বিডিআরে বিদ্রোহ: এত অধিকসংখ্যক জওয়ানের শুনানি শেষ হতে আরও দুই দিন সময় লাগতে পারে
১৮৩ জনকে অভিযোগ পড়ে শোনানো হয়েছে
২৪ রাইফেল ব্যাটালিয়নের জওয়ান মাসুম ব্যাটালিয়নের মেজর মমিনুল ইসলামকে দরবার হলের পূর্ব পাশের পুকুরপাড় থেকে ধরে টেনে-হিঁচড়ে এনে গুলি করে হত্যা করেন। জওয়ান শামীম লে. কর্নেল আসিফকে বাসা থেকে জোর করে ধরে এনে কোয়ার্টার গার্ডে আটকে রাখেন, মেজর ইশতিয়াকের গাড়িতে আগুন ধরিয়ে দেন। জামিরুল ইসলামের বাসায় পাওয়া যায় মহাপরিচালকের বাসভবন থেকে লুট করা টাকা ও স্বর্ণালংকার। এমন অভিযোগ আরও অনেক জওয়ানের বিরুদ্ধে। বিডিআর বিদ্রোহের বিচারের জন্য গঠিত বিশেষ আদালত-৫-এ গতকাল সোমবার এঁরাসহ ২৪ রাইফেল ব্যাটালিয়নের ৬৬৭ জওয়ানকে হাজির করা হয়। গত রোববার থেকে এ আদালতে এসব জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। গতকাল পর্যন্ত ১৮৩ জনের বিরুদ্ধে অভিযোগের শুনানি শেষ হয়েছে। আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, এত অধিকসংখ্যক জওয়ানের শুনানি শেষ হতে আরও দুই দিন সময় লাগতে পারে। শুনানি শেষ হওয়ার পরই এসব জওয়ানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে। গতকাল আদালতে কয়েকজন জওয়ানের পক্ষের আইনজীবীও উপস্থিত ছিলেন। তবে তাঁরা আসামিকে পরামর্শ দেওয়া ছাড়া কোনো বক্তব্য উপস্থাপন করতে পারবেন না। আদালতে দেওয়া সব বক্তব্য কম্পিউটারের মাধ্যমে উপস্থাপন করা হয়। দেশের কোনো আদালতে এ ধরনের উপস্থাপনা এই প্রথম। ঢাকা কেন্দ্রীয় ও কাশিমপুর কারাগার থেকে আসামিদের সকাল ১০টায় বিডিআর দরবার হলের বিশেষ আদালতে হাজির করা হয়। আসামিদের ১৪ জন ডান্ডাবেড়ি পরানো অবস্থায় ছিলেন। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল রফিকুল ইসলাম আদালতে সভাপতিত্ব করেন। শুনানির শুরুতেই আদালত একজন একজন করে আসামির নাম উল্লেখ করে তাঁর বিরুদ্ধে কী অভিযোগ আছে, তা বলেন। এসব অভিযোগের মধ্যে ছিল মহাপরিচালকের নির্দেশ অমান্য করে ও বিদ্রোহ দমনে ভূমিকা পালন না করে দরবার হল ত্যাগ, অস্ত্রভান্ডার লুট, ঊর্ধ্বতন কর্মকর্তাদের লাঞ্ছিত করা, বৈঠক করে অন্যদের উসকে দেওয়া, সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দেওয়া, সৈনিক লাইনের সামনে গিয়ে মাইক নিয়ে হুমকি দিয়ে নিরীহ সৈনিকদের বিদ্রোহে অংশ নিতে বাধ্য করা, অস্ত্র-গুলি ও মূল্যবান সামগ্রী লুট, গুলি করা, গাড়িতে মাইক লাগিয়ে সৈনিকদের উসকানিমূলক বক্তব্য দেওয়া, তদন্ত আদালতকে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা, কর্তব্য পালনে অবহেলা, গাড়িতে অগ্নিসংযোগে সহায়তা ইত্যাদি। সিপাহি আবদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ করা হয়, কর্মকর্তাদের বাসা লুট করা টাকা তিনি নিজের বাড়িতে পাঠিয়েছেন। জাহাঙ্গীর আলম মাইকিং করে জওয়ানদের বিদ্রোহে উসকানি দিয়েছেন। গাড়িচালক ওমর ফারুক কোত ও ম্যাগজিন ভেঙে অস্ত্র ও গুলি লুট করে জওয়ানদের মধ্যে বিতরণ করেন। জওয়ান ইমরান চৌধুরী লে. কর্নেল লুৎফর রহমানকে এনে মারধর করেন। তোফাজ্জল হোসেন নিজে মেজর ইশতিয়াক ও মেজর শামীমকে নির্যাতন করেন। কেন্দ্রীয় ভান্ডারের দায়িত্বে থাকা জিয়াউর রহমান ভান্ডার রক্ষা না করে উল্টো লুটপাট করেন।ব্যাটালিয়নের সুবেদার মতিউর রহমান ৬৬৮ জনকে আসামি করে এই অভিযোগ দায়ের করেন। গত ৩১ মার্চ মামলাটির বিচারকাজ শুরু হয়। এর মধ্যে গত ১৪ মে আসামি জয়নাল আবেদীন ভূঁইয়া হূদরোগে আক্রান্ত হয়ে মারা যান।আদালত শেষে বিডিআরের ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল আজিজ আহমেদ বলেন, ১৯৯১ সালে বিডিআরে আরেকটি বিদ্রোহ হয়েছিল। সেই বিদ্রোহের বিচার সম্পন্ন হলে ২০০৯ সালের বিদ্রোহ আর হতো না। তিনি বলেন, এ আদালতে শুধু বিদ্রোহের বিচার হচ্ছে। খুনসহ মারাত্মক অপরাধের বিচার হবে ফৌজদারি আদালতে। সিআইডি পুলিশ সেই মামলার তদন্ত করছে। আজ সকাল ১০টায় আদালতের কার্যক্রম আবার শুরু হবে।