১৮ অক্টোবর সাজেদার ব্যাখ্যার তারিখ
জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে তাঁর ব্যাখ্যা দেওয়ার তারিখ ১৮ অক্টোবর ধার্য করা হয়েছে। আজ সোমবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সময় ধার্য করেন।এর আগে সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার বিষয়ে তাঁর লিখিত বক্তব্য জমা দেন আইনজীবী আবদুল বাসেদ মজুমদার। তিনি বলেন, কিসের পরিপ্রেক্ষিতে সাজেদা চৌধুরী ওই বক্তব্য দিয়েছেন, তা লিখিত আকারে উপস্থাপন করা হয়েছে।সাজেদা চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লা। তাঁর আইনজীবী আবদুর রাজ্জাক গত ৫ আগস্ট বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর নজরে আনেন। তখন তিনি ট্রাইব্যুনালে জানান, সাজেদা চৌধুরী বলেছেন, ‘একাত্তরে রাজাকারেরা আইন মেনে নির্যাতন করেনি। কাজেই এত আইন দেখলে হবে না। বসে বসে আইন কপচালে হবে না। আগেই দু-একটাকে ঝুলিয়ে দিলে ওদের আইন কপচানি বন্ধ হবে।’ এ জন্য তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছে।ট্রাইব্যুনাল ২৭ আগস্ট এই আবেদনের ওপর শুনানির তারিখ ধার্য করেন। ওই দিন শুনানিতে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, ২৭ জুলাই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের অনুষ্ঠানে সাজেদা চৌধুরীর দেওয়া বক্তব্য আদালত অবমাননার শামিল।