১৮ দলীয় নেতাদের আত্মসমর্পণের আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতালে তেজগাঁওয়ে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতাদের ১৬ মের মধ্যে আত্মসমর্পণের আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক এ আদেশ দেন।অন্যদিকে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় কাল আবারও শুনানি হবে।আজ সকাল ১০টা ৫০ মিনিটের দিকে জামিন আবেদনকারীদের আইনজীবী মওদুদ আহমদ শুনানির সময় নির্ধারণের আরজি জানান। এরই পরিপ্রেক্ষিতে আদালত দুপুর শুনানির ক্ষণ নির্ধারণ করেন।এই দুই মামলায় বিএনপির নেতাদের জামিনের বিষয়ে ৭ মে একটি দ্বৈত বেঞ্চে বিভক্ত আদেশের পর বিষয়টি গত বৃহস্পতিবার প্রধান বিচারপতির কাছে যায়। বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হককে দায়িত্ব দেন প্রধান বিচারপতি।দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি পুলিশ প্রতিবেদন দাখিল করা পর্যন্ত বিএনপি ও জোটের নেতাদের আগাম জামিন মঞ্জুর করেন। অপর বিচারপতি এসব নেতাকে এক সপ্তাহের মধ্যে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। একই সঙ্গে এই সময়ের মধ্যে তাঁদের গ্রেপ্তার বা হয়রানি না করতে বলেন। বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আদেশ হয়।বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হকের একক বেঞ্চে এ বিষয়ে আজ শুনানির কথা থাকায় সকাল থেকেই ১৮ দলীয় জোটের সংশ্লিষ্ট নেতারা হাইকোর্টে আসতে থাকেন। তাঁরা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির কক্ষে অবস্থান করেন। তবে জামিনের বিষয়ে বেলা আড়াইটায় শুনানির সময় নির্ধারিত হওয়ার পর অনেক নেতাই হাইকোর্ট ত্যাগ করেন।গত ২৯ এপ্রিল হরতালের দিন বিকেলে সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় শাহবাগ থানায় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর ঘটনায় তেজগাঁও থানায় পুলিশের করা দুটি মামলায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের কেন্দ্রীয় নেতাদের আসামি করা হয়।এরপর মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আসামি হওয়া দলীয় নেতারা ‘আত্মগোপনে’ চলে যান। এরপর ২ মে তাঁদের আগাম জামিন আবেদন গ্রহণে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চের এক বিচারপতি বিব্রত বোধ করেন। তারপর ওই দিনই আবেদন দাখিলের জন্য আরেকটি দ্বৈত বেঞ্চে নিয়ে যাওয়া হয়। কিন্তু ওই বেঞ্চ ‘এখতিয়ার নেই’ বলে আবেদন গ্রহণে অপারগতা প্রকাশ করেন। একই দিন (২ মে) তেজগাঁও থানার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চাইলে অপর একটি দ্বৈত বেঞ্চে বিভক্ত আদেশ হয়। পরদিন তৃতীয় বেঞ্চে তিনি জামিন পান।