জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধ এবং আগুনে ১১১ জন পোশাককর্মী নিহত হওয়ার ঘটনায় তাজরীন ফ্যাশনসের মালিককে গ্রেপ্তারসহ বিভিন্ন দাবিতে ১৮ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে সিপিবি ও বাসদ। একই দিন সাত দফা দাবিতে হরতাল ডেকেছে গণতান্ত্রিক বাম মোর্চা।বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) গতকাল শুক্রবার সকালে সংবাদ সম্মেলন ডেকে এই হরতাল কর্মসূচি ঘোষণা করে।পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান। তাঁরা বলেন, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করা ও রায় কার্যকর করা, তাজরীন ফ্যাশনসে আগুনে শতাধিক কর্মীর নিহত হওয়ার ঘটনায় দায়ী প্রতিষ্ঠানের মালিক ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করে বিচার এবং গ্যাস, বিদ্যুৎ, গাড়িভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিতে এই হরতাল পালন করা হবে।প্রশ্নের জবাবে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হলে এরা গোপন অবস্থানে থেকে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাবে, এটা ভাবার কারণ নেই। জার্মানিতেও নাজি দলটি নিষিদ্ধ করা হয়। তা ছাড়া জামায়াত তো নিষিদ্ধই ছিল। এদের রাজনীতিকে প্রথমে বৈধ করেছেন জিয়াউর রহমান, পরে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে শেখ হাসিনা।অন্যদিকে সাতটি বাম দলের সমন্বয়ে গঠিত গণতান্ত্রিক বাম মোর্চা গতকাল এক জরুরি সভায় সাত দফা দাবিতে ১৮ ডিসেম্বর দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালনের সিদ্ধান্ত নেয়। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তারা কর্মসূচি ঘোষণা করে। তাদের সাত দফা দাবি হলো: ১. অতিসত্বর বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাতিল; ২. শ্রমিক হত্যার জন্য দায়ী মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের গ্রেপ্তার এবং গার্মেন্টসসহ সব কর্মস্থলে নিরাপদ ও স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত; ৩. যুদ্ধাপরাধীদের বিচার, রাজনীতিতে ধর্মের ব্যবহার বন্ধ এবং রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা; ৪. বাড়িভাড়া, পরিবহনব্যয় হ্রাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ; ৫. লুটেরা, সম্পদ পাচারকারী, দুর্নীতিবাজ ও গণশত্রুদের বিচার; ৬. সীমান্ত হত্যা বন্ধ এবং ৭. রামপালের বিদ্যুৎ প্রকল্প বাতিল এবং ফুলবাড়ীর জনগণের সঙ্গে সম্পাদিত ছয় দফা চুক্তি অবিলম্বে বাস্তবায়ন করা।