১৮ মার্কিনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া
রাশিয়া আজ শনিবার ১৮ জন মার্কিন নাগরিকের বিরুদ্ধে ওই দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্র ১৮ রুশ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা জারি করলে পাল্টা জবাব হিসেবে রাশিয়া এই নিষেধাজ্ঞা জারি করল। রাশিয়া বলেছে, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি দেশ দুটির সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করেছে। রয়টার্স জানায়, ম্যাগনিটস্কি আইনের আওতায় বারাক ওবামার প্রশাসন ১৮ জন রুশের একটি তালিকা তৈরি করে, যাঁদের ভিসা ও সম্পত্তি জব্দ করা হয়। আইনটি গত বছরের শেষের দিকে কংগ্রেসে পাস হয়। মার্কিনদের তৈরি এ তালিকাকে ‘বৈরী পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মার্কিন কংগ্রেসে রুশবিদ্বেষী সদস্যদের চাপে সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা দেশ দুটির দ্বিপক্ষীয় সম্পর্ক ও পারস্পরিক বিশ্বাসকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।’রাশিয়া যে মার্কিনদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাঁদের মধ্যে দুজন হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলের কর্মকর্তা। গুয়ানতানামো বের সাবেক এ দুই কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করে বন্দীদের ওপর নির্যাতন চালানোর অভিযাগ রয়েছে বলে জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, ‘এ ধরনের তালিকার প্রকাশ আমাদের লক্ষ্য নয়, কিন্তু আমাদের কোনো অধিকার নেই এ ধরনের ভয়ানক প্রতারণার বিষয়ে চুপ করে থাকা।’