিস্তারিত তথ্যসহ বিভিন্ন বিষয়ে জানতে চেয়েছে। এসব তথ্য পাঠানো হলেই এ প্রকল্পের অনুমোদন দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম গত বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমরা বধ্যভূমি সংরক্ষণের উদ্যোগ নিয়েছি। আমি মনে করি, এটা আমাদের দায়িত্ব।’মন্ত্রী বলেন, জমি পেয়ে গেলেই কাজ শুরু করা হবে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী এ দেশের অগণিত মানুষকে হত্যা করে গণকবর দেয়। দেশের বিভিন্ন স্থানে এমন অনেক বধ্যভূমি সচেতনতার অভাবে অবহেলায় পড়ে আছে। অনেক বধ্যভূমিতে স্থাপনা গড়ে তোলায় ইতিহাসের নিদর্শন স্থায়ীভাবে মুছে যাচ্ছে। জানা গেছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে ১৯৩টি বধ্যভূমি সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হলেও তা থেকে ১৭টি বধ্যভূমির নাম বাদ দেওয়া হয়।এদিকে পরিকল্পনা কমিশন থেকে মন্ত্রণালয়কে জানানো হয়েছে, একসঙ্গে এতগুলো বধ্যভূমির কাজ হাতে না নিয়ে দুই-তিন ধাপে তা বাস্তবায়ন করতে হবে। ১৭৬টি বধ্যভূমিঢাকা: ঢাকা বিভাগের মানিকগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, শেরপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শরীয়তপুর, গাজীপুর ও ঢাকায় মোট ৭০টি বধ্যভূমি সংরক্ষণ করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হচ্ছে—রমনা পার্ক, শ্যামপুর, ডেমরা, আজিমপুর, জগন্নাথ হল, মিরপুর সিরামিক ওয়ার্কস, শিয়ালবাড়ি, রাইন খোলা, জল্লাদখানা, মুসলিম বাজার, রাজারবাগ পুলিশ লাইন, তেজগাঁও, নজরগঞ্জ, বাকা চরাইল, আমিরাবাগ, ঘাটার চর, হিজলা, বড়ি বাড়ি, গজারিয়া থানার পাশের স্থান, টাঙ্গাইল জেলা গার্লস স্কুলের পাশের স্থান, সিদ্ধেশ্বরী বাড়ীঘাট, মনিপুর ঘাট সেতু, কটিয়াদী পাইলট বালিকা উচ্চবিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ময়মনসিংহ ছোটবাজার, ত্রিশাল ইউনিয়নের পাঁচপাড়া গ্রাম, রামসোনা বধ্যভূমি গ্রাম, দক্ষিণ মহিবর, সরকারি বাংলা কলেজসংলগ্ন জলাভূমি, মানিকগঞ্জ উপজেলা অফিসের অদূরে বিআরডিবি এলাকা, কালুখালী রেলস্টেশন এলাকা, নারায়ণপুর চন্দনা নদীর তীর, পাংশা রেলস্টেশনের কাছে সেতু এলাকা ও ফরিদপুরের জান্দিগ্রাম। রাজশাহী: রাজশাহী বিভাগের জয়পুরহাট, নোয়াগাঁও, নাটোর, পাবনা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে মোট ৬১টি বধ্যভূমি সংরক্ষণ করা হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—পশ্চিম আমটা, কাদিপুর স্কুল, রাধারবাড়ি, দরগাপাড়া, কেশবপুর, সাপাহার ডাকবাংলো, মহাদেব নদীর পশ্চিম পাড়, মনোহরপুর চক রামানন্দ, বলিহার, শাহাপুর, দোগাছা, বোয়ালিয়া ঈদগাহ মাঠ, লাবণ্য প্রভা বালিকা উচ্চবিদ্যালয়, ইটাকুড়ি জঙ্গল, পুলিশ লাইনের সামনের স্থান, বাবলা বন ডিসি বাংলোর সামনের স্থান, সারদা পুলিশ একাডেমি, ছাতনী ভাবনী, আহম্মদ ব্রিজ কাদিম সাতুরিয়া, গোপালপুর শহীদ সাগর, দেবোত্তর বাজার, নারুলী, লাহিড়ীর হাট শ্যামপুর, গিরিধারীপুর, পশ্চিম রামচন্দ্রপুর, কাটাখালী, গাইবান্ধা স্টেডিয়াম, ফুলছড়ি ঘাট, অমরখানা, ভজনপুর, তেয়ারীগাঁও, দলদলিয়া, পশ্চিম বোরাগাড়ী, খালিশাপাড়া, বোতলাগাড়ী, বহলা, খুনিয়া দিঘি, আতাইকুলা গ্রাম। চট্টগ্রাম: চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগে মোট ৩১টি বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হবে। এগুলো হচ্ছে—বৈরাগ, বন্দর, নোয়াপাড়া ইউনিয়ন, নাজিরহাট, কাচানঘর, রোসানধিরি, কাঞ্চনগর, লিলাং, মোগলটুলী, নাসিরাবাদ, পাঁচলাইশ, গুনাগরি, বনিগ্রাম, উত্তর হালিশহর, মন্দাকিনী, পূর্ব হিংগুলি, জামালপুর, পৌরসভা, মোহালংগা, পূর্ব মুরাদপুর, গোরামারা, ভবানী মহাদেবপুর মন্দির, রেল কলোনি, দায়াপাড়া, ফয়’স লেক, উত্তর আশরাফপুর হালুয়াপাড়া, ফকিরামুরা প্রভৃতি।সিলেট, খুলনা ও বরিশাল: সিলেট বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জে তিনটি, খুলনা বিভাগের যশোর, ঝিনাইদহ ও বাগেরহাটে আটটি এবং বরিশাল বিভাগের পিরোজপুর ও ভোলায় তিনটি বধ্যভূমি সংরক্ষিত হবে। এগুলো হচ্ছে—সিলেটের বাঁশতলা, টেকেরঘাট, চর নুর আহম্মদ, খুলনার বাঘারপাড়া ইউএনওর বাংলোর পেছনের স্থান, মহিরন কবরস্থান, শাঁখারীকাঠি ও বরিশালের সূর্যমণি স্লুইসগেট, কাচারিউলা ও চরজংলা। এ ব্যাপারে জানতে চাইলে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান প্রথম আলোকে বলেন, বধ্যভূমিগুলো সংরক্ষণের জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করবে। তিনি বলেন, বধ্যভূমি ও শহীদ বেদিগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়কে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করতে হবে। তারা কাজ হাতে নিলে গণপূর্ত অধিদপ্তর নিরবচ্ছিন্নভাবে এগুলোর রক্ষণাবেক্ষণ করবে।