১৯ জুলাই শুনানি, পুলিশের দুই কর্মকর্তাকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে বিচারক পেটানোর ঘটনায় করা এক রিটের পরিপ্রেক্ষিতে জেলার পুলিশ সুপারসহ তিন পুলিশ কর্মকর্তা গতকাল বুধবার হাইকোর্টে হাজিরা দিয়েছেন। তাঁদের মধ্যে পুলিশ সুপারকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয়। অপর দুই কর্মকর্তাকে আগামী ১৯ জুলাই আদালতে হাজির হতে বলা হয়েছে। একইসঙ্গে ওই দিন পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন।১০ জুন নরসিংদী জজ আদালতের মূল ফটকে যুগ্ম দায়রা জজ মো. ইমান আলী শেখকে পুলিশ পেটায় বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন শামীম পরদিন হাইকোর্টে রিট আবেদন করেন। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুল জারি করেন। পাশাপাশি পুলিশের তিন কর্মকর্তাকে ২০ জুন হাজির হতে নির্দেশ দেন। তাঁরা হলেন নরসিংদীর পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও নরসিংদীর ভারপ্রাপ্ত কর্মকর্তা (গোয়েন্দা শাখা)। গতকাল তাঁরা আদালতে হাজির হন ও ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।আদালতে রিটের পক্ষে শুনানি করেন কে এম সাইফুদ্দিন আহমেদ ও মহিউদ্দিন শামীম। পুলিশ কর্মকর্তাদের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন।পরে আইনজীবী মহিউদ্দিন শামীম প্রথম আলোকে বলেন, নরসিংদীর পুলিশ সুপারসহ তিন সদস্য ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। আদালত এসপিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন। তবে অপর দুই কর্মকর্তাকে ১৯ জুলাই আবার হাজির হতে বলেছেন।