সংবাদ পরিবেশনে হস্তক্ষেপ করে আদালত ও গণমাধ্যমকে মুখোমুখি না করার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। তাঁরা বলেন, গণমাধ্যমের জবাবদিহি জনগণের কাছে, অন্য কারও কাছে নয়।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাব চত্বরে আয়োজিত গণ-অনশন কর্মসূচিতে সাংবাদিক নেতারা এ কথা বলেন। সাংবাদিক দম্পতিসহ সব সাংবাদিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার, নির্যাতন বন্ধ ও গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে সাংবাদিকদের সব সংগঠন ঐক্যবদ্ধ হয়ে এ কর্মসূচি পালন করে।জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির এই যৌথ কর্মসূচিতে সাংবাদিকদের বিভিন্ন সমিতি ও সংগঠন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন।সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ছয় ঘণ্টার অনশন শেষে ১৮ মার্চ বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সাংবাদিক মহাসমাবেশ ও ১৫ মার্চ পর্যন্ত ঢাকার বাইরে জেলা-উপজেলা পর্যায়ে সাংবাদিক সমাবেশ কর্মসূচি ঘোষণা করা হয়।গতকালের কর্মসূচিতে সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ঘটনায় সংবাদ প্রকাশের বিষয়ে আদালতের নির্দেশনায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।সাগর-রুনি হত্যাকাণ্ডের প্রতিবাদে ঢাকা ছাড়াও খুলনা, বগুড়া, ফরিদপুর, গোপালগঞ্জ, কুড়িগ্রাম, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, নেত্রকোনাসহ দেশের বিভিন্ন স্থানে গতকাল গণ-অনশন কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা। এ সময় বক্তারা সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার, জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া এবং সাংবাদিক নির্যাতন বন্ধে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।অনশনস্থলে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ বলেন, ‘বিচার বিভাগ থেকে কথা বন্ধের চেষ্টা হলে সাংবাদিকেরা তা মেনে নেবেন না। আদালত অবমাননার কারণে যদি জেলে যেতে হয়, তবে আমরা সবাই একসঙ্গে জেলে যাব।’বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘ঐক্যবদ্ধ হয়ে দাবি নিয়ে এগিয়ে যাওয়ার সময় আদালতের এই নির্দেশ অনাকাঙ্ক্ষিত। বিচার বিভাগ আমাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করলে আমরা চুপ করে থাকতে পারি না। সাগর-রুনির রক্তের ওপর দাঁড়িয়ে আমরা শপথ নিয়েছি। সাংবাদিকদের অধিকার আদায়ে এই ঐক্য টিকিয়ে রাখতে হবে।’বিএফইউজের আরেক অংশের সভাপতি রুহুল আমিন গাজী বলেন, ‘সাগর-রুনির খুনিদের গ্রেপ্তার নিয়ে সরকার টালবাহানা করছে। সাংবাদিকদের স্বাধীনতায় এর আগে যারাই হস্তক্ষেপ করেছে, তাদের হাত পুড়ে গেছে।’ তিনি বলেন, সাংবাদিকদের ঐক্যের যে সূচনা হয়েছে, তা বানচালের ক্ষমতা কারও নেই। বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল আদালতের উদ্দেশে বলেন, ‘এ নির্দেশ আপনারা দিতে পারেন না। আপনাদের কাজ আপনারা করুন, গণমাধ্যমকে তাদের কাজ করতে দিন। যার যা কাজ তা-ই করতে হবে।’লেখক-কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘খুনিদের কাঠগড়ায় দাঁড় না করিয়ে যেন গণমাধ্যমকেই কাঠগড়ায় দাঁড় করানো হলো। এর মাধ্যমে সত্যকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমরা একটি চৌরাস্তায় দাঁড়িয়ে আছি। এখান থেকে আমাদের একটি পথ বেছে নিতে হবে।’জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, দেরিতে হলেও সাংবাদিকদের ঐক্য সবার জন্য আশার আলো। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বলেন, ‘কারও নির্দেশনায় গণমাধ্যম চলবে না। গণমাধ্যমের ওপর যেকোনো বাধা এলে তা আমরা প্রতিহত করব।’সাংবাদিক নেতাদের মধ্যে আরও বক্তব্য দেন আলতাফ মাহমুদ, শাহ আলমগীর, এম এ আজিজ, ওমর ফারুক, আবদুস শহীদ, আবদুল জলিল ভূঁইয়া, সাখাওয়াত হোসেন, এম আবদুল্লাহ, মো. বাকের হোসাইন, শাবান মাহমুদ, সাজ্জাদ আলম খান প্রমুখ।গত ১১ ফেব্রুয়ারি ভোররাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। প্রায় তিন সপ্তাহ পেরিয়ে গেলেও খুনিদের গ্রেপ্তার করতে না পারায় সাংবাদিকেরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নেমেছেন।