১৮ মার্চ আ.লীগের দেশব্যাপী সাংগঠনিক সফর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮ মার্চ থেকে সারা দেশে মাসব্যাপী সাংগঠনিক সফরে যাচ্ছে আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে সাত বিভাগের বিভিন্ন জেলায় একযোগে দলের সাংগঠনিক কার্যক্রম শুরু হবে। এ সময় কেন্দ্রীয় নেতারা ১৬টি দলে বিভক্ত হয়ে সব সাংগঠনিক জেলায় সাধারণ সভা-সমাবেশ ও বর্ধিত সভায় অংশ নেবেন। গতকাল বুধবার ধানমন্ডির দলীয় কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। এর আগে সাংগঠনিক সফরের ব্যাপারে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে নীতিগত সিদ্ধান্ত হয়। তখন সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৈয়দা সাজেদা চৌধুরীকে সম্পাদকমণ্ডলীর সঙ্গে বসে সাংগঠনিক সফরসূচি চূড়ান্ত করার পরামর্শ দিয়েছিলেন বলে তিনি জানান। মাহবুবুল আলম জানান, সাংগঠনিক সফরের সময় সরকারের গত এক বছরের সাফল্য ও ভবিষ্যত্ কর্মপন্থা তুলে ধরা হবে। একই সঙ্গে জনগণের দাবিদাওয়া জেনে সরকারের উচ্চ পর্যায়ে তা উপস্থাপন করা হবে। তিনি বলেন, এ সফরের মাধ্যমে দলকে আরও সংগঠিত ও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে। সমাবেশ ও বর্ধিত সভার পাশাপাশি দলের সদস্য সংগ্রহ অভিযানও চলবে। সফরকালে বিরোধী দলের নেতিবাচক রাজনীতির ব্যাপারে জনগণকে সচেতন করা হবে। এক প্রশ্নের জবাবে মাহবুবুল আলম বলেন, সফরসূচি প্রায় চূড়ান্ত। কেবল একটু সংযোজন-বিয়োজন করতে হবে। এ ছাড়া মার্চ মাসের মধ্যে দলীয় উপকমিটি গঠন করা হবে। তিনি জানান, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ বিভাগের আওতাভুক্ত জেলার নেতাদের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট জেলায় সমাবেশ বা বর্ধিত সভার দিনক্ষণ ঠিক করবেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সম্পাদকদের মধ্যে দীপু মনি, আহমদ হোসেন, হাছান মাহমুদ, বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ মাহমুদ আল স্বপন, আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলি প্রমুখ উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম অসুস্থ থাকায় বৈঠকে অংশ নিতে পারেননি।