জাতীয় শিশুনীতি ২০১০-এর খসড়ায় ১৮ বছরের কম বয়সীদের শিশু বলা হয়েছে। এ নীতিতে ১৪ বছরের কম বয়সীদের সার্বক্ষণিক শ্রমিক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না বলে উল্লেখ করা হয়েছে। অটিস্টিক শিশুদের এ বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে প্রস্তাবিত নীতিতে।দেশে কত বছরের বয়সীদের শিশু বলা যাবে—এ নিয়ে অভিন্ন মত না থাকায় নীতি ও আইনি ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। খসড়াটি চূড়ান্ত করার আগে এ নিয়ে সবাইকে জানানোর লক্ষ্যে গতকাল বুধবার মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।মূল বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, ১৯৯৪ সালের জাতীয় শিশুনীতিকে যুগোপযোগী করার জন্য নতুন নীতি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আগের নীতিতে ১৪ বছরের কম বয়সীদের শিশু বলা হতো।মন্ত্রী বলেন, বর্তমানে একেক আইনে শিশুর বয়স একেক রকম হওয়ায় জাতিসংঘের শিশু অধিকার সনদের আলোকে প্রস্তাবিত নীতিতে ১৮ বছরের কম বয়সীদের শিশু বলা হয়েছে। নীতি বাস্তবায়নে প্রয়োজনীয় আইন, বিধি-বিধান ও নির্দেশিকা তৈরি করা হবে।শিরীন শারমিন চৌধুরী জানান, প্রস্তাবিত খসড়াটি অক্টোবরের প্রথম সপ্তাহের মধ্যে চূড়ান্ত করে মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম ও অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আরও সুপারিশ অন্তর্ভুক্তির জন্য গতকাল থেকেই প্রস্তাবিত খসড়াটি সরকারের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। ওয়েবসাইটের ঠিকানাগুলো হলো—www.mowca.gov.bd ও www.mspvaw.bd.org। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত যে কেউ ওয়েবসাইট দুটিতে নীতিসংক্রান্ত যেকোনো সুপারিশ করতে পারবেন। সে সুপারিশগুলো বিবেচনা করেই খসড়াটি চূড়ান্ত করা হবে।খসড়া নীতিতে আইনের মাধ্যমে শিশুদের জন্য ন্যায়পাল নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। ১০ থেকে ১৮ বছরের কম বয়সীদের বয়ঃসন্ধিকালীন বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিশু অধিকার ও উন্নয়ন নিশ্চিত করতে জাতীয় পর্যায়ে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। গৃহকর্মে বা অন্যান্য কাজে নিয়োজিত শিশুদের প্রতি মাসে কমপক্ষে একবার বাবা-মা বা আত্মীয়স্বজনদের সঙ্গে মিলিত হওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগে উপসচিব ও তাঁর ওপরের পর্যায়ের একজন কর্মকর্তাকে শিশুবিষয়ক কার্যক্রম সমন্বয় করার দায়িত্ব দেওয়া হবে।নীতিটির মূল লক্ষ্য হবে বাংলাদেশের সংবিধান ও আন্তর্জাতিক সনদের আলোকে শিশু অধিকার নিশ্চিতকরণ, শিশুদারিদ্র্য বিমোচন, শিশুর প্রতি সব ধরনের নির্যাতন ও বৈষম্য দূর করা, শিশুর অধিকার বাস্তবায়নে জবাবদিহি নিশ্চিত করা, শিশুদের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপে তাদের অংশগ্রহণ ও মতামত নেওয়া নিশ্চিত করা।নীতিতে শিশুর অধিকার বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ, শিশুশ্রম নিরসনের পদক্ষেপ, বাস্তবায়নের কৌশল, সরকারি ও বেসরকারি কর্মকাণ্ডের মধ্যে সমন্বয়, উন্নয়ন পরিকল্পনা তৈরি ও বাস্তবায়নে শিশুনীতির প্রাধান্য, স্বচ্ছতা ও জবাবদিহিতা, গবেষণা, পর্যালোচনা ও মূল্যায়ন এবং নীতি বাস্তবায়নের জন্য অর্থের সংস্থান, আইন ও বিধিবিধান প্রণয়নসহ বিভিন্ন বিষয় বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে।