১৮ কর্মকর্তার প্রতি নজরদারির নির্দেশ, পুলিশে ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক উপ-মহাপরিদর্শক (ডিআইজি), চার পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের ২৪ জন কর্মকর্তাকে প্রত্যাহার এবং তাঁদের মধ্যে ১৭ জন ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ১৮ জন কর্মকর্তার ওপর নজরদারি করার আদেশ নিয়ে পুলিশ প্রশাসনে তোলপাড় চলছে। ফলে সাত দিনেও ওই আদেশ কার্যকর হয়নি।নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একাধিক পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, কারা, কিসের ভিত্তিতে এ তালিকা তৈরি করেছে, পুলিশ সদর দপ্তর তার কিছুই জানে না। মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা এ নিয়ে ক্ষুব্ধ হয়েছেন। এ কারণে প্রত্যাহারের আদেশ মৌখিকভাবে প্রথমে কর্মকর্তাদের জানানো হলেও পরে ফোন করে সবাইকে নিজ নিজ অবস্থানে থাকতে বলা হয়। এখন পুলিশ দপ্তর বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছে।তবে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর প্রথম আলোকে বলেন, এটা বিভাগীয় ব্যাপার। প্রচলিত বিধি অনুসারেই ব্যবস্থা নেওয়া হয়েছে।২৪ কর্মকর্তাকে প্রত্যাহারের কারণ সম্পর্কে ওই চিঠিতে কিছু বলা হয়নি। সদর দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারাও এ বিষয়ে কিছু জানাতে পারেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পদস্থ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা শুনেছেন সারা দেশে জামায়াত-শিবিরের তাণ্ডবের পর যাঁরা পরিস্থিতি মোকাবিলায় ব্যর্থ হয়েছেন, তাঁদের তালিকা করা হয়েছে। কিন্তু যেখানে কোনো সহিংস ঘটনা ঘটেনি, সেখানকার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, ‘এ তালিকা করেছে মন্ত্রণালয়। আমরা কিছুই জানি না।’তবে পুলিশ প্রবিধান অনুযায়ী, কোনো ব্যবস্থা নিতে হলে আইজিপির মাধ্যমে নিতে হয়।মন্ত্রণালয় সূত্র জানায়, ২৪ মার্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দুটি চিঠিতে ২৪ জন কর্মকর্তার তালিকা দিয়ে তাঁদের প্রত্যাহার করার আদেশ দেওয়া হয়। এর মধ্যে ১৮ কর্মকর্তার কার্যকলাপ নজরদারিতে রাখতে বলা হয়। ২৪ কর্মকর্তার মধ্যে আছেন একজন ডিআইজি, চারজন পুলিশ সুপার ও একজন সহকারী পুলিশ সুপার, ১৭ জন ওসি ও একজন উপপরিদর্শক। মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, কর্মকর্তাদের মধ্যে খুলনা অঞ্চলের ডিআইজি মেজবাহউদ্দিনকে পুলিশ সদর দপ্তরে, দিনাজপুরের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্যকে রংপুর রেঞ্জে, খুলনা মহানগরের উপকমিশনার শওকত হোসেনকে ঢাকা রেঞ্জে, গাইবান্ধার পুলিশ সুপার নাহিদুল ইসলামকে রাজশাহী রেঞ্জে, সাতক্ষীরার পুলিশ সুপারকে বরিশাল রেঞ্জে ও চট্টগ্রামের সাতকানিয়ার সহকারী পুলিশ সুপার রুহুল আমিনকে রাজশাহী রেঞ্জে সংযুক্ত করতে হবে। তবে গতকাল ওই সব কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, তাঁরা আগের জায়গায় আছেন।খুলনার ডিআইজি মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, পুলিশ সদর দপ্তর থেকে আর কোনো নির্দেশ না দেওয়ার কারণে তাঁরা আগের অবস্থানেই আছেন। দিনাজপুরের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্যও একই কথা বলেন।মন্ত্রণালয়ের আরেকটি চিঠিতে বলা হয়, ১৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করার জন্য মন্ত্রণালয় থেকে অভিযোগ সদর দপ্তরে পাঠানো হবে। প্রত্যাহার করার পর তাঁদের কার্যকলাপ ও চলাফেরা নজরদারিতে রাখতে হবে।পুলিশের সাবেক মহাপরিদর্শক এএসএম শাহজাহান এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, কোন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কীভাবে ব্যবস্থা নিতে হবে, তা পুলিশ প্রবিধানে স্পষ্ট করে বলা আছে। সেটা না মানা হঠকারিতা। এতে বাহিনীর মনোবল ভেঙে যাবে। যে ১৮ জনকে নজরদারিতে রাখতে বলা হয়েছে তাঁরা হলেন গাইবান্ধার পলাশবাড়ী থানার ওসি আবদুস সাত্তার, সুন্দরগঞ্জ থানার ওসি মঞ্জুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি গোলাম মর্তুজা, নোয়াখালীর বেগমগঞ্জ থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম, চট্টগ্রামের বাঁশখালী খানার ওসি আবদুস সবুর, ওই থানার এসআই কামাল হোসেন, সাতকানিয়া থানার ওসি ইসমাইল, সাতক্ষীরা সদরের ওসি গাজী ইব্রাহিম, কলারোয়া থানার ওসি সিকদার আক্কাস আলী, দিনাজপুরের চিরিরবন্দর থানার ওসি তরিকুল ইসলাম, নওগাঁর মহাদেবপুর থানার ওসি আবদুর রশিদ, বাগেরহাট সদর থানার ওসি মিজানুর রহমান, খুলনা সদর থানার ওসি শাহাবুদ্দিন, দাকোপ থানার ওসি আহম্মেদ কবির, বটিয়াঘাটা থানার ওসি ফজলুর রহমান, কক্সবাজারের রামু থানার ওসি গাজী সাখাওয়াত হোসেন, টেকনাফ থানার ওসি মো. ফরহাদ ও কুতুবদিয়া থানার ওসি শাহজাহান। তবে কুতুবদিয়ায় খোঁজ করে জানা গেছে, এ নামে সেখানে কোনো ওসি নেই।যোগাযোগ করা হলে রামু থানার ওসি বলেন, ‘আমার এলাকায় কোনো ঘটনাই ঘটেনি। কেন আমাকে নজরদারির মধ্যে রাখা হবে, তা জানি না।’মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, খুলনার তিন থানায় কোনো ঘটনা ঘটেনি। তার পরও সেখানকার ওসিদের প্রত্যাহার করা হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য বলেন, সেখানে কোনো কিছুই ঘটেনি। তার পরও তাঁকে প্রত্যাহার করার কথা বলা হয়েছে।মাঠপর্যায়ের পুলিশের কয়েকজন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক সময়ে শীর্ষ সন্ত্রাসী বিকাশের মুক্তি, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কৌশল নির্ধারণ, পুলিশের পদায়ন, পদোন্নতি, পদমর্যাদাসহ বেশ কিছু বিষয় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পুলিশ সদর দপ্তরের টানাপোড়েন চলছিল। এখন দূরত্ব আরও বেড়ে গেল বলে মনে করেন তাঁরা।জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেন, ‘মন্ত্রণালয়ের চিঠি এসেছে। কিন্তু কী করা হবে, তা নিয়ে আমরা ভাবছি।’