১৯ ও ২০ মে আঞ্চলিক জলবায়ু সম্মেলন হবে
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) উদ্যোগে আগামী ১৯ ও ২০ মে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী জলবায়ু সম্মেলন। আফ্রিকা ও এশিয়ার ১৫টি স্বল্পোন্নত দেশ এ সম্মেলনে যোগ দেবে বলে আশা করা হচ্ছে। সম্মেলনে ইইউয়ের জলবায়ু পরিবর্তন কমিশনের সভাপতি ডেনমার্কের জলবায়ুমন্ত্রী কনি হেডগার্ড যোগ দেবেন বলে আজ রোববার বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ প্রথম আলোকে জানিয়েছেন।যুক্তরাজ্য সরকারের আমন্ত্রণে পাঁচ দিনের সফর শেষে দেশে ফিরে হাছান মাহমুদ এসব কথা জানান। এ সফরকালে প্রতিমন্ত্রী যুক্তরাজ্যের জলবায়ুমন্ত্রী এডওয়ার্ড মিলিব্যান্ড, বৈদেশিক উন্নয়নবিষয়ক সংস্থার (বিএফআইডি) প্রতিমন্ত্রী মাইকেল ফস্টার ও প্রধান জলবায়ু সমঝোতাকারী রবিন গাওয়াইনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।আগামী মে মাসে বাংলাদেশে অনুষ্ঠেয় আঞ্চলিক সম্মেলনে সরকার আর্থিক সহযোগিতা দেবে বলে যুক্তরাজ্য সরকার হাছান মাহমুদকে আশ্বস্ত করেছে বলে তিনি জানান।এই সম্মেলনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে হাছান মাহমুদ জানান, জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কণ্ঠ আরও সোচ্চার করা এবং কপ১৬ সম্মেলনের আগেই বিশ্বের সব রাষ্ট্র জলবায়ু মোকাবিলায় যাতে একটি মতৈক্যে পৌঁছাতে পারে, সে লক্ষ্যেই এই সম্মেলন।এরই মধ্যে মালদ্বীপ, নেপাল, ভুটান, কম্বোডিয়াসহ বেশ কয়েকটি দেশ সম্মেলনে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অংশগ্রহণকারী সব দেশের মন্ত্রিপর্যায়ের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দেবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।