১৮ নয়, ১৬ বছর পর্যন্ত বয়সীরা শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ নয়, ১৬ বছর পর্যন্ত বয়সীদের শিশু হিসেবে গণ্য করে জাতীয় শিশুনীতি-২০১০ চূড়ান্ত করা হচ্ছে। দেশের আর্থসামাজিক বাস্তবতার বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশুনীতির খসড়া প্রস্তাবে ১৮ বছরের কম বয়সীদের শিশু ধরার কথা বলা হয়েছিল। কিন্তু শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মত হচ্ছে, তৈরি পোশাকশিল্পে ১৮ বছরের নিচে বিভিন্ন বয়সের অনেক কর্মী থাকায় ১৮ বছর বয়সসীমা স্বীকৃত বা প্রতিষ্ঠিত হলে বিভ্রাট দেখা দেবে। মন্ত্রণালয়ের আশঙ্কা, এর ফলে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়বে।শ্রম মন্ত্রণালয়ের প্রস্তাব বিবেচনায় রেখে মহিলা ও শিশু মন্ত্রণালয় চলতি সপ্তাহেই শিশুনীতি চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী সপ্তাহে চূড়ান্ত অনুমোদনের জন্য এর খসড়া মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে। এ প্রসঙ্গে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী গতকাল প্রথম আলোকে বলেন, আগের নীতিতে ১৪ বছরের কম বয়সীদের শিশু বলা হতো। নতুন নীতির খসড়ায় ১৮ বছরের কম বয়সীদের শিশু বলা হয়েছে। কিন্তু এ বিষয়ে বিভিন্ন মহল থেকে ভিন্ন ভিন্ন মত এসেছে। এ মতামত বিবেচনা করে এ সপ্তাহেই শিশুনীতি-২০১০ চূড়ান্ত করা হবে এবং মন্ত্রিসভার বৈঠকে পাঠানো হবে।বাংলাদেশের বিভিন্ন আইনে ‘শিশু’র বয়স নিয়ে ভিন্নতা আছে। শিশু আইন, শ্রম আইন ও ভবঘুরে আইনে ১২ থেকে ১৬ বছর বয়সীকে শিশু বলে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী ১৮ বছর পর্যন্ত শিশু ধরতে হবে। শিশু অধিকার নিয়ে কর্মরত সংস্থাগুলো ও জাতিসংঘ শিশু অধিকারবিষয়ক কমিটির অভিযোগ, বয়সের এ তারতম্যের কারণে নানা সময়ে শিশুরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, সম্প্রতি নতুন নীতির খসড়াটি পর্যালোচনা করে মহিলা ও শিশু মন্ত্রণালয়ে মতামত পাঠিয়েছে শ্রম মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, দেশের অসংখ্য দরিদ্র মানুষ সচ্ছলদের বাড়িতে গৃহকর্মে নিয়োজিত রয়েছে, যাদের সিংহভাগই কিশোর-কিশোরী ও শিশু। এ ছাড়া অনেক শিল্প কারখানায় নীরবে ও গোপনে দরিদ্র কিশোর-কিশোরী কর্মরত রয়েছে। দেশে বর্তমানে ২০ লাখেরও বেশি কিশোর-কিশোরী ও শিশু গৃহকর্মে নিয়োজিত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়ের অভিমতে বলা হয়, এ জন্য দেশের পরিবেশ, আবহাওয়া ও সামাজিক প্রেক্ষাপট বিচার করে বাস্তবসম্মতভাবে শিশুর বয়সসীমা নির্ধারণ করা উচিত। শ্রম মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, ‘এ অবস্থায় মহিলা-শিশু মন্ত্রণালয় থেকে প্রকাশিত খসড়া জাতীয় শিশুনীতি-২০১০-এ শিশুর বয়সসীমা ও সংজ্ঞা বাস্তবতার সাথে মিল রেখে সামঞ্জস্যপূর্ণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।’সূত্র জানায়, নতুন শিশুনীতিতে ১২ বছরের কম বয়সী শিশুদের কোনো ধরনের শ্রমে ও ১৬ বছরের কম বয়সী শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। এটি অমান্য করলে নিয়োগকারীর বিরুদ্ধে শিশু আইন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া ১২ বছরের নিচে কোনো শিশু ফৌজদারি দায়দায়িত্বের মধ্যে পড়বে না। ১৬ বছর বয়সের নিচে কোনো শিশু বড় ধরনের অপরাধ করলেও তাকে মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া যাবে না। নীতিতে অটিস্টিক শিশুদের বিষয়টিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।খসড়া নীতিতে আইনের মাধ্যমে শিশুদের জন্য ন্যায়পাল নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। ১০ থেকে ১৮ বছরের কম বয়সীদের বয়ঃসন্ধিকালীন বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিশু অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। এতে বলা হয়েছে, গৃহকর্মে বা অন্যান্য কাজে নিয়োজিত শিশুদের প্রতি মাসে কমপক্ষে একবার বাবা-মা বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব ও তাঁর ওপরের পর্যায়ের একজন কর্মকর্তাকে শিশুবিষয়ক কার্যক্রম সমন্বয় করার দায়িত্ব দেওয়া হবে।বলা হয়েছে, নতুন নীতির মূল লক্ষ্য হবে বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক সনদের আলোকে শিশু অধিকার নিশ্চিতকরণ, অধিকার বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করা, শিশুদারিদ্র্য বিমোচন, শিশুর প্রতি সব ধরনের নির্যাতন ও বৈষম্য দূর করা, শিশুদের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপে তাদের অংশগ্রহণ ও মতামত নেওয়া নিশ্চিত করা।নীতিতে শিশুর অধিকার বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ, শিশুশ্রম নিরসনের পদক্ষেপ, বাস্তবায়নের কৌশল, সরকারি ও বেসরকারি কর্মকাণ্ডের মধ্যে সমন্বয়, উন্নয়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে শিশুনীতির প্রাধান্য, স্বচ্ছ ও জবাবদিহি, গবেষণা, পর্যালোচনা ও মূল্যায়ন এবং নীতি বাস্তবায়নের জন্য অর্থের সংস্থান, আইন ও বিধিবিধান প্রণয়নসহ বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। বর্তমানে প্রচলিত প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে শিশুর প্রারম্ভিক শৈশব বিকাশ (ইসিডি) কার্যক্রম আরও শক্তিশালী ও সম্প্রসারিত করা হবে।গত আগস্টে শিশুর বয়স ১৮ বছর পর্যন্ত নির্ধারণ করে জাতীয় শিশুনীতির খসড়া তৈরি করে ওয়েবসাইটে প্রকাশ করে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। নীতি চূড়ান্ত করার আগে এ বিষয়ে সংশ্লিষ্ট সবার মতামত চাওয়া হয়। ৩০০ মতামত পাওয়ার পর মন্ত্রণালয় নীতিটি চূড়ান্ত করার উদ্যোগ নেয়।