১৮-দলীয় জোটের শান্তিপূর্ণ গণমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে শান্তিপূর্ণভাবেই গণমিছিল কর্মসূচি পালন করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা, গ্রেপ্তার ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আজ বুধবার পূর্বঘোষিত এই কর্মসূচি পালন করে জোট।নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গণমিছিল শুরু হয়। মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয় মিছিল। এতে বিরোধী জোটের কয়েক হাজার নেতা-কর্মী অংশ নেন। কর্মসূচি চলাকালে নয়াপল্টন থেকে মগবাজার পর্যন্ত বিভিন্ন মোড়ে পুলিশ ও র্যাবের সদস্য মোতায়েন করা হয়। ১৮-দলীয় জোটের এই কর্মসূচির কারণে বেলা তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ফকিরাপুল থেকে মগবাজার পর্যন্ত রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়। এতে চাপ পড়ে আশপাশের এলাকার রাস্তায়। প্রায় পুরো শহরেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। ফলে নগরবাসীকে কর্মক্ষেত্র থেকে ঘরে ফেরার সময় বাড়তি ভোগান্তিতে পড়তে হয়।গণমিছিলে যোগ দিতে দুপুরের পর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতা-কর্মীরা। একপর্যায়ে বিজয়নগর, নয়াপল্টন, ফকিরেরপুল পর্যন্ত রাস্তা নেতা-কর্মীদের দখলে চলে যায়। বিভিন্ন ব্যানার-ফেস্টুন, সরকারবিরোধী ব্যঙ্গচিত্র নিয়ে কর্মসূচিতে যোগ দেন তাঁরা। বিকেল পৌনে চারটার দিকে মিছিল শুরু হয়।মিছিল শুরু হওয়ার পরপরই নাইটিঙ্গেল মোড়ের আগে মিছিলে বিশৃঙ্খলা তৈরি হয়। হঠাত্ করেই দিগ্বিদিক ছুটতে শুরু করেন কিছু নেতা-কর্মী। এতে কয়েকজন সামান্য আহত হন। প্রত্যক্ষদর্শী ছাত্রদলের কয়েকজন কর্মী জানান, মিছিল শুরুর পরপরই ওই এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুন ছিটকে পড়ে এবং বিকট আওয়াজ হয়। এতে আতঙ্কিত হয়ে অনেকে ছোটাছুটি শুরু করেন।মিছিলে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাইরে ১৮-দলীয় জোটের শরিক দলগুলোর মধ্যে জামায়াত ও এর ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।গণমিছিল শুরু হওয়ার আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘বিশ্বব্যাংকের প্রতিনিধিদল এসেছে আমাদের দেশের দুর্নীতি পর্যবেক্ষণ করার জন্য। এটি দেশের জন্য লজ্জাজনক। তারা আবারও ডিসেম্বর নাগাদ হয়তো আসবে। এর মধ্যে তারা বুঝতে পারবে দুর্নীতি দমন কমিশন নিরপেক্ষ নয়। সরকারের আদেশেই এই কমিশন কাজ করছে। তখন বিশ্বব্যাংক হয়তো আবার ফিরে যাবে। এ ক্ষেত্রে অর্থায়নের সম্ভাবনা আমরা ক্ষীণ বলেই মনে করছি।’ গণমাধ্যমের ওপর সরকার আবার আঘাত শুরু করেছে মন্তব্য করে মওদুদ বলেন, সরকার আস্তে আস্তে আবার ’৭৫-এর দিকে চলে যাচ্ছে। কিন্তু কোনো ধরনের নিয়ন্ত্রণ জনগণ মেনে নেবে না। ব্যর্থতার ভারেই এ সরকারের পতন হবে বলে তিনি মন্তব্য করেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে মওদুদ বলেন, নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।মিছিলে বিএনপির নেতাদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, এম কে আনোয়ার, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, ঢাকা মহানগর বিএনপির সভাপতি সাদেক হোসেন খোকা, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জামায়াতের নেতা মুজিবর রহমান, মিয়া গোলাম পরোয়ার, হামিদুর রহমান আজাদ, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামীসহ ১৮-দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।