১৮টি পৌরসভায় পুনর্নির্বাচন চেয়েছে বিএনপি
নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলার মোট ১৪টি, চাঁদপুরের তিনটি ও চট্টগ্রামের সন্দ্বীপ—এই ১৮টি পৌরসভায় পুনর্নির্বাচন দাবি করেছে বিএনপি। তারা অভিযোগ করেছে, এসব পৌরসভায় সরকারি দলের সমর্থক মেয়র পদপ্রার্থীরা ভোটকেন্দ্র দখল করে বিএনপি-সমর্থিত প্রার্থীদের এজেন্টদের বের করে দিয়েছেন। সরকার-সমর্থকেরা ভোটারদের আসতে না দিয়ে জালভোট দিয়েছে।আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।এম কে আনোয়ারের অভিযোগ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রশাসনকে চাপ দিয়ে নির্বাচনের ফলাফল তাঁদের পক্ষে নিয়ে যেতে চাইছেন। কাল বুধবার বৃহত্তর নোয়াখালীতে স্থানীয় বিএনপির ডাকা হরতালে কেন্দ্রের সমর্থনের কথা জানান এম কে আনোয়ার। সংবাদ সম্মেলনে বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা উপস্থিত ছিলেন।অবশ্য বিএনপি কেন্দ্রীয়ভাবে চাঁদপুরের তিন পৌরসভা ফরিদগঞ্জ, ছেঙ্গারচর ও কচুয়ায় পুনর্নির্বাচন দাবি করলেও চাঁদপুর জেলা বিএনপি কেবল ছেঙ্গারচরে পুনর্নির্বাচন দাবি করেছে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমরা ছেঙ্গারচর পৌরসভায় পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠিয়েছি। অন্য কোনো পৌরসভায় নির্বাচন নিয়ে আমাদের আপত্তি নেই। অন্য পৌরসভায় শান্তিপূর্ণ ভোট হয়েছে।’ঢাকায় সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার বলেন, বেশ কয়েক দিন ধরে দেশের পত্রপত্রিকায় বৃহত্তর নোয়াখালী ও চাঁদপুরের কয়েকটি পৌরসভা নির্বাচন নিয়ে আশঙ্কার কথা প্রচার হচ্ছিল। পত্রিকাগুলো যে সন্দেহ করেছিল, তাই কার্যে পরিণত হয়েছে। শেষ পর্যন্ত আওয়ামী লীগ প্রমাণ করেছে, তাদের প্রশাসনের আওতায় দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না।