১৮ উপজেলায় টিকা দেওয়ার উদ্যোগ, মাঠপর্যায়ে পর্যাপ্ত জনবল নেই
অ্যানথ্রাক্স মোকাবিলায় আট জেলার ১৮টি উপজেলার ২৫ লাখ গবাদিপশুকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য এসব উপজেলায় ১৮ লাখ টিকা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। তবে এসব টিকা দেওয়ার জন্য মাঠপর্যায়ে প্রয়োজনীয় জনবল নেই প্রাণিসম্পদ অধিদপ্তরের।বিশেষজ্ঞরা বলছেন, সরকারের এ উদ্যোগ অ্যানথ্রাক্স-সমস্যার আপাতসমাধান। সরকারকে বর্তমান সমস্যা মোকাবিলার পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নিতে হবে। তা না হলে ভবিষ্যতে যেকোনো সময় এর চেয়েও ভয়াবহ আকারে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিতে পারে।সরকারি সূত্র বলছে, এরই মধ্যে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব কমে এসেছে। নতুন করে সংক্রমণের সংখ্যা কম। গত ১৮ আগস্ট অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর এ পর্যন্ত ৫৮৯ জন এ রোগে আক্রান্ত হয়েছে। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয় চারজন। এ রোগে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৭টি গরু ও ৫৬টি ছাগল। অ্যানথ্রাক্সের কারণে গরুর বাজারের মন্দা-পরিস্থিতি এখনো আছে। মানুষ গরুর মাংস, এমনকি দুধ খাওয়াও কমিয়ে দিয়েছে।মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস গত মঙ্গলবার অ্যানথ্রাক্স-সমস্যা মোকাবিলায় গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটির সভাশেষে সাংবাদিকদের বলেন, অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এমন আটটি জেলার ১৮টি উপজেলার সব গরু, ছাগল, ভেড়া ও মোষকে টিকা দেওয়া হবে। ১০ দিনের মধ্যে এ কাজ শেষ হবে। প্রতিবেশী দেশ থেকে ৯ বা ১০টি পথ (করিডর) দিয়ে গরু বা মোষ এ দেশে আসে। কোরবানির আগে এসব পথ দিয়ে আসা সব গরু বা মোষের স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নিয়েছে সরকার। এ ছাড়া রাজধানী ও দেশের অন্যান্য এলাকার কোরবানির হাট পর্যবেক্ষণ করবেন স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং স্বরাষ্ট্র ও পরিবেশ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।বাংলাদেশ পরিবেশ আন্দোলনের পরিবেশ ও স্বাস্থ্য কর্মসূচির আহ্বায়ক এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণাকেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী এস কে রায় প্রথম আলোকে বলেন, পশুসম্পদকে হুমকির মুখ থেকে বাঁচাতে এখন জনসচেতনতা বাড়ানো সবচেয়ে জরুরি। এ কাজে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করা দরকার। পাশাপাশি গণমাধ্যমে প্রচার চালানো দরকার।মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওই ১৮টি উপজেলায় গবাদিপশুর সংখ্যা ২৫ লাখের মতো। এসব উপজেলায় এরই মধ্যে ১৮ লাখ টিকা পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে।প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলী বলেন, টিকার পর্যাপ্ত মজুদ আছে। এর পরও যদি কোনো জেলায় হঠাৎ প্রাদুর্ভাব দেখা দেয়, তা মোকাবিলার প্রস্তুতি সরকারের আছে।পর্যাপ্ত জনবল নেই: সরকার ১৮ উপজেলার সব গবাদিপশুকে টিকা দেওয়ার উদ্যোগ নিলেও অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন, মাঠ পর্যায়ে টিকা দেওয়ার মতো প্রয়োজনীয় জনবল তাঁদের নেই। এ জন্য স্বাস্থ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং এনজিওগুলোর মাঠ পর্যায়ের কর্মীদের সহায়তা নিতে হবে। এ ক্ষেত্রে সমন্বয় কীভাবে হবে, সে কর্মপরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি।সূত্র জানায়, গত জুলাই থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ১৮ লাখ টিকা বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। গত মঙ্গলবার পর্যন্ত কেন্দ্রীয়ভাবে মজুদ ছিল ৫০ হাজার টিকা। সরকারিভাবে দৈনিক ৮০ হাজার থেকে এক লাখ টিকা উৎপাদিত হয়।জানা যায়, প্রতি জেলায় সরকারি পশু হাসপাতালে একজন করে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তার (ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসার) পদ থাকলেও এসব পদ শূন্য। প্রতিটি পশু হাসপাতালে একজন প্রাণিচিকিৎসক থাকার কথা থাকলেও ৩০টি হাসপাতালে এই পদ শূন্য। মাঠ পর্যায়েও জনবল-সংকট প্রবল। অধিদপ্তর সূত্র জানায়, সারা দেশে কর্মকর্তা ও মাঠকর্মীর এক হাজার ২৫২টি পদ শূন্য রয়েছে। এর মধ্যে শুধু চিকিৎসকের পদই খালি আছে ৪৩১টি।এস কে রায় বলেন, এসব শূন্য পদে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি জেলা পর্যায়ে পশুস্বাস্থ্য পরীক্ষার জন্য প্রয়োজনীয় পরীক্ষাগার স্থাপন, জনবল নিয়োগ ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।সংশ্লিষ্ট সূত্র জানায়, অ্যানথ্রাক্স মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরির প্রাথমিক উদ্যোগ নিয়েছে সরকার। স্টিয়ারিং কমিটি তৈরির পাশাপাশি মন্ত্রণালয় পাঁচ সদস্যের কারিগরি কমিটি গঠন করেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, কারিগরি কমিটির সুপারিশের ভিত্তিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি হবে। তবে এ জন্য কমপক্ষে এক বছর সময় লাগবে।অ্যানথ্রাক্স ছিল, থাকবে: সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান প্রথম আলোকে বলেন, অ্যানথ্রাক্স বাংলাদেশের গবাদিপশুর জন্য নতুন কোনো রোগ নয়। তড়কা নামের এ রোগ যুগ যুগ ধরে গ্রামে-গঞ্জে ছিল। তিনি বলেন, মাটির নিচে এই রোগের জীবাণু বেঁচে থাকে অনেকটা সুপ্ত অবস্থায়। পানি বা উদ্ভিদের মাধ্যমে তৃণভোজী প্রাণীর (গরু, মোষ, ভেড়া, ছাগল ইত্যাদি) দেহে প্রবেশের পর জীবাণু সক্রিয় হয়ে ওঠে।আইসিডিডিআরবি সূত্র জানায়, ২০০৯ সালের আগস্ট ও সেপ্টেম্বরেও অ্যানথ্রাক্সের তিনটি প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। এ সময় ৩৪টি গরু ও ছয়টি ছাগল আক্রান্ত হয়েছিল। ৫৫ জন মানুষের মধ্যে এই রোগের সংক্রমণ শনাক্ত হয়েছিল। যেসব এলাকায় গবাদিপশুর সংখ্যা বেশি, সেসব এলাকার মাটিতে এ রোগের জীবাণু বেশি থাকে। আইইডিসিআর সূত্র জানায়, গত বছরের আগস্ট থেকে এ বছরের ১৭ আগস্ট পর্যন্ত মোট সাতবার এ রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে।বিশেষজ্ঞরা বলেন, সরকার এ পর্যন্ত যেসব পদক্ষেপ নিয়েছে, তা আপাতসমাধান। দীর্ঘমেয়াদি সমাধানের জন্য শূন্য পদগুলো পূরণ, জনবলকে প্রশিক্ষণ দিতে হবে, জেলা পর্যায়ে পশুস্বাস্থ্য পরীক্ষার অবকাঠামো তৈরি এবং সারা দেশকে নিয়মিত টিকা কর্মসূচির আওতায় নিতে হবে।এ প্রসঙ্গে মাহমুদুর রহমান বলেন, সারা দেশেই অ্যানথ্রাক্সের জীবাণু থাকার আশঙ্কা রয়েছে। অ্যানথ্রাক্স নির্মূল করা প্রায় অসম্ভব। তবে এর প্রাদুর্ভাব কমানো কঠিন নয়। এ জন্য চার থেকে পাঁচ বছর পর পর সারা দেশের গবাদিপশুকে সর্বজনীন টিকা কর্মসূচির আওতায় আনতে হবে।দরকার সঠিক তথ্য: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, সারা দেশে গরুর মাংস বিক্রি ও খাওয়া কমে গেছে মূলত ভয় থেকে। এ ভুল ধারণা দূর করার দায়িত্ব সরকার, গণমাধ্যম সবার। তিনি বলেন, অ্যানথ্রাক্স-আক্রান্ত গরুর মাংস খেলেই কেবল অ্যানথ্রাক্স হতে পারে। মাছ, পাখি এদের অ্যানথ্রাক্স হবে না। এই বার্তা দেশের সবার কাছে পৌঁছানো দরকার।মাহমুদুর রহমান বলেন, মানুষ থেকে মানুষে অ্যানথ্রাক্স ছড়ায় না। মানুষের ত্বকে এ রোগ হয় এবং চিকিৎসা করালেই তা ভালো হয়ে যায়। দেশে এ রোগের চিকিৎসা ও পর্যাপ্ত ওষুধও আছে। তিনি জানান, এ বিষয়ে সরকারি চিকিৎসকদের আরও দক্ষ ও সচেতন করতে সব জেলার সিভিল সার্জনদের গতকাল বুধবার প্রশিক্ষণ শুরু হয়েছে।প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অ্যানথ্রাক্স-আত্রান্ত গরুর শরীরে ১০৭ ডিগ্রি পর্যন্ত তাপ ওঠে। গরুর কাঁপুনি হয়, নাক-মুখ দিয়ে রক্ত পড়ে এবং গরু দাঁড়িয়ে থাকতে পারে না। এসব লক্ষণ দেখা দিলে সেই গরু জবাই করা যাবে না। সেসব গরুর মৃতদেহ কমপক্ষে ছয় ফুট মাটির নিচে পুঁতে ফেলতে হবে।মাহমুদুর রহমান বলেন, অসুস্থ গবাদিপশু জবাই করা এবং এর মাংস খাওয়া যাবে না। এমনকি অসুস্থ পশুর লালা বা গোবর যেন হাতে বা শরীরে না লাগে, সে ব্যাপারেও সচেতন থাকতে হবে।এস কে রায় বলেন, সরকারের উচিত এ ব্যাপারে মানুষকে সচেতন করতে সারা দেশে পোস্টার-লিফলেট বিলি করা। পাশাপাশি করণীয় বিষয়ে গণমাধ্যমে প্রচারের ব্যবস্থা করা।