১৮৬টি কমিউনিটি ক্লিনিক মাকড়-ইঁদুরের দখলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত কমিউনিটি ক্লিনিকগুলো এখন কোনো কাজেই আসছে না। গ্রামীণ জনগোষ্ঠীর, বিশেষ করে মেয়েদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা ও শিশু স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার জেলায় ১৮৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন করেছিল। প্রতিষ্ঠার পর কিছুদিন এসব প্রতিষ্ঠান থেকে মানুষ স্বাস্থ্যসেবা পেলেও বর্তমানে বন্ধ রয়েছে। এখন এসব প্রতিষ্ঠান মাকড় ও ইঁদুরের নিরাপদ বাসস্থানে পরিণত হয়েছে। অনেক জায়গায় কমিউনিটি ক্লিনিক অরক্ষিত হয়ে পড়ে আছে। খুলে নেওয়া হয়েছে ভবনের জানালা-দরজা, খসে পড়ছে দেয়ালের পলেস্তারা।কুষ্টিয়া সিভিল সার্জন অফিসের তথ্য মতে, জেলায় প্রস্তাবিত ২০০ কমিউনিটি ক্লিনিকের স্থলে সে সময় ১৮৬টি ক্লিনিক নির্মাণ করা হয়। এর মধ্যে দৌলতপুর উপজেলায় ৪৩টি, মিরপুরে ৩৬টি, ভেড়ামারায় ১৮টি, কুমারখালীতে ৩৯টি, খোকসায় ১৬টি ও সদর উপজেলায় ৩৪টি ক্লিনিক রয়েছে।জানা গেছে, এসব ক্লিনিকে একজন করে স্বাস্থ্য সহকারী ও একজন করে পরিবারকল্যাণ সহকারীর পদ রয়েছে। এসব পদে নতুন কোনো লোক নিয়োগ না দিয়ে ইউনিয়ন পরিবারকল্যাণ কেন্দ্রগুলোয় কর্মরত লোকদের ওপর অতিরিক্ত হিসেবে এ দায়িত্ব দেওয়া হয়।কিন্তু ২০০১ সালে চারদলীয় জোট সরকার ক্ষমতায় এসে এ প্রকল্পটির কার্যক্রম বন্ধ করে দেয়। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর সীমিতভাবে প্রকল্পটির কাজ শুরু করলেও তা মাঝ পথেই থেমে যায়।জেলার মিরপুর উপজেলার গৃহিণী রাবেয়া খাতুন বলেন, ‘কমিউনিটি ক্লিনিক থেকে সপ্তাহে এক দিন চিকিৎসা দেওয়া হতো। কিন্তু এখন ক্লিনিকগুলো বন্ধ হয়ে যাওয়ায় তা থেকে বঞ্চিত হচ্ছি। এখন সামান্য অসুখ-বিসুখের জন্যও আমাদের উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে ছুটে যেতে হয়।’সিভিল সার্জন অফিসের এক কর্মকর্তা বলেন, ‘ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জেলা সিভিল সার্জন অফিসে ক্লিনিকগুলো চালুর ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে এবং সে লক্ষ্যে ইতিমধ্যে কাজও শুরু হয়ে গেছে। অচিরেই পূর্ণাঙ্গরূপে এসব হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হবে।’