১৮ দলীয় জোটের সমাবেশ আজ, বাধা দিলে হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ কর্মসূচি রয়েছে। কেন্দ্রীয়ভাবে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা তিনটায় সমাবেশ অনুষ্ঠিত হবে।‘আওয়ামী সরকারের পুলিশ, র‌্যাব ও তাদের সহায়তায় সশস্ত্র যুবলীগ-ছাত্রলীগের ক্যাডারদের নির্বিচার গণহত্যা এবং বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেপ্তার, মামলা, হামলা ও তাঁদের ওপর নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে’ ১৮ দলীয় জোট এই কর্মসূচি ঘোষণা করে। আজকের সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামীসহ জোটের অন্য শরিক দলের নেতারা বক্তব্য দেবেন।বিএনপির একটি সূত্র জানিয়েছে, আজকের সমাবেশে বাধা দিলে হরতাল দেওয়া হতে পারে। এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত আছে।জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সাদেক হোসেন খোকা প্রথম আলোকে বলেন, বিক্ষোভ সমাবেশ একটি শান্তিপূর্ণ কর্মসূচি। এটা করতে দেওয়া সরকারের গণতান্ত্রিক দায়িত্ব। কিন্তু বাধা দেওয়া হলে ১৮ দলীয় জোটকে বিকল্প ভাবতে হবে। হরতাল বা অবরোধের মতো কর্মসূচি দিয়ে কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। এর কোনো বিকল্প নেই।উচ্চ আদালত থেকে কেন্দ্রীয় নেতারা জামিন পাওয়ার পর গতকাল রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যান এবং নিজেদের মধ্যে আলোচনা করেন। সেখানে বিভিন্ন পর্যায়ের নেতারা ভিড় করেন।বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, সরকার যে মামলা করেছে, তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এসব মামলার কোনো ভিত্তি নেই। এখন সরকারের সময় শেষ হয়ে এসেছে। ১৮ দলীয় জোটের আন্দোলন আরও তীব্র হবে।