১৯ এপ্রিল পর্যন্ত সাকা চৌধুরীকে আটক রাখার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে (সাকা চৌধুরী) ১৯ এপ্রিল পর্যন্ত আটক রাখার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এ সময়ের মধ্যে এ-সংক্রান্ত তদন্তকাজ শেষ করতে তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে।আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিনজন সদস্যের একটি বেঞ্চ এ নির্দেশ দেন। সকাল সাড়ে ১০টার দিকে ট্রাইব্যুনালে তাঁকে আটক রাখার বিষয়ে শুনানি শুরু হয়ে দুপুর সোয়া ১২টার দিকে শেষ হয়।আজ আদালতে সাকা চৌধুরী নিজেই নিজের পক্ষে শুনানি করেন। তাঁর কোনো আইনজীবী ছিল না। তবে তিনি আদালতে তাঁকে আইনি সহায়তা দেওয়ার জন্য কয়েকজন আইনজীবীর সহায়তা প্রার্থনা করেন। এ পরিপ্রেক্ষিতে আদালত এ ধরনের আইনি সহায়তা দেওয়া যাবে উল্লেখ করে বলেন, হয় তাঁকে নিজেকেই মামলা পরিচালনা করতে হবে অথবা আইনজীবী নিয়োগ দিতে হবে। সাকা চৌধুরী অন্য একটি মামলার রায়ের সার্টিফাইড কপি চাইলে আদালত বলেন বর্তমানে এ মামলা-সংক্রান্ত তথ্য দেওয়া যাবে। আর অন্য মামলার বিষয়টি বর্তমানে সাকার কোনো কাজে আসবে না বলে আদালত উল্লেখ করেন । অন্যদিকে সাকা চৌধুরী সংসদে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করলে ট্রাইব্যুনাল তাঁকে এ বিষয়ে হাইকোর্টে রিট করতে বলেন। একই সঙ্গে সাকা চৌধুরী বেসরকারি বিশেষায়িত হাসপাতালে চিকিত্সাসেবার সুযোগ প্রার্থনা করেন। এর জবাবে ট্রাইব্যুনাল জানান, এ বিষয়ে হাইকোর্ট ডিভিশনে একটি মামলা চলছে, তাই এ ব্যাপারে কিছু বলা যাবে না। তবে ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষকে সাকা চৌধুরীর চিকিত্সা বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।এর আগে সকাল সাড়ে আটটার দিকে তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে আনা হয়। এ দিকে সাকার বিষয়ে শুনানিকে কেন্দ্র করে পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট অঙ্গনে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ট্রাইব্যুনালের প্রবেশমুখে বসানো হয় বাড়তি নিরাপত্তা। ট্রাইব্যুনাল নির্ধারিত পাস নিয়ে সংশ্লিষ্টদের প্রবেশ করতে হয়েছে। গত ৩০ ডিসেম্বর সালাউদ্দিন চৌধুরীকে ট্রাইব্যুনালে প্রথমবারের মতো হাজির করা হয়েছিল। ওই দিন ট্রাইব্যুনাল কারা কর্তৃপক্ষকে সাকা চৌধুরীকে ওকালতনামায় স্বাক্ষর ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে বলেন।গত ১৬ ডিসেম্বর ভোরে বনানীর একটি বাসা থেকে সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এর আগে সুষ্ঠু ও কার্যকর তদন্তের স্বার্থে ১৫ ডিসেম্বর তাঁকে আটক বা গ্রেপ্তার রাখার নির্দেশনা চেয়ে তদন্ত সংস্থার পক্ষ থেকে আইনজীবীদের (প্রসিকিউটর) মাধ্যমে ট্রাইব্যুনালে একটি আবেদন করা হয়। গত ১৯ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপির এই নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে নির্দেশ দেন। একই সঙ্গে তাঁকে ৩০ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছিল।