১৮ দলীয় জোট কাগজে আছে, মাঠে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট দেড় মাসব্যাপী কর্মসূচি পালন করছে। দাবির সমর্থনে জনমত গঠনে জোটটি ৭৪টি সাংগঠনিক জেলায় সফর শুরু করেছে। কিন্তু এসব কর্মসূচিতে জোটের শরিক বেশির ভাগ দলের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জোটের একাধিক নেতা জানান, কেবল কাগজপত্রেই ১৮ দলীয় জোট আছে। বাস্তবে ঢাকার সভা-সমাবেশে ছোটখাটো দলগুলোর দু-একজন করে নেতার উপস্থিতি থাকলেও, ঢাকার বাইরে কার্যত ১৮ দল বলে কিছু নেই। গত ৭ সেপ্টেম্বর থেকে বিএনপির কেন্দ্রীয় নেতাদের তত্ত্বাবধানে জোটের ২৭টি দলে জেলা সফর কর্মসূচি শুরু হয়েছে। বিএনপি দপ্তর থেকে পাওয়া সফরসূচিতে দেখা যায়, বেশির ভাগ সফর কর্মসূচিতে বিএনপিসহ ছয় থেকে আটটি দলের নেতারা আছেন। সর্বোচ্চ ১৩টি দলের নাম পাওয়া গেছে চট্টগ্রাম মহানগরের সফরসূচিতে। এর মধ্যে দুই শরিক ডেমোক্রেটিক লীগ ও জমিয়তে উলামায়ে ইসলামের নাম পাওয়া যায়নি কোনো তালিকায়। জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দাবি করেন, সব শরিকই কর্মসূচিতে আছে। কিন্তু বাস্তবে জেলা পর্যায়ের কর্মসূচিতে বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী ঐক্যজোট ছাড়া বাকি দলগুলোর কার্যকর কোনো অংশগ্রহণ ছিল না। এর মধ্যে আটটি শরিক দলের নির্বাচন কমিশনে নিবন্ধনও নেই।গত বছরের ১৮ এপ্রিল চারদলীয় জোট সম্প্রসারণ করে আনুষ্ঠানিকভাবে ১৮ দলীয় জোট গঠন করা হয়। এর মধ্যে বিএনপি, জামায়াত, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), খেলাফত মজলিস চারদলীয় জোটের পুরোনো শরিক।জেলা সফরে অংশ নেওয়া একাধিক নেতা জানান, পুরোনো শরিকেরা ছাড়া জেলা পর্যায়ের কর্মসূচিতে পাঁচ-ছয়টি দলের হাতেগোনা কয়েকজন নেতার সক্রিয় অংশগ্রহণ আছে। তা-ও যার যার এলাকা কেন্দ্রিক। এর মধ্যে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাপ ও কল্যাণ পার্টি উল্লেখযোগ্য। এ দলগুলোর নিবন্ধন আছে। নিবন্ধনবিহীন জোটের আট শরিক দলের একটি হচ্ছে পিপলস পার্টি। এর চেয়ারম্যান হলেন গরীব নেওয়াজ। জেলা সফরের ২৭টি অঞ্চলের তালিকা ঘেটে তাঁর নাম পাওয়া গেছে দুটিতে। আর, তাঁর দলের নেতাদের নাম আছে ১৪টিতে। তবে এ পর্যন্ত একটিতেও অংশ নিতে পারেননি বলে জানান তিনি।কয়টি জেলায় পিপলস পার্টির কমিটি আছে, এ প্রশ্নের জবাবে গরীব নেওয়াজ দাবি করেন, ‘৫০টির মতো সেট হয়ে গেছে। বাকিগুলো প্রসেসে আছে।’সমন্বয় নেই: ১৮ দলের জেলা সফর কর্মসূচির আরেকটি লক্ষ্য হলো, এর মাধ্যমে বিএনপির সঙ্গে শরিক দলগুলোর জেলা পর্যায়ে বোঝাপড়া মজবুত করা। যাতে সামনে আন্দোলন-সংগ্রামে পারস্পরিক সমন্বয় থাকে।জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোটসহ চারটি শরিক দলের নেতারা জানান, ঢাকায় ১৮ দলের যতটা সমন্বয় আছে, বিভাগীয় পর্যায়ে ততটা নেই। জেলায় আরও কম। উপজেলা পর্যায়ে একেবারেই নেই।বাংলাদেশ ন্যাপের সাংগঠনিক সম্পাদক শহিদুল নবী জানান, গত ১৫ সেপ্টেম্বর বরিশাল মহানগর উত্তর ও দক্ষিণের জোটের কর্মিসভায় জামায়াত ছাড়া অন্য শরিকদের ঢুকতেই দেওয়া হয়নি। অবশ্য, পরদিন জনসভায় শরিকদের বক্তৃতা করার সুযোগ দেওয়া হয়।আর, ৩ অক্টোবর পিরোজপুরের সমাবেশে জামায়াতসহ শরিকরা ঢুকতেই পারেনি বলে জানা গেছে। নেতাকেন্দ্রিক স্লোগানে চাপা পড়ছে মূল দাবি: নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পক্ষে জনমত বৃদ্ধি ও দাবি আদায়ে জোরালো আন্দোলনের জন্য কর্মীদের উজ্জীবিত কররা জেলাভিত্তিক কর্মসূচির মূল লক্ষ্য। কিন্তু বেশির ভাগ কর্মসূচিতেই নেতা বা ব্যক্তিকেন্দ্রিক বক্তৃতা-স্লোগানে মূল দাবি চাপা পড়ে যাচ্ছে বলে অভিযোগ আছে।গত ৩০ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে অনুষ্ঠিত ১৮ দলের জনসভায় বিএনপির নেতা তৈমুর আলম খন্দকার, কাজী মনিরুজ্জামান, বদরুজ্জামান খসরু ও দীর্ঘদিন বিদেশে পলাতক সাবেক ছাত্রদল নেতা জাকির খানের ছবি-সংবলিত পোস্টারের ছড়াছড়ি ছিল। স্লোগান ছিল এই চারজনের নামে। শরিক দলের একাধিক নেতা জানান, ঢাকার বাইরে এ পর্যন্ত অনুষ্ঠিত প্রায় সবগুলো কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নামে স্লোগানে মুখর ছিল কর্মীরা। আন্দোলনের চেয়ে আগামী নির্বাচনে স্ব স্ব নেতাদের মনোনয়ন নিয়ে কর্মীদের উৎসাহ বেশি দেখা যায়। ব্যক্তিকেন্দ্রিক স্লোগান, পাল্টা স্লোগানের কারণে চাঁদপুর ও কিশোরগঞ্জে বিএনপির দুই পক্ষের মধ্যে মারামারির উপক্রম হয়েছিল। কেন্দ্রীয় নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।তবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নেতাকেন্দ্রিক স্লোগান বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি, এ থেকে নেতা-কর্মীদের নিবৃত্ত করতে।’এ ছাড়া সফরসূচির তালিকায় নেতাদের জ্যেষ্ঠতা ও দলের সাংগঠনিক শক্তি বিবেচনা না করায় অসন্তোষের কথা জানান কয়েকজন নেতা। ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত ১৮ সেপ্টেম্বর চাঁদপুরের জনসভায় আমাকে দিয়েই বক্তৃতা শুরু করা হয়। অথচ বিএনপির অন্তত ২০ জন স্থানীয় নেতার বক্তৃতার পর অনেক ছোট দলের নেতাকে বক্তৃতা করতে দেওয়া হয়। এতে আমাদের বিব্রতকর অবস্থায় পড়তে হয়।’ জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জেলা পর্যায়ে জোটের কর্মসূচি কেবল শুরু হলো। এতে প্রথম দিকে কোথাও সমস্যা হতে পারে। তবে কোনো অসন্তোষ নেই।