বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানে লোক নিয়োগের ক্ষেত্রে নানা অনিয়মের অভিযোগ উঠছে। অনিয়মের কারণ ছাড়াও ক্ষেত্রবিশেষে সরকারি দলের প্রভাবশালীদের প্রকাশ্য হস্তক্ষেপে নিয়োগ স্থগিত রাখা হচ্ছে। বেশির ভাগ ক্ষেত্রে এ ঘটনা ঘটছে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে।জানা যায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগে কোনো সুনির্দিষ্ট নিয়োগ-বিধান প্রণয়ন করা হয়নি। শুধু একটি বাছাই কমিটি গঠন করে নিয়োগ-প্রক্রিয়া নির্ধারণের ক্ষমতা তাদের হাতেই দেওয়া হয়েছে। তাই নিয়োগ কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ীই নিয়োগ সম্পন্ন হয়। কোথাও লিখিত ও মৌখিক, আবার কোথাও শুধু মৌখিক সাক্ষাতের ভিত্তিতেই নিয়োগ দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট একাধিক বাছাই কমিটির সভাপতি তথা জেলা প্রশাসক, ক্ষেত্রবিশেষে অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানেরা বলছেন, ক্ষমতাসীন দলের মন্ত্রী-সাংসদ ও প্রভাবশালী নেতাদের তদবিরই এসব নিয়োগের মূল নিয়ামক। যেখানে তদবিরে কাজ হওয়া নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে, সেখানেই নিয়োগ বন্ধ বা স্থগিত রাখা হচ্ছে। আবার প্রশাসনিক ত্রুটির কারণেও নিয়োগ স্থগিত রাখার ঘটনা দেখা যাচ্ছে। এমনকি সুপ্রিম কোর্টে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের ক্ষেত্রে অভিযোগ ওঠায় তা স্থগিত করতে হয়েছে।প্রসঙ্গত, ২০০৯ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত ৪৬ হাজার ৫০২টি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের জন্য বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানের অনুকূলে সংস্থাপন মন্ত্রণালয় ছাড়পত্র দেয়। এর মধ্যে ১৮ মাসে নয় হাজার ৯৫টি পদের নিয়োগ বা চূড়ান্ত ফলাফল স্থগিত রাখা হয়েছে। বাকি নিয়োগের মধ্যে কিছু পদে আবেদন আহ্বান করা হয়েছে, কিছু পদে লিখিত বা মৌখিক পরীক্ষা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।অনুসন্ধানে জানা যায়, অর্থ, স্বরাষ্ট্র, যোগাযোগ, ভূমি মন্ত্রণালয়, পাবনা ও পঞ্চগড় জেলা প্রশাসন এবং যশোরের সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বা চূড়ান্ত ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে। এসব ক্ষেত্রে প্রায় ১০ হাজার পদে নিয়োগের কথা ছিল। এখন এসব নিয়োগ কবে হবে, তা নিয়ে সংশ্লিষ্ট নিয়োগ কর্তৃপক্ষ স্পষ্ট করে কিছু বলতে পারছে না। অথচ কয়েক লাখ নিয়োগপ্রত্যাশীর মধ্যে এ নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে। সংশ্লিষ্ট কর্মক্ষেত্রেও লোকবলের অভাবে কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।জানতে চাইলে সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, সব নিয়োগের মতো তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের বিধান আছে। সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বিধি-আইন) ফিরোজ মিয়া বলেন, ১৯৯৫ সালের বিধান অনুযায়ী তৃতীয় শ্রেণীর পদে জনবল নিয়োগের ক্ষেত্রে একটি বাছাই কমিটি গঠনের কথা বলা আছে। এই বাছাই কমিটিই ঠিক করবে, কোন প্রক্রিয়ায় নিয়োগ হবে। পরে চতুর্থ শ্রেণীর পদে নিয়োগের জন্য একই কমিটি কাজ করতে পারবে বলে নির্দেশনা জারি করা আছে। তাঁর মতে, প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা নিয়োগ-প্রক্রিয়া নির্ধারণ করে দেওয়া হলে সমস্যা দূর করা সম্ভব। এ জন্য নীতিনির্ধারণী পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন।জানা যায়, সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান বা তাঁর উপযুক্ত প্রতিনিধির নেতৃত্বে এ ধরনের বাছাই কমিটি গঠন করা হয়। তবে প্রক্রিয়া নির্ধারণের ক্ষেত্রে এই কমিটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব কম ক্ষেত্রেই প্রয়োগ করতে পারে। বেশির ভাগ ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রী-সাংসদ বা প্রভাবশালী নেতাদের পরামর্শেই নিয়োগ-প্রক্রিয়া ঠিক করা হয় বলে একাধিক বাছাই কমিটির সঙ্গে কথা বলে জানা যায়। এসব কমিটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, কোথাও নিজেদের মতো করে বাছাই কমিটি গঠন করে নিয়োগ-প্রক্রিয়া ঠিক করা হলেও শেষ পর্যন্ত রাজনৈতিক হস্তক্ষেপে নিয়োগ সম্পন্ন করা যায় না।অর্থ মন্ত্রণালয়: এ মন্ত্রণালয়ের অধীন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে অডিটর, জুনিয়র অডিটর, পিয়নসহ বিভিন্ন শ্রেণীর ৮৮৮টি পদে লিখিত পরীক্ষার তারিখ ছিল ২০০৯ সালের ২৩ অক্টোবর। পরীক্ষা গ্রহণের তারিখেই অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে পরীক্ষা স্থগিত করা হয়। অনেক পরীক্ষার্থীকে কেন্দ্রে এসে জানতে হয় পরীক্ষা স্থগিত হওয়ার কথা। কারণ আগেই পরীক্ষা স্থগিত করার কথা তাঁদের জানানো হয়নি। এসব পদে আবেদনকারীর সংখ্যা ছিল এক লাখ ১৫ হাজার। এখন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয় থেকে পদসংখ্যা বাড়িয়ে নতুন ছাড়পত্র দিতে সংস্থাপন মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ের সংশ্লিষ্ট শাখার একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে প্রথম আলোকে বলেন, পরীক্ষা গ্রহণ কেন স্থগিত করা হয়েছে, এর কোনো কারণ তাঁর জানা নেই। তবে তিনি শুনেছেন, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে এটি স্থগিত রাখা হয়। অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এটি ওপরের ব্যাপার। তবে নিশ্চয় কোনো অভিযোগ মন্ত্রণালয়ের কাছে ছিল, যার কারণে পরীক্ষা বন্ধ রাখা হয়।যোগাযোগ মন্ত্রণালয়: এই মন্ত্রণালয়ের অধীন একটি প্রতিষ্ঠান বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের বিভিন্ন পদে নিয়োগের জন্য ২০০৮ সাল থেকে প্রক্রিয়া শেষ করে ২০০৯ সালে সাত হাজার ২৭৫ জনের নিয়োগ চূড়ান্ত করা হয়। সংস্থাপন মন্ত্রণালয় গত ২ মে এই নিয়োগের অনুমোদন নাকচ করে দিয়েছে। সংস্থাপন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব লুৎফর রহমান জানান, রেলওয়ের ওই নিয়োগের ছাড়পত্র দিয়েছিলেন যোগাযোগ মন্ত্রণালয়ের একজন উপসচিব, যা এখতিয়ারবহির্ভূত।জানতে চাইলে যোগাযোগসচিব মোজাম্মেল হক খান প্রথম আলোকে বলেন, যদি সংস্থাপন মন্ত্রণালয়ের বক্তব্য সঠিক ধরে নেওয়া হয়, তবু এটি সামান্য প্রশাসনিক ত্রুটি। এ রকম ক্ষেত্রে কাজ সম্পাদনের পরে পূর্বের ঘটনার ভূতাপেক্ষা অনুমোদন দেওয়ার সুযোগ আছে। যদিও সংস্থাপন মন্ত্রণালয় সেটা মানতে রাজি নয়। সে অনুযায়ী ইতিমধ্যে আবারও ছাড়পত্র নেওয়া হয়েছে। ভূমি মন্ত্রণালয়: ভূমি জরিপ ও রেকর্ড অধিদপ্তরে ২২৩ জন পিয়ন পদের নিয়োগ আটকে আছে গত ফেরুয়ারি মাস থেকে। এ ক্ষেত্রে নিয়োগপ্রত্যাশীর সংখ্যা ছিল প্রায় ১০ হাজার। মন্ত্রণালয়ের নির্দেশে এই নিয়োগ স্থগিত করা হয়েছে। নিয়োগ স্থগিতকালে ভূমি প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমান বলেছিলেন, নিয়োগে অনিয়ম, দুর্নীতির অভিযোগ ওঠায় তা পরীক্ষা-নিরীক্ষার জন্য স্থগিত করা হয়েছে। তবে পাল্টা কথা রয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের। তাদের মতে, মন্ত্রী-সাংসদদের তদবিরের প্রার্থীর নিয়োগ নিশ্চিত না হওয়ার আশঙ্কায় মন্ত্রণালয় নিয়োগ স্থগিত করেছে।জানা যায়, যেসব প্রার্থীর লিখিত পরীক্ষা নেওয়া হয়, তা দেখার দায়িত্বে ছিলেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। নিয়োগ স্থগিত করে খাতা পুনরায় পরীক্ষার জন্য সেগুলো ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কাছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে চাওয়া হয়েছিল, কিন্তু বিশেষজ্ঞরা খাতা দিতে অস্বীকার করায় মন্ত্রণালয় খাতাগুলো যাচাই-বাছাই করতে পারছে না। চুক্তি অনুযায়ী ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরকে তাঁরা ফলাফল সরবরাহ করবেন। কিন্তু খাতা দেওয়ার শর্ত নেই চুক্তিতে। ফলে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তও নিতে পারছে না মন্ত্রণালয়। ভূমি মন্ত্রণালয়ের সচিব আতহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিষয়টি দীর্ঘদিন ঝুলে আছে সত্য, এ জন্য যাঁরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, তাঁদের মধ্য থেকে মৌখিক পরীক্ষা নেওয়া যায় কি না, তা নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়: এ মন্ত্রণালয়ের সাতজন পিয়নের নিয়োগ দিতে অনিয়মের অভিযোগ ওঠে। নম্বরপত্র বা খাতা উলট-পালট করা হয়েছে—এ রকম অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ পর্যন্ত খাতাগুলো জব্দ করে রমনা থানার পুলিশ হেফাজতে রাখে। উচ্চমান সহকারী (কম্পিউটার অপারেটর) ১০টি পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এসব পদে নিয়োগের বাছাই কমিটির প্রধান ছিলেন উপসচিব (প্রশাসন) মনিরুল ইসলাম। পরে তাঁকে ওএসডি করা হয়। পিয়ন পদে শুধু লিখিত পরীক্ষা শেষ হয়েছিল। কিন্তু নম্বরপত্র জালিয়াতির লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় গোটা পরীক্ষার ফল স্থগিত করে রাখে। এ বিষয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় মন্ত্রণালয়ের উপসচিব (রাজনৈতিক) সিদ্দিকুল্লাহ ভূঁইয়াকে। গতকাল তিনি প্রথম আলোকে জানান, তদন্ত শেষ হয়েছে। প্রতিবেদন সচিবের কাছে দেওয়া হয়েছে। তাঁর মতে, পিয়ন পদে নিয়োগের ক্ষেত্রে কিছু ত্রুটি পাওয়া গেছে। তবে উচ্চমান সহকারী পদে নিয়োগে তিনি কোনো ত্রুটি পাননি। যশোর ও পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়: এ দুটি স্থানে প্রায় ১০০ পদে নিয়োগের জন্য কার্যক্রম চলাকালে অপ্রীতিকর ঘটনার জন্য সাময়িক পরীক্ষা গ্রহণ স্থগিত রাখা হয়। এর মধ্যে যশোরে মৌখিক পরীক্ষা চলাকালে স্থানীয় আওয়ামী লীগের নেতারা তাঁদের পছন্দের তালিকায় চাকরি দিতে সিভিল সার্জনকে চাপ প্রয়োগ করেন। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে পরীক্ষা স্থগিত করা হয়।এ বিষয়ে জানতে চাইলে সিভিল সার্জন তরুণ কান্তি সিকদার প্রথম আলোকে বলেন, তাঁকে ফলাফল ঘোষণা স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।পঞ্চগড়ে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ পরীক্ষার্থীরা হামলা-ভাঙচুর করেছেন। এরপর মৌখিক পরীক্ষা স্থগিত রাখতে হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আবুল হাসনাত প্রথম আলোকে বলেন, ফলাফল বা পরীক্ষা গ্রহণ বেশি দিন স্থগিত রাখার সুযোগ নেই। অবশ্যই ৫ অক্টোবরের মধ্যে চূড়ান্ত ফল ঘোষণা করতে হবে, না হলে গোটা নিয়োগ বাতিল হয়ে যাবে।পাবনা জেলা প্রশাসন: ১৭ সেপ্টেম্বর পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে ৪৮টি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কিছু পদে নিয়োগে বাছাই কমিটির সিদ্ধান্তে লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা গ্রহণের প্রস্তুতিকালে যুবলীগ-ছাত্রলীগের একটি অংশ হামলা করে পরীক্ষা ভণ্ডুল করে দেয়। এ ঘটনায় দুটি মামলা করেন দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এতে যুবলীগ-ছাত্রলীগের ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়।সুপ্রিম কোর্টে সরাসরি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ স্থগিত রাখতে মন্ত্রণালয়ের চিঠি: সুপ্রিম কোর্টের চলমান সরাসরি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-প্রক্রিয়া সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ১৬ সেপ্টেম্বর এমএলএসএস পদে নিয়োগের জন্য ৭৫৬ প্রার্থীর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল ১০টা থেকে এবং বেলা আড়াইটা থেকে পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সকালের পরীক্ষা হলেও দুপুর সোয়া ১২টার দিকে তা স্থগিত করা হয়।১৪ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের চলমান সরাসরি কর্মকর্তা-কর্মচারী নিয়োগ-প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার অনুরোধ জানিয়ে আইন মন্ত্রণালয় থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠানো হয়। চিঠিতে আইনি জটিলতা পরিহারের উদ্দেশ্যে নিয়োগ-প্রক্রিয়া স্থগিত রাখার কথা বলা হয়।ঢাকা মেডিকেল: এ সরকারের শুরুর দিকে এ প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে কেলেঙ্কারির ঘটনায় সম্পূর্ণ নিয়োগই বাতিল করতে হয়। ১৭১ জনের পরীক্ষা নিয়ে নিয়োগপত্র দেওয়া হয়েছিল ৩৫৪ জনকে। রাজনৈতিক চাপ ও তৎকালীন মেডিকেল কর্তৃপক্ষের দুর্নীতির কারণে এ পরিস্থিতির উদ্ভব হলে নিয়োগ বাতিল করা হয়। প্রাথমিক শিক্ষক নিয়োগ: মন্ত্রী-সাংসদদের তালিকায় শিক্ষক নিয়োগ না দেওয়ায় এখন পর্যন্ত চাপের মধ্যে আছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককেও নানা হুমকি দেওয়া হচ্ছে ফোনে। সংসদে কয়েকজন সাংসদ প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রীকে গালমন্দ করেছেন তাঁদের পছন্দের শিক্ষক নিয়োগ না পাওয়ায়। এবার ৩২ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু আলম শহীদ খান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে।