১৮ দলের ১৪৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ১৪৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। রাজধানীর নয়াপল্টনে ১১ মার্চের ঘটনায় আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে করা মামলায় ২৪ মার্চ অভিযোগপত্র দেওয়া হয়।ঢাকার দ্রুত বিচার আদালত-৬-এর বিচারক শাহরিয়ার মাহমুদ আদনান আজ রোববার অভিযোগপত্র গ্রহণ করে আগামী ১৭ এপ্রিল অভিযোগ গঠন-বিষয়ক শুনানির তারিখ ধার্য করেছেন। এদিকে আজ আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।এর আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ উপলক্ষে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।অভিযোগপত্রভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন: বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আমানউল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় নেতা এ জেড এম জাহিদ হোসেন, হাবিবুর রহমান, আবেদ রাজা, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান ও কক্সবাজারের আবু তাহের। এ মামলায় গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় তাঁদের অব্যাহতির আবেদন জানানো হয়।১১ মার্চ বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরে পুলিশ ওই কার্যালয়ে ঢুকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৫৭ জনকে আটক করে। ১২ মার্চ মির্জা ফখরুল, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা ও আলতাফ হোসেন চৌধুরীকে ছেড়ে দেয় পুলিশ। বাকি ১৫৪ জনের বিরুদ্ধে ওই দিন পুলিশ পল্টন থানায় দুটি মামলা করে। দুটি মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৫১ জনকে ২০ মার্চ মোট আট দিন (দ্রুত বিচার আইনের মামলায় তিন ও দণ্ডবিধির মামলায় পাঁচ দিন) করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন আদালত। জয়নুল আবদিন, আমান ও রিজভীকে রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়নি। এই ১৫৪ জনই কারাগারে আটক আছেন।অভিযোগপত্রে যে ছয়জনকে অব্যাহতি দেওয়ার আবেদন জানানো হয়েছে তাঁরা হলেন: বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সহকারী এম এ সোবহান, জুনায়েদ ওসমান, মো. শাকিল, সোহেল রানা, মাহবুবুর রহমান ও নাইম আহমেদ।