১৮ দিনের রিমান্ডে ডেসটিনির এমডি ও চেয়ারম্যান
অবৈধভাবে অর্থ হস্তান্তরের অভিযোগে দুদকের করা দুই মামলায় ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমীন ও ডেসটিনি-২০০০ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ হোসাইনকে ১৮ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ এরফানউল্লাহ এ আদেশ দেন। এরপর গতকাল রাত থেকেই তাঁদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।১১ অক্টোবর রফিকুল আমীন, মোহাম্মদ হোসাইন ও ডেসটিনি গ্রুপের প্রেসিডেন্ট সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশিদকে ১০ দিন করে দুই মামলায় ২০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে দুদক। গতকাল বেলা দুইটার দিকে ডেসটিনির এই তিন শীর্ষ কর্মকর্তাকে মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। তার আগেই আদালত এলাকায় ডেসটিনির বেশ কিছু কর্মী জমায়েত হন। তাঁরা শুনানি শেষে আদালতের বারান্দায় দুদকের আইনজীবীদের ওপর চড়াও হন। পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।এদিকে হারুন-অর-রশিদের জামিন আবেদনের ওপর গতকাল বিকেলে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হয়। আজ বৃহস্পতিবার আদেশ দেওয়ার দিন ধার্য করেছেন আদালত। এ কারণে তাঁকে রিমান্ডে নেওয়ার বিষয়ে মহানগর হাকিম শুনানি নেননি।ডেসটিনির আইনজীবী এহসানুল হক সমাজি আদালতকে বলেন, হারুন-অর-রশিদের করা আবেদনের ওপর হাইকোর্টে বেলা দুইটা থেকে শুনানি হওয়ার কথা রয়েছে। আরেক আসামি রফিকুল আমীন পৃথক দুটি আবেদন করেছেন। তা আগামী ৫ নভেম্বর শুনানির জন্য রয়েছে। এ অবস্থায় রিমান্ড বিষয়ে শুনানি হওয়ার অবকাশ আছে কি না, তা নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এ সময় দুদকের আইনজীবী রফিকুল ইসলাম বলেন, রিমান্ড শুনানি করা যাবে না, হাইকোর্টের এমন কোনো আদেশ বা নির্দেশনা নেই। তাই রিমান্ড শুনানির ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।ডেসটিনির আরেক আইনজীবী নজিব উল্লাহ বলেন, আসামিপক্ষে করা আবেদন হাইকোর্টে নিষ্পত্তি হওয়ার আগে রিমান্ড বিষয়ে কোনো আদেশ হলে আইনগত জটিলটার সৃষ্টি হবে। একপর্যায়ে বিচারক আসামি হারুন-অর-রশিদের বিষয়টি বাদ দিয়ে বাকি দুজনের রিমান্ডের বিষয়ে শুনানির আদেশ দেন। এ পর্যায়ে আসামিপক্ষের আইনজীবীরা বলেন, হাইকোর্টে আসামিদের করা আবেদন বহাল থাকা অবস্থায় তাঁরা শুনানি করবেন না। তাঁরা শুনানির আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে শুনানি বর্জন করেন। দুদকের আইনজীবীরা আদালতকে বলেন, আসামিরা অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে টাকা গ্রহণ করেছেন। ওই টাকা তাঁদের ব্যাংক হিসাবে অবৈধভাবে স্থানান্তর ও হস্তান্তর করে আত্মসাৎ করেছেন। এ ছাড়া ডেসটিনির ৫৩৩টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ওই হিসাবগুলোতে সাড়ে তিন হাজার কোটি টাকার মধ্যে মাত্র ১৫ কোটি টাকা রয়েছে। বাকি টাকা কোথায় ও কীভাবে স্থানান্তর করা হয়েছে, তা জানা ও উদ্ধারের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। শুনানি শেষে আদালত নয় দিন করে দুই মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। দুদকের পক্ষে আরও শুনানি করেন রফিকুল ইসলাম, কবির হোসেন, মাহমুদ হোসেন ও শাহিন আহমেদ। জিজ্ঞাসাবাদ শুরু: রিমান্ড মঞ্জুরের পর গতকাল সন্ধ্যায় রফিকুল আমীন ও মোহাম্মদ হোসাইনকে সেগুনবাগিচায় দুদকের কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। দুদকের পরিচালক স্কোয়াড্রন লিডার তাহিদুল ইসলামের নেতৃত্বে আট সদস্যদের তদন্ত দল তাঁদের জিজ্ঞাসাবাদ করেছে। দুদকের সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সদস্যদের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের ১১ লাখ ৯৭ হাজার ৩১৬টি শেয়ার সার্টিফিকেট দেওয়ার কথা ছিল। কিন্তু দেওয়া হয়েছে মাত্র ১৩ হাজার ৬৫টি শেয়ার সার্টিফিকেট। বাকি শেয়ারের অর্থ কোথায় রাখা হয়েছে বা কোথায় পাচার করা হয়েছে; আসামিরা এই প্রতারণা ব্যবসা কত টাকা নিয়ে শুরু করেন; সে সময় তাঁদের নিজস্ব কোনো পণ্য ছিল কি না, না থাকলে কোথাকার পণ্য দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা শুরু হয় ইত্যাদি বিষয়ে গত রাতে জিজ্ঞাসাবাদ করা হয়।দুদক গত ৩১ জুলাই ডেসটিনির বিরুদ্ধে দুটি মামলা দায়ের করে। তাতে আসামিদের বিরুদ্ধে তিন হাজার ২৮৫ কোটি ২৫ লাখ টাকা অন্যত্র হস্তান্তর ও আত্মসাতের অভিযোগ করা হয়।