১৮ দলের সমাবেশ আজকের পরিবর্তে বুধবার (ভিডিও)
পুলিশের অনুমতি না পাওয়ায় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের আজ সোমবারের সমাবেশ আগামী বুধবার বেলা তিনটায় নয়াপল্টনে অনুষ্ঠিত হবে।আজ বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান এ তথ্য জানান। নির্বাচনকালে নির্দলীয় সরকারের দাবি মেনে নিতে জোটনেত্রী খালেদা জিয়ার বেঁধে দেওয়া ৪৮ ঘণ্টা সময়সীমা পার হওয়ার পর এ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়। জোটের সূত্র জানায়, মূলত দুটি কারণে আজকের সমাবেশ স্থগিত করা হয়েছে।সংবাদ সম্মেলনে শামসুজ্জামান বলেন, ‘আজকের এ সমাবেশের জন্য তিন দিন আগে অনুমতি চেয়ে পুলিশের কাছে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু আজ বেলা ১১টা পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। কোনো অনুমতি পাইনি।’ তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী দলকে সমাবেশ করতে না দিয়ে সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছে। সরকার যে সংলাপের কথা বলছে, তা যে মিথ্যা, লুকোচুরি—আজকের সমাবেশ করতে না দেওয়ার মধ্য দিয়ে তা প্রমাণিত হয়েছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘সভা-সমাবেশ থেকে বিধিনিষেধ প্রত্যাহার করুন। আলোচনার পরিবেশ সৃষ্টি করুন।’সমাবেশ স্থগিত করার নেপথ্যে: সূত্র জানায়, মূলত দুটি কারণে আজকের সমাবেশ স্থগিত করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। জামায়াতের নেতা এ কে এম ইউসুফকে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সারা দেশে হরতাল ডেকেছে জামায়াত। হরতাল সামনে রেখে ১৮ দলের আজকের সমাবেশ থেকে জামায়াত-শিবিরের কর্মীরা সহিংসতা করতে পারেন—পুলিশের এমন আশঙ্কা বিএনপিকে জানানো হয়েছে। সমাবেশ করার পর কোনো ঝামেলা হলে, তার দায় প্রধানত বিএনপির ওপরই বর্তাবে। নতুন নতুন মামলায় বিএনপির নেতাদের জড়ানো হবে। বিএনপি এ মুহূর্তে তা এড়াতে চায়। জোটের একটি সূত্র জানায়, এ কারণে ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে’ সমাবেশ স্থগিত করা হয়েছে।তা ছাড়া জাতিসংঘের একটি প্রতিনিধিদল বাংলাদেশে সফর করছে। আজ দুপুরে দলটি আবারও বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দেখা করেছে। এ অবস্থায় সমাবেশের অনুমতি না পাওয়াকে কাজে লাগাতে চায় বিএনপি। তারা প্রতিনিধিদলকে বোঝাতে চায়, সরকার মুখে আলাপ-আলোচনার কথা বললেও বাস্তবে তারা এ বিষয়ে আন্তরিক নয়। সরকার বিরোধী দলকে নানাভাবে দমন-পীড়ন করছে। এমনকি সভা-সমাবেশ পর্যন্ত করতে দেওয়া হচ্ছে না।