১৮ ফেব্রুয়ারি মুক্তাঙ্গন ও প্রতিটি জেলা সদরে বিক্ষোভ করবে বিএনপি
প্রধান বিরোধী দল বিএনপি ১৮ ফেব্রুয়ারি ঢাকার মুক্তাঙ্গনে ও দেশের প্রতিটি জেলা সদরে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে। জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন, খালেদা জিয়ার নিরাপত্তা ও সারা দেশে বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা-মামলার প্রতিবাদে বিএনপি এ কর্মসূচি ঘোষণা করে।বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করেন। সংবাদ ব্রিফিংয়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকার খালেদা জিয়ার প্রাণনাশের চেষ্টা করছে। এ জন্য ইচ্ছে করেই তাঁর নিরাপত্তাব্যবস্থা নাজুক করে রেখেছে সরকার। এমনকি সরকার একটি রেজিমেন্টেড গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে বলেও তাঁরা অভিযোগ করেন।মির্জা ফখরুল জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে মন্ত্রিসভার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।