আজ মঙ্গলবার ভোর ছয়টা থেকে কাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারা দেশে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৩৬ ঘণ্টার হরতাল শুরু হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় আটজন নেতাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে হরতাল ডাকা হয়েছে।তবে পয়লা বৈশাখে আদিবাসীদের বৈসাবি, বিজু ও সাংগ্রাই উৎসব উপলক্ষে তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি হরতালের আওতামুক্ত থাকবে বলে গতকাল সোমবার বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ সংবাদ সম্মেলন করে জানিয়েছেন। তিনি ৩৬ ঘণ্টার টানা এ হরতাল সফল করতে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে হরতাল সফল করতে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খানও। এদিকে হরতাল শুরুর আগেই গতকাল রাতে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর এবং বগুড়ার শেরপুরে গাড়িতে আগুন ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এর মধ্যে গতকাল সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের হোটেল সুপার স্টারের সামনে একটি সিনএনজিচালিত অটোরিকশায় ও গুলশান-১-এ একটি কারে আগুন দেওয়া হয়।প্রথম আলোর গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর সদর উপজেলার চান্দনা চৌরাস্তা এলাকায় গতকাল সন্ধ্যা সাতটায় ঢাকা-গাজীপুর পথে চলাচলকারী বলাকা সার্ভিসের একটি বাসে আগুন দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি দাঁড়ানো অবস্থায় ছিল। কয়েকজন দুর্বৃত্ত বাসের পেছনের অংশে দাহ্য তরল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। এ সময় টহল পুলিশ এলাকাবাসীর সহায়তায় পানি ঢেলে দ্রুত আগুন নেভায়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) এস এম কামরুজ্জামান বলেন, দ্রুত আগুন নেভানোয় বাসের বেশি ক্ষতি হয়নি। শেরপুর (বগুড়া) প্রতিনিধি জানান, সন্ধ্যায় হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের পর হামলা চালিয়ে শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক ও ধুনট সড়কে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশায় মিলিয়ে ১০টি যানবাহন ভাঙচুর করা হয়। তবে এই গাড়ি ভাঙচুরের সঙ্গে ১৮-দলীয় কোনো নেতা-কর্মী জড়িত নন বলে দাবি করেছেন শেরপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান।চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, গতকাল বিকেলে হরতালের সমর্থনে বিএনপির মিছিল থেকে চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা ও জুবিলি রোড এলাকায় ইটের টুকরা নিক্ষেপ করে বিভিন্ন ভবনের কাচের জানালা ভাঙচুর করা হয়। মিছিলের একপর্যায়ে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া হয়।