প্রধানমন্ত্রী যাচ্ছেন পটুয়াখালী
১৮ দলের হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত জানে না বিএনপি!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে পটুয়াখালীতে গতকাল সোম ও আজ মঙ্গলবারের ডাকা হরতাল জেলা ১৮ দলীয় জোট প্রত্যাহার করলেও পিছুটান দিয়েছে বিএনপি। গতকাল সোমবার জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বরাত দিয়ে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, হরতাল প্রত্যাহারের ব্যাপারে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই। বিষয়টি তাঁরা জানেনও না।এর আগে গত রোববার পটুয়াখালী ১৮ দলীয় ঐক্যজোটের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন মৃধা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলার সর্বত্র হরতাল প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। ওই বিজ্ঞপ্তির সঙ্গে বিএনপি ও আওয়ামী লীগের দুই নেতার বক্তব্য যুক্ত করে গতকাল প্রথম আলোর প্রথম পাতায় ‘প্রধানমন্ত্রী যাচ্ছেন, তাই হরতাল প্রত্যাহার!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদ গতকাল প্রথম আলো অনলাইনে দ্বিতীয় সর্বোচ্চ আলোচিত সংবাদ ছিল। রাত আটটা ২০ মিনিট পর্যন্ত ৪১ জন পাঠক সংবাদটিতে মন্তব্য লেখেন। হরতাল প্রত্যাহার করায় প্রায় সব পাঠক বিএনপির নেতাদের ধন্যবাদ জানান এবং রাজনীতিতে এ ধরনের সংস্কৃতি প্রত্যাশা করেন।জেলা বিএনপির নেতাদের কাছ থেকে জানা গেছে, হরতাল প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ায় তাঁরা বিএনপির কেন্দ্রীয় নেতাদের চাপের মুখে পড়েন। এ জন্য গতকাল জেলা বিএনপির প্রেস সচিব দাবিদার গোলাম রহমান একটি সংবাদ বিজ্ঞপ্তি স্থানীয় সাংবাদিকদের দেন। ১৭ মার্চের (রোববার) তারিখ উল্লেখ করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১৯ মার্চ প্রধানমন্ত্রীর পটুয়াখালী আগমনকে কেন্দ্র করে পটুয়াখালীতে হরতাল শিথিল বা প্রত্যাহার করা হয়েছে—এ ধরনের একটি সংবাদ বিভিন্ন টিভি স্ক্রলে প্রচারিত হয়েছে, যার সঙ্গে জেলা বিএনপির সভাপতি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক এম এ রব মিয়ার কোনো প্রকার সংশ্লিষ্টতা নেই এবং এ ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। কেন্দ্র ঘোষিত ১৮ ও ১৯ মার্চের হরতাল জেলায় সর্বাত্মকভাবে পালিত হবে। বিএনপি ও এর অঙ্গসংগঠনের সব নেতা-কর্মীকে সর্বাত্মক হরতাল পালন করার আহ্বান জানাচ্ছি।’এর আগে শাহাদৎ হোসেন মৃধা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিও রোববার বিকেলে সাংবাদিকদের কাছে নিয়ে এসেছিলেন গোলাম রহমান।বিএনপির নেতাদের বক্তব্য: রোববার হরতাল প্রত্যাহারের খবর পেয়ে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্যের জন্য তাঁদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে তা বন্ধ পাওয়া যায়। গতকাল সাধারণ সম্পাদক এম এ রব মিয়া নিজে থেকেই প্রথম আলোর এই প্রতিনিধিকে ফোন করে জানান, তাঁরা হরতাল প্রত্যাহারের কোনো সিদ্ধান্ত নেননি। হরতাল পালিত হবে।১৮ দলীয় ঐক্যজোটের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক শাহাদৎ হোসেন মৃধা গতকাল প্রথম আলোকে বলেন, তাঁর স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিটি জোটের সিদ্ধান্ত অনুযায়ী দেওয়া হয়েছে। জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের সংবাদ বিজ্ঞপ্তি সম্পর্কে তিনি কিছু জানেন না।হরতাল পালিত হয়নি: বিএনপি ও তাদের নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীদের গতকাল জেলা শহরের কোথাও হরতাল পালন করতে দেখা যায়নি। তবে ভোরে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মী হরতালের সমর্থনে শহরের স্বনির্ভর রোডে কিছুক্ষণ মিছিল করেন। জেলার স্কুল, কলেজ, ব্যাংক, বিমাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ছিল খোলা। জীবনযাত্রা ছিল স্বাভাবিক। জেলার ভেতরে সড়কপথে যানবাহন চললেও দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি।সংশোধনী: গতকাল হরতাল প্রত্যাহার-সংক্রান্ত প্রতিবেদনে পটুয়াখালী জেলা পৌর বিএনপির সভাপতি মাকসুদ আহমেদ বায়েজিদের বক্তব্য ছিল। গতকাল তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘প্রকাশিত সংবাদে তাঁর বক্তব্যে বলা হয়েছে, ‘‘হরতাল পালন না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছি।” এই বক্তব্য সঠিক নয়। প্রকৃত পক্ষে বক্তব্য হবে, হরতাল পালন না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্তে আমরা একমত হতে পারিনি।’