১৮৮ জনের জন্য মন্ত্রীর এপিএসের সুপারিশ!
মৎস্য অধিদপ্তরের অধীনে অফিস সহকারী (পিয়ন) গাড়িচালক, পাম্পচালক, নৈশপ্রহরী ও ঝাড়ুদার পদে ২৮৯ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে। এসব পদের জন্য মন্ত্রী, সাংসদ, আমলা আর রাজনীতিবিদেরা সুপারিশ করেছেন এবং মন্ত্রণালয় থেকে সুপারিশপ্রাপ্তদের একটি তালিকাও অধিদপ্তরে পাঠানো হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৮৯ জন সম্ভাব্য নিয়োগপ্রাপ্তের মধ্যে ১৮৮ জনের নামই সুপারিশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের সহকারী একান্ত সচিব (এপিএস) হিলটন কুমার সাহা। বাকি পদের জন্য সুপারিশ করেছেন তিনজন মন্ত্রী, একজন মেয়র, প্রধানমন্ত্রীর দুজন উপদেষ্টা, তিনজন প্রতিমন্ত্রী, ১০ জন সাংসদ, তিনজন সচিব, ২৬ জন বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন জন।মৎস্য ও প্রাণিসম্পদ-মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের নিজের জেলা সিরাজগঞ্জের মাত্র আটজন প্রার্থীর জন্য হিলটন কুমার সাহার নামে সুপারিশ করা হয়েছে। আর ঢাকা জেলার জন্য সর্বোচ্চ ৩৫ জন, ব্রাহ্মণবাড়িয়ার ২৭ জন, চট্টগ্রামের ২১ জনসহ বিভিন্ন জেলার ১৮৮ জনের জন্য সুপারিশ করেছেন তিনি।এই নিয়োগ-প্রক্রিয়ায় অসংগতির অভিযোগ তুলে অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের ১২ জন কর্মকর্তা হাইকোর্টে রিট করেছেন। আদালত তিন মাসের জন্য নিয়োগ-প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দিয়ে রুল জারি করেন।নাম প্রকাশ না করার শর্তে অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, ওই তালিকার ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচিতদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকায় দেখা যায়, ‘মিসেস মন্ত্রী মহোদয়’ নামে ঝালকাঠি ও শরীয়তপুর জেলার চারজন প্রার্থীর জন্য সুপারিশ করা হয়েছে।গত জুনের প্রথম সপ্তাহ থেকে মাসজুড়ে প্রার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এরপর মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর দপ্তর থেকে সুপারিশের তালিকা পাঠানো হয় অধিদপ্তরে। তালিকায় জেলা অনুযায়ী টালি করে প্রার্থীর নাম, রোল নম্বর, পদের নাম ও সুপারিশকারীর নাম পর্যায়ক্রমে দেওয়া হয়। তালিকায় সুপারিশ করা এক প্রার্থীর নামের পাশে লেখা আছে, তিনি পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন।মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতে ১৯৭ জন পিয়ন, ২৯ জন গাড়িচালক, ২৩ জন নৈশপ্রহরী, ১৪ জন পাম্প অপারেটর, আটজন ঝাড়ুদারসহ মোট ২৬৩ জনের নিয়োগের জন্য গত ৩ জানুয়ারি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরে মোট পদসংখ্যা ২৬ জন বাড়িয়ে ২৮৯টি পদের জন্য নিয়োগ-প্রক্রিয়া শুরু হয়। বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ৪৫ হাজার আবেদনপত্র জমা পড়ে। অধিদপ্তর পাঁচটি বোর্ডের মাধ্যমে শুধু মৌখিক পরীক্ষার ভিত্তিতে জনবল নিয়োগের ব্যবস্থা করেছে।সুপারিশকারীদের কয়েকজন: প্রাপ্ত তথ্যে দেখা যায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত আটজন এবং যুগ্ম সচিব ছয়জনের জন্য সুপারিশ করেছেন। অধিদপ্তরের বর্তমান মহাপরিচালক আরিফ আজাদ চারজন এবং সাবেক মহাপরিচালক মাহবুবুর রহমান খান দুজন প্রার্থীর জন্য সুপারিশ করেছেন।সাতক্ষীরা কোটায় স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক দুজনের জন্য, সাংসদ শেখ হেলাল বাগেরহাটের দুই প্রার্থীর জন্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মীর শওকত আলী বাদশা একজনের জন্য সুপারিশ করেছেন। মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) তাজুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব চারজনের জন্য সুপারিশ করেছেন।নেত্রকোনা-৪ আসনের সাংসদ রেবেকা মোমিন, নেত্রকোনা-৫-এর ওয়ারেস হোসেন বেলাল, নেত্রকোনা-৩-এর সাংসদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মনজুর কাদের কোরেশী একজন করে প্রার্থীর জন্য সুপারিশ করেছেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বিএনপির সাংসদ আশরাফ উদ্দিন নিজান ছয়জন প্রার্থীর জন্য সুপারিশ করেছেন।মনজুর কাদের কোরেশী প্রথম আলোকে বলেন, ‘যেকোনো নিয়োগের সময় কর্মী বা নেতা-কর্মীরা এসে সুপারিশ করতে বললে আমরা তা করে দিই।’সর্বোচ্চ ১৮৮ জনের জন্য সুপারিশকারী মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর এপিএস হিলটন কুমার সাহা প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রীর বিশেষ ব্যক্তিগত সহকারী হিসেবে বেশির ভাগ তদবির আমার হাতে আসে। নানা ধরনের মানুষ তদবির করে। তাদের তো আর মহাপরিচালক সাহেব চিনবেন না। তাই মন্ত্রীর সহকারী হিসেবে সেগুলো আমার নামে সুপারিশ হিসেবে পাঠানো হয়।’নিজ মন্ত্রণালয়ের অধীনে জনবল নিয়োগের ক্ষেত্রে সুপারিশ করার প্রসঙ্গে মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস বলেন, ‘আমরা রাজনীতি করি। তাই কোথাও লোক নিয়োগের কথা শুনলেই নানা জায়গা থেকে আমাদের কাছে সুপারিশ নিতে আসে লোকজন। আমরা তাদের তো আর না বলতে পারি না। তাই সব তদবির অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠিয়ে দিয়েছি। তিনি যোগ্যতা অনুযায়ী ব্যবস্থা নেবেন।’মহাপরিচালক আরিফ আজাদ এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘জনবল নিয়োগের ক্ষেত্রে সুপারিশ আসতেই পারে। তবে মৎস্য অধিদপ্তর নিয়মনীতির বাইরে কোনো নিয়োগ দেবে না।’মহাপরিচালক নিয়োগ নিয়ে প্রশ্ন: নয়জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে ডিঙিয়ে এ নিয়োগ কমিটির সদস্যসচিব আরিফ আজাদকে সম্প্রতি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক করা হয়েছে। অভিযোগ উঠেছে, চতুর্থ শ্রেণীর এ নিয়োগ-প্রক্রিয়া প্রভাবিত করতে এটি করা হয়েছে।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস প্রথম আলোকে বলেন, ‘আরিফ আজাদের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ আছে। তার তদন্তও চলছে। আরিফ আজাদ প্রথম ১০ জনের মধ্যে দক্ষ এবং তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাঁকে মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।’হাইকোর্টের রুল: ওই ২৮৯ জন কর্মচারী নিয়োগে অসংগতির অভিযোগ তুলে ১১ জন প্রকল্প কর্মকর্তার পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ আদালতে রিট আবেদন করেন। গত ২৫ আগস্ট বিচারপতি শামসুদ্দিন চৌধুরী ও গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ নিয়োগ-প্রক্রিয়া তিন মাসের জন্য স্থগিতের আদেশ দেন।