১৮ দলের সমাবেশে মানবতাবিরোধীদের মুক্তি চাইল জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিলের শাপলা চত্বরে ১৮ দলের সমাবেশে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা মানবতা-বিরোধী অপরাধে আটক নেতাদের মুক্তির দাবিতে সোচ্চার ছিলেন। তবে ১৮ দলের শরিক অন্য কোনো দলের নেতা জামায়াতের নেতাদের মুক্তির দাবি করে কিছু বলেননি। সমাবেশে বক্তৃতায় জামায়াতে ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ অবিলম্বে তাঁদের দলের নেতাদের মুক্তি চান। আর, দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ এই সরকারের কারাগার ভেঙে নেতাদের মুক্ত করার অঙ্গীকার করেন।জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা গতকাল সকাল থেকেই সমাবেশ মঞ্চের কাছাকাছি অবস্থান নেন। তাঁদের হাতে মানবতাবিরোধী অপরাধের সাজাপ্রাপ্ত এবং অভিযুক্তদের মুক্তির দাবিসংবলিত ব্যানার ও পোস্টার ছিল। ছাত্রশিবিরের ছোট ছোট কয়েকটি দল দৈনিক বাংলার মোড় ও বায়তুল মোকাররম এলাকায় অবস্থান করে দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতের আটক নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দেয়। সমাবেশস্থলে ছাত্রশিবিরের একটি পোস্টার সবার নজর কাড়ে। ওই পোস্টারে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের ছবির নিচে লেখা ‘বন্যেরা বনে সুন্দর, মখা পাগলাগারদে’। ওই ব্যানারের পাশে দাঁড়িয়ে অনেককে ছবি তুলতে দেখা গেছে। চার পুলিশকে পিটিয়েছে শিবির: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ছাত্রশিবিরের একদল নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে মতিঝিলে পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে কর্তব্যরত পুলিশের ওপর হামলা চালান। এতে পুলিশের চারজন সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের মধ্যে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) একরামুল হক (৩৮), সহকারী উপপরিদর্শক (এএসআই) আজিজুল হক (৩৮) ও কনস্টেবল আশরাফ উদ্দিনকে (৩৩) রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে এবং কনস্টেবল হাসিনুর রহমানকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার শেখ নাজমুল আলম প্রথম আলোকে বলেন, পূবালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে একটি কাভার্ড ভ্যানে লাঠিসোঁটা ও কাঠ রাখা ছিল সকাল থেকে। পুলিশ প্রথমে এসব কাঠ ও লাঠিসোঁটা ব্যাংকের বলে মনে করেছিল। এর দাবিদার না পাওয়ায় দুপুর সাড়ে ১২টার দিকে সেগুলো জব্দ করে মতিঝিল থানায় নিয়ে যাচ্ছিল। ঠিক এ সময় ছাত্রশিবিরের একদল নেতা-কর্মী অতর্কিতে হামলা চালিয়ে পুলিশের চার সদস্যকে আহত করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।