১৮-দলীয় জোট ও বাম দলগুলোর হরতাল ২ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২ মে সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। সাভারে ভবনধসের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া ও সরকারের ব্যর্থতার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়েছে।গতকাল শনিবার রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটি ও ১৮-দলীয় জোটের নেতাদের পৃথক বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ এক সংবাদ বিফ্রিংয়ে জোটের পক্ষ থেকে এ ঘোষণা দেন।সাভারের ঘটনাসহ প্রায় একই দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এবং গণতান্ত্রিক বাম মোর্চাও ওই দিন হরতালের ডাক দিয়েছে। বামপন্থী এ দুটি জোট গতকাল পৃথক সংবাদ সম্মেলন করে এ হরতালের ডাক দেয়।ব্রিফিংয়ে মওদুদ আহমদ জানান, রানা প্লাজা ধসে পড়ার প্রতিবাদে ৩০ এপ্রিল শোক দিবস পালন করবে ১৮-দলীয় জোট। ওই দিন শোক ৎলিও বের করবে তারা। এ ছাড়া ৪ মে ঢাকায় একটি জনসভা করবে জোট। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।এদিকে পুরানা পল্টনের মুক্তি ভবনে সকালে সিপিবি-বাসদের সংবাদ সম্মেলনে সাভারে শ্রমিক হত্যার জন্য দায়ী ভবনমালিক, পোশাক কারখানার মালিক ও সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়াসহ বিভিন্ন দাবিতে হরতালের ডাক দেওয়া হয়। সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, দলের কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ বজলুর রশিদ ফিরোজ উপস্থিত ছিলেন।গণতান্ত্রিক বাম মোর্চার সংবাদ সম্মেলন হয় তোপখানা রোডের অস্থায়ী কার্যালয়ে। সংবাদ সম্মেলন থেকে রানা প্লাজা, তাজরীন, স্পেকট্রামসহ এ পর্যন্ত ভবনধস ও অগ্নিকাণ্ডের জন্য দায়ী সব মালিক, ব্যবস্থাপক, ভবন পরিকল্পনাকারী ও অনুমোদনকারীর বিচারের দাবি জানানো হয়।এতে লিখিত বক্তব্য পড়ে শোনান বাম মোর্চার সমন্বয়ক মোশরেফা মিশু। উপস্থিত ছিলেন মোর্চার নেতা জোনায়েদ সাকি, মোশাররফ হোসেন প্রমুখ।