বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের একক প্রার্থী হিসেবে নিজেকে দাবি করেছেন বিএনপির জেলা শাখার সভাপতি আহসান হাবিব কামাল। তবে তাঁর এ দাবিকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগরের সভাপতি সাংসদ মজিবর রহমান সরোয়ার।বিএনপির জেলা ও মহানগরের একাধিক সূত্র জানায়, বিএনপির পক্ষ থেকে দাঁড়ানো তিন মেয়র পদপ্রার্থীকে ঢাকায় ডেকে পাঠানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বৈঠক হওয়ার কথা। বৈঠকে একজনকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। আহসান হাবিব বলেন, ‘আমিই বিএনপির একমাত্র প্রার্থী। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকেই একক প্রার্থী মনোনীত করা হয়েছে।’ সাংসদ মজিবর রহমান বলেন, ‘আহসান হাবিব সঠিক বলেননি। আমাদের একক প্রার্থী দেওয়ার প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে।’