১৯ আসামির বিরুদ্ধেই মামলা চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরের ব্যবসায়ী আফতাব উদ্দীন হত্যা মামলায় আসামিদের অব্যাহতির আদেশ বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ রায় দেন। এর ফলে বিচারিক আদালতে মামলার কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানিয়েছেন। রায় প্রসঙ্গে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল মান্নান মোহন প্রথম আলোকে বলেন, ‘আসামিদের অব্যাহতি আদেশ কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে ওই আদেশ অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তা বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে এখন নিম্ন আদালতে ১৯ আসামির বিরুদ্ধেই মামলার কার্যক্রম চলবে।’ বাদীপক্ষের আইনজীবী শহিদুল ইসলাম জানান, মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির সিদ্ধান্তে পিপির আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ৩ অক্টোবর ব্যবসায়ী আফতাব হত্যা মামলার সব আসামিকে অব্যাহতি দেওয়া হয়। পরে শুধু প্রধান আসামি ওসমান গণিকে অব্যাহতি দিয়ে মামলাটি পুনরুজ্জীবিত করার আবেদন করা হলে গত ২৯ নভেম্বর আদালত তা মঞ্জুর করেন। হাইকোর্ট দুটি আদেশই বাতিল ঘোষণা করেছেন।প্রথম আলোতে এ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর গত মাসে হাইকোর্ট স্বতঃপ্রণোদিত রুল জারি করেন। মামলার নথিপত্রও তলব করা হয়। গত সোমবার মূল মামলার বাদীর পক্ষভুক্ত হওয়ার আবেদন মঞ্জুর হয়। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী শহিদুল ইসলাম। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল মান্নান মোহন মামলা পরিচালনা করেন। এ ছাড়া অ্যামিকাস কিউরি হিসেবে আইনজীবী এস এম শাজাহান ও সরওয়ার আহমেদ শুনানিতে অংশ নেন।ঘটনার বিবরণ: ২০০৫ সালের ২৫ ডিসেম্বর মিরপুর ২ নম্বর সেকশনের ই-ব্লকে নিজ বাসার কাছে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ব্যবসায়ী আফতাব। ২৮ ডিসেম্বর শমরিতা হাসপাতালে মারা যান তিনি। আফতাব উদ্দিন মিরপুর ১ নম্বরের মুক্তবাংলা শপিং কমপ্লেক্স পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।এ ঘটনায় শাহাদত, খোরশেদ, তাঁদের ১৩ সহযোগীর নাম উল্লেখসহ আরও পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা সন্ত্রাসীকে আসামি করে মিরপুর থানায় হত্যা মামলা করেন আফতাবের ভাই আফরোজ উদ্দিন।আদালত সূত্র জানায়, শাহাদত ও খোরশেদের ১১ সহযোগী গ্রেপ্তার বা আত্মসমর্পণ করেন। পরে নয়জন আদালত থেকে জামিন পান। ২০০৭ সালে র‌্যাাব-৪ শাহাদত, খোরশেদ ও তাঁদের ১৭ সহযোগীকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আসামি রেজা দেওয়ান ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।