১৮ বছরের কম বয়সীরা শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ বছরের কম বয়সীদের শিশু হিসেবে সংজ্ঞায়িত করে শিশু আইন, ২০১০-এর খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটায় মুক্তিযোদ্ধা বা তাঁর সন্তানদের পাওয়া না গেলে তাঁর নাতি-নাতনিদের অন্তর্ভুক্ত করা এবং ২০১৫ সাল পর্যন্ত সংরক্ষিত বনের গাছ না কাটার প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।শিশু আইন: ১৯৭৪ সালের শিশু আইনে শিশুর সর্বোচ্চ বয়স ছিল ১৬ বছর। আইনের অনুমোদিত খসড়ায় ১৮ বছর পর্যন্ত কোনো ছেলেমেয়ে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়লে তাদের প্রচলিত বিচারব্যবস্থায় না এনে বিকল্প ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করা হয়েছে। শিশু অধিকার সনদের সঙ্গে সংগতি রেখে নতুন এ আইনকে যুগোপযোগী করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, আইনের অনুমোদিত খসড়ায় শিশুদের বিশেষ সুরক্ষা দেওয়া, যত্ন-পরিচর্যা ও উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন—এমন শিশুদের নির্দিষ্ট করার কথা বলা হয়েছে। তিনি বলেন, এ আইন অনুযায়ী নয় বছরের কম বয়সী কোনো শিশুকে আদালতে বিচারের জন্য সোপর্দ করা যাবে না। শিশুদের জন্য শিশুবান্ধব পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হবে। অন্যান্য বিষয়ের মধ্যে বিশেষ করে আইনের সংস্পর্শে আসা এবং আইনের মুখোমুখি হয়ে পড়া শিশুদের জন্য আইনে প্রয়োজনীয় বিধান রাখা হয়েছে।চাকরি পাবেন মুক্তিযোদ্ধা পরিবারের অন্য সদস্যরা: মন্ত্রিসভার বৈঠকে মুক্তিযোদ্ধার সন্তানসহ মুক্তিযোদ্ধা পরিবারের অন্য সদস্যদের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং করপোরেশনে চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটায় অন্তর্ভুক্ত করার বিষয়ে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত ৩০ শতাংশ কোটায় কোনো মুক্তিযোদ্ধা বা তাঁর সন্তানদের পাওয়া না গেলে তাঁর ও নাতি-নাতনিরা মুক্তিযোদ্ধা কোটায় চাকরি করার সুবিধা পাবেন।গাছ কাটা নিষিদ্ধ: ১৯৯০ সালে নির্বাহী আদেশে সংরক্ষিত সব বনাঞ্চলের গাছ টাকা পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়। ১৯৯৫ সালে এই মেয়াদ আরও ১৫ বছর বাড়িয়ে ২০১০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। গতকালের সিদ্ধান্তের ফলে আরও পাঁচ বছর সংরক্ষিত বনের গাছ কাটা নিষিদ্ধ হলো।সরকারের কাজের প্রচার: বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভার সদস্যদের সরকারের দুই বছরের কর্মকাণ্ডের বিবরণ ওয়েবসাইটে দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেছেন, হালনাগাদ তথ্য সংগ্রহ করে সরকারের দুই বছরের কর্মকাণ্ড ওয়েবসাইটে দেওয়া হলে সাংবাদিকেরা লেখার সময় সরকারের কর্মকাণ্ড তুলনা করতে পারবেন এবং জনগণও সরকারের কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হতে পারবে।এ ছাড়া মন্ত্রিসভা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আইন ২০১০-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে যুক্তরাজ্যের বাজেট প্রণয়ন, ব্যবস্থাপনা ও নিরীক্ষা-সম্পর্কিত প্রতিবেদন মন্ত্রিসভাকে অভিহিত করা হয়।বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।