১৮ জুলাই চট্টগ্রামের মেয়রের শপথ গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র মোহাম্মদ মনজুর আলম ১৮ জুলাই এবং কাউন্সিলররা পরের দিন ১৯ জুলাই শপথ নেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনজুর আলমকে ঢাকায় শপথ পাঠ করাবেন। আর চট্টগ্রামে কাউন্সিলরদের শপথ পাঠ করাবেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। নির্বাচন অনুষ্ঠানের প্রায় এক মাস পর এই শপথ অনুষ্ঠান হচ্ছে।বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আজ সোমবার সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের টেলিফোন করে শপথ অনুষ্ঠানের এ তথ্য জানানো হয়। পরে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নবনির্বাচিত মেয়র এবং ৫৫ জন কাউন্সিলরকে টেলিফোনে শপথ অনুষ্ঠানের বিষয়টি অবহিত করেন।মেয়র মনজুর আলম শপথ গ্রহণের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ‘১৮ জুলাই সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমাকে বলা হয়েছে।’ তিনি বলেন, পরের দিন চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে কাউন্সিলররা শপথ নেবেন।চট্টগ্রাম সিটি করপোরেশনের সচিব মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আজ সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ বিয়ষটি টেলিফোনে আমাদের জানানো হয়েছে। আমরা সংশ্লিষ্টদের বিষয়টি জানিয়ে দিয়েছি।’সিটি করপোরেশন আইন অনুযায়ী নির্বাচন শেষে গেজেট প্রকাশের পরবর্তী এক মাসের মধ্যেই মেয়র ও কাউন্সিলরদের শপথ করানোর বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচনে বিজয়ীদের ব্যাপারে গেজেট প্রকাশ করা হয় গত ২১ জুন। গত ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে তিনবারের নির্বাচিত মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রায় ৯৬ হাজার ভোটে হারিয়ে মোহাম্মদ মনজুর আলম নতুন মেয়র নির্বাচিত হন।