১৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা
আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। আজ সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮-দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এক বৈঠক শেষে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে: ৪ নভেম্বর সারা দেশের সব মহানগরে বিক্ষোভ সমাবেশ, ১২ নভেম্বর দেশের সব মহানগর ও জেলা-উপজেলায় গণমিছিল এবং ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৯ নভেম্বর কক্সবাজারে রামুর বৌদ্ধপল্লি পরিদর্শনে যাবেন।রেলের ভাড়া বৃদ্ধি, নতুন কোম্পানি আইন প্রণয়ন ও সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে এসব কর্মসূচি পালন করবে ১৮-দলীয় জোট।সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মজিবুর রহমান, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আবদুল লতিফ নেজামী, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুত্ফর রহমান উপস্থিত ছিলেন।