১৭৭টি বিদ্যালয়ে খাওয়ার পানির সংকট
নড়াইল জেলায় ৪৬০টি সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১৭৭টি বিদ্যালয়েই খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই। যে কয়টি বিদ্যালয়ে নলকূপ আছে তার বেশির ভাগ নলকূপের মাথা চুরি হয়ে গেছে অথবা আর্সেনিকে আক্রান্ত হয়ে পানি পানের অযোগ্য হয়ে পড়েছে। সংকট নিরসনে কার্যকর কোনো উদ্যোগ না থাকায় জেলার প্রায় ৬০ হাজার শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে এ তথ্য পাওয়া গেছে।এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অশোক সমাদ্দার বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আংশিক হলেও স্কুল স্যানিটেশন অ্যান্ড হাইজিন এডুকেশন প্রকল্পের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে।সরেজমিন বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, অনেক বিদ্যালয়ে নলকূপ নেই। কোনো কোনো বিদ্যালয়ের নলকূপ সাত থেকে আট বছর ধরে নষ্ট রয়েছে। এ ছাড়া বেশ কিছু নলকূপের মাথা চুরি হয়ে গেছে। ফলে শিক্ষক-শিক্ষার্থীদের স্কুলসংলগ্ন বিভিন্ন বাসাবাড়িতে গিয়ে তৃষ্ণা নিবারণ করতে হচ্ছে।সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহরাব হোসেন জানান, উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ৯৮টি, বেসরকারি (রেজিস্টার্ড) ৬৬টি, কমিউনিটি চারটি এবং কিন্ডারগার্টেন একটি। এর মধ্যে সরকারি ৪০টি ও বেসরকারি ৪৫টি প্রাথমিক বিদ্যালয়ে পানি পানের কোনো সুব্যবস্থা নেই। সদর উপজেলার নলদীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিয় কুমার রায় জানান, চার বছর ধরে বিদ্যালয়ের নলকূপ নষ্ট হয়ে আছে। বেতবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মতিন বলেন, নলকূপের মাথা চুরি হয়ে যাওয়ায় স্কুলের শিক্ষক-শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান বলেন, স্কুলের নলকূপটি আর্সেনিকে আক্রান্ত। ফলে সাত বছর ধরে শিক্ষক-শিক্ষার্থীরা আশপাশের বাসাবাড়ি থেকে পানি পান করছে।লোহাগড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বলেন, উপজেলায় ৯৮টি সরকারি বিদ্যালয়ের মধ্যে ২৯টি এবং ৫৪টি বেসরকারি বিদ্যালয়ের মধ্যে ২৬টিতে পানি পানের কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া দুটি কমিউনিটি এবং চারটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের কোনোটিতেই নলকূপ নেই। ফলে এসব বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা খাওয়ার পানির সংকটে আছে। এ সংকট নিরসনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে এসএসএইচই (স্কুল স্যানিটেশন অ্যান্ড হাইজিন এডুকেশন) প্রকল্পের মাধ্যমে সরকারি বিদ্যালয়ে নয়টি এবং বেসরকারি বিদ্যালয়ে চারটি নলকূপ স্থাপন করা হয়েছে।উপজেলার পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ছাত্রছাত্রীরা আশপাশের বাড়িতে গিয়ে পিপাসা নিবারণ করছে। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী শিরিন বলে, স্কুলে নলকূপ নেই। বাড়ি থেকে পানি আনা লাগে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেক্সনা আক্তার বলেন, নলকূপের জন্য শিক্ষা অফিসে জানানো হয়েছে এবং ইউনিয়ন পরিষদেও আবেদন করা হয়েছে, কিন্তু এখনো নলকূপ পাওয়া যায়নি।আমাদা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাদহ, মহিষাপাড়া চালিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপের মাথা চুরি হয়ে গেছে। মল্লিকপুর বেসরকারি, দোয়া মল্লিকপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো নলকূপ নেই।কালিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আক্তারুজ্জামান বলেন, ‘উপজেলায় ৯০টি সরকারি এবং ৫৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, দুটি কমিউনিটি এবং দুটি কিন্ডারগার্টেন বিদ্যালয় আছে। এর মধ্যে সরকারি ২৪টি ও বেসরকারি ১৩টি বিদ্যালয়ে খাওয়ার পানির কোনো ব্যবস্থা নেই। এ ছাড়া কমিউনিটি ও কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলোতেও কোনো ব্যবস্থা নেই। উপজেলার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জুঁই বলেন, পিপাসা মেটানোর জন্য ছেলেমেয়েরা আশপাশের বাড়ির নলকূপ থেকে পানি সংগ্রহ করে। আবার অনেকে বোতলে করে বাড়ি থেকে পানি নিয়ে আসে।গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপের মাথা চুরি হয়ে গেছে। এ ছাড়া উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নলকূপ সচল থাকলেও বেশির ভাগ নলকূপে পানির সঙ্গে বালু ওঠায় পানি পান করা যায় না। কিছু স্থানে পানির স্তর না পাওয়ায় নলকূপ বসানো যায়নি। আবার কোনো কোনো বিদ্যালয়ে বর্ষাকালে নলকূপে পানি উঠলেও শুকনো মৌসুমে পানি ওঠে না। নড়াইল জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, সুপেয় পানি পানের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর স্কুল স্যানিটেশন অ্যান্ড হাইজিন এডুকেশন প্রকল্পের আওতায় লোহাগড়া উপজেলায় ১৩টি এবং কালিয়া উপজেলার ১৫টি বিদ্যালয়ে নলকূপ বসানোর কাজ করেছে। সদর উপজেলাকে এ প্রকল্পে আওতামুক্ত রাখায় অনেক সমস্যা দেখা দিয়েছে।