১৮ জুলাইয়ের মধ্যে কায়সারের তদন্তের অগ্রগতি প্রতিবেদন
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের ব্যাপারে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ১৮ জুলাইয়ের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ সোমবার রাষ্ট্রপক্ষকে এ নির্দেশ দেন।ট্রাইব্যুনাল তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সৈয়দ মো. কায়সারকে আটক রাখার নির্দেশ দিয়েছেন। বর্তমানে তিনি গ্রেপ্তার আছেন।ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে, কায়সারের বাবা সৈয়দ সাঈদ উদ্দিন আহমেদ ১৯৬২ সালে সিলেট-৭ আসন থেকে কনভেনশন মুসলিম লীগের সাংসদ নির্বাচিত হয়েছিলেন। কায়সারের মামা হাজি রশিদ মঞ্জুর আলীও একই দল থেকে একই বছর কুমিল্লা-১ আসনে সাংসদ নির্বাচিত হন। তাঁর বাবা মুক্তিযুদ্ধের শুরুতেই পাকিস্তানি সেনাদের গুপ্তচর চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মুক্তিযোদ্ধারা তাঁকে গ্রেপ্তার করে আগরতলায় আটকে রাখেন। কিন্তু সাঈদ উদ্দিনের ভাগনে ও সত্তরের নির্বাচনে আওয়ামী লীগের সাংসদ মানিক চৌধুরী তাঁকে ছাড়িয়ে আনেন। পরে দেশে ফিরেই তিনি ও তাঁর ছেলে মিলে স্বাধীনতাবিরোধী কাজ শুরু করেন। ওই সময় কায়সার বাহিনী গঠন করেন।একাত্তরের ১৬ ডিসেম্বরের পরে বাংলাদেশ থেকে কায়সার পালিয়ে লন্ডনে যান। পঁচাত্তরে রাজনৈতিক পটপরিবর্তন হলে আবার দেশে ফিরে ১৯৭৯ সালে বিএনপি থেকে মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ প্রার্থী মাওলানা আসাদ আলীকে পরাজিত করে সিলেট-৭ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দিলে ওই সময় বিএনপি হবিগঞ্জের সভাপতি হন।জিয়াউর রহমানের মৃত্যুর পরে বিএনপি ভেঙে গেলে বিএনপিতে শাহ আজীজুর রহমানের নেতৃত্বাধীন দলের যুগ্ম মহাসচিব হন। এরপর এরশাদ ক্ষমতায় এলে কায়সার হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি হন। ১৯৮৬ ও ১৯৮৮ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে হবিগঞ্জ-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হন। এ সময় প্রথমে তিনি জাতীয় পার্টির হুইপ এবং পরে ’৮৯ সালে কৃষি প্রতিমন্ত্রী হন। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে পরাজিত হন।