১৮ বছরে এক কোটি বাংলাদেশি দারিদ্র্যসীমা অতিক্রম করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০ থেকে ২০০৮—এই ১৮ বছরে বাংলাদেশের ২০ লাখ গরিব পরিবারের প্রায় এক কোটি মানুষের দৈনিক আয় ১ দশমিক ২৫ ডলারের সীমা ছাড়িয়েছে। অর্থাৎ এই এক কোটি মানুষ দারিদ্র্যের এই নিম্নতম সীমা অতিক্রম করতে সক্ষম হয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক রেজাল্টস এডুকেশনাল ফান্ডের প্রকল্প মাইক্রোক্রেডিট সামিট ক্যাম্পেইন কর্তৃক গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। ওয়াশিংটন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।উল্লেখ্য, বিশ্বব্যাংক ক্রয়ক্ষমতার সমতার (পিপিপি) ভিত্তিতে দৈনিক এক ডলার ২৫ সেন্টের কম উপার্জনকারীকে দারিদ্র্যের নিম্নতম সীমার নিচে অবস্থানকারী হিসেবে গণ্য করে।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকাভিত্তিক ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি) নমুনা হিসেবে ক্ষুদ্রঋণ গ্রহণকারী চার হাজার বাংলাদেশি পরিবারের ওপর জরিপ চালিয়ে গবেষণা করে যে ফলাফল পেয়েছে, তার ভিত্তিতে এই প্রতিবেদন প্রণীত হয়েছে। ইআরজির পরিচালক সাজ্জাদ জহির এই গবেষণাকাজে নেতৃত্ব দেন। প্রতিবেদন অনুসারে, ১৯৯০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ক্ষুদ্রঋণ গ্রহণকারীরা নানা সীমাবদ্ধতার পরও বিভিন্নভাবে উপকৃত হয়েছে। এরা অনেকেই দারিদ্র্যের নিম্নতম সীমা থেকে উঠে আসতে সক্ষম হয়েছে। তবে ক্ষুদ্রঋণের কারণেই যে তারা দারিদ্র্যের নিম্নতম সীমা থেকে উঠে আসতে পেরেছে—এই গবেষণায় এমনটি বলা হয়নি বা ইআরজির গবেষণায় এমন কোনো ধারণা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়নি। বিষয়টি স্পষ্ট করে এ-ও বলা হয়েছে, এই গবেষণায় বরং কোনো একটি পরিবারের কোনো একজন সদস্য যখন প্রথম ক্ষুদ্রঋণ গ্রহণ করে, তখনকার অবস্থার সঙ্গে পরবর্তীকালে বিভিন্ন সময়ে তার ও তার পরিবারের অবস্থা সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করা হয়েছে। আবার ১৯৯৮ সালের ভয়াবহ বন্যা এবং ২০০৮ সালের জ্বালানি ও খাদ্যসংকট এই গরিব মানুষগুলোর ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে। যারা দারিদ্র্যের ন্যূনতম সীমা থেকে উঠে আসছিল, তারা অনেকেই আবার এই সীমার নিচে নেমে গেছে। এই প্রতিবেদনের ফলাফল বাংলাদেশ সরকার পরিচালিত জাতীয় খানা আয়-ব্যয় জরিপের (এইচআইএস-২০০৫) উপাত্তের সঙ্গে সাযুজ্যপূর্ণ বলেও প্রতীয়মান হয়। এই জরিপ অনুসারে ১৯৯০ থেকে ২০০৫ সালের মধ্যে দেশে এক কোটি ছয় লাখ ২০ হাজার মানুষ চরম দরিদ্রাবস্থা থেকে বেরিয়ে এসেছে। অবশ্য গবেষণা প্রতিবেদনে প্রকাশিত ফলাফলের আলোকে মাইক্রোক্রেডিট সামিট ক্যাম্পেইন মনে করছে, দারিদ্র্যের ন্যূনতম সীমা থেকে বিপুল পরিমাণ মানুষের উত্তরণ ঘটার ক্ষেত্রে ক্ষুদ্রঋণও ভূমিকা রেখেছে। কেননা, ক্ষুদ্রঋণ কাজে লাগিয়ে তারা ক্ষুদ্র ব্যবসা শুরু বা সম্প্রসারণ করতে পেরেছে। কেউ কেউ ক্ষুদ্র বিমাসহ বিভিন্ন ক্ষুদ্র আর্থিক সেবা-সুবিধা নেওয়ার সুযোগ পেয়েছে। মাইক্রোক্রেডিট সামিট ক্যাম্পেইনের পরিচালক স্যাম ডালে হ্যারিস বলেন, ‘বাংলাদেশের জরিপটি কোনো কার্য পরম্পরা নির্ণয়ের জন্য পরিচালিত হয়নি। তবে এটা খুবই গুরুত্বপূর্ণ এ জন্য যে ক্ষুদ্রঋণ গ্রাহকদের যারা দারিদ্র্য থেকে বেরিয়ে আসছে, তাদের সংখ্যাটি জাতীয়ভাবে দারিদ্র্য হ্রাসের পরিসংখ্যানের সঙ্গে সংগতিপূর্ণ।’দুনিয়াজুড়ে ক্ষুদ্রঋণ খাত যখন একটি কঠিন সময় অতিক্রম করছে, তখন দারিদ্র্য নিরসনে ক্ষুদ্রঋণের ভূমিকার এই সুখবরটি প্রকাশ পেল বলেও মনে করছে মাইক্রোক্রেডিট সামিট ক্যাম্পেইন।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ক্ষুদ্রঋণ বা অর্থায়ন কার্যক্রমের কার্যকারিতা নিয়ে সাম্প্রতিক সময়ে নানাভাবে প্রশ্ন উঠেছে। ঋণগ্রহীতাদের ওপর চকিত জরিপ (র‌্যানডোমাইজড কনট্রোলড ট্রায়াল) চালিয়ে বিভিন্ন সমীক্ষায় এমনও বলা হচ্ছে যে ক্ষুদ্রঋণের সুবিধাভোগী বা গ্রাহকদের গরিবি অবস্থার তেমন উন্নতি ঘটেনি। এ প্রসঙ্গে ফ্রিডম ফ্রম হাঙ্গারের প্রেসিডেন্ট ক্রিস ডানফোর্ড বলেন, ‘এ পর্যন্ত এই ধরনের যত জরিপ বা সমীক্ষা চালানো হয়েছে, তাতে দুটি সমস্যা দেখা গেছে। দারিদ্র্য হ্রাসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এই কর্মসূচিগুলোর ওপর নিবিড়ভাবে গবেষণা চালানো হয়নি। আর সাধারণত ১২ থেকে ১৮ মাস সময় বিবেচনায় নিয়ে এসব সমীক্ষা চালানো হয়েছে। ফলে (ক্ষুদ্রঋণ) কর্মসূচির প্রভাবে প্রকৃত পরিবর্তনের জন্য যে সময় প্রয়োজন, তা বিবেচনায় নেওয়া হয়নি।’ক্রিস ডানফোর্ড আরও বলেন, ‘আমাদের মনে রাখতে হবে যে সব ক্ষুদ্রঋণ কর্মসূচি এক রকম নয়। বাংলাদেশ থেকে পাওয়া নতুন গবেষণাটিতে গ্রামীণ ব্যাংক ও ব্র্যাকের অনেক গ্রাহককে অন্তর্ভুক্ত করা হয়েছে। আর এ দুটি প্রতিষ্ঠানই পল্লি দারিদ্র্য নিরসনে তাদের ব্যাপক প্রচেষ্টার জন্য সমাদৃত।’এতে আরও বলা হয়, ২০১০ সালে ভারতের অন্ধ্র প্রদেশের ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান এসকেএসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বিরাট সাফল্য পাওয়ার পরই রাজ্যজুড়ে অভিযোগ ওঠে, ক্ষুদ্রঋণগ্রহীতারা বেশি করে ঋণ নিচ্চ্ছে; কর্মীরা ঋণ আদায়ে আগ্রাসী চর্চা চালাচ্ছে, আর এগুলো গ্রাহকদের অনেক ক্ষেত্রে আত্মহত্যার দিকে ঠেলে দিচ্ছে।সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীণ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স কাউন্টসকে উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেছেন, ‘অনেকেই বিশ্বাস করেন যে ক্ষুদ্রঋণ তার পথ হারিয়েছে। তবে বাংলাদেশের এই সমীক্ষা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে খুব কঠিন পরিস্থিতিতেও অনেক অগ্রগতি সাধন করা যায়। বাংলাদেশ এখন আর “তলাবিহীন ঝুড়ি” নেই, যা কিনা ৩৫ বছর আগে যুক্তরাষ্ট্রের স্টেট সেক্রেটারি হেনরি কিসিঞ্জার বলেছিলেন। বরং দেশটি এখন পৃথিবীর শিক্ষক, যেখানে সুশীল সমাজ নেতৃত্ব দিচ্ছে।’বক্তব্য: প্রথম আলোর পক্ষ থেকে ঢাকায় গবেষক সাজ্জাদ জহিরের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘আমাদের গবেষণায় দারিদ্র্য-পরিস্থিতির ওপর ক্ষুদ্রঋণের কী প্রভাব, তা নির্ণয়ের কোনো চেষ্টা করা হয়নি। শুধু দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিতে ক্ষুদ্রঋণগ্রহীতারা দারিদ্র্যসীমা থেকে উঠতে পারছে কি না, তা জানার চেষ্টা করা হয়েছে।’তিনি আরও জানান, ২০০৬ সালে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে একটি আন্তর্জাতিক সম্মেলনে বিভিন্ন দেশে ক্ষুদ্রঋণের প্রভাব দেখার সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীকালে বিশেষজ্ঞরা দেখতে পান যে ক্ষুদ্রঋণের কারণে দারিদ্র্য অবস্থার উন্নতি হয়েছে, এমনটি চিহ্নিত করা খুব কঠিন। তাই সে চেষ্টা করা হয়নি।