নির্বাচন কমিশন আদালত নির্দিষ্ট মেয়াদে মামলার নিষ্পত্তি না করলে কমিশনের কিছুই করার নেই: সাখাওয়াত
১৯ নির্বাচনী মামলা, নিষ্পত্তি মাত্র একটি
নির্বাচনের ফলাফল ও সংসদ সদস্য পদের বৈধতা চ্যালেঞ্জ করে করা ১৯টি মামলার মধ্যে মাত্র একটি মামলা আদালতে নিষ্পত্তি হয়েছে। বাকি মামলাগুলোর বেশির ভাগই নিষ্পত্তির আগে বর্তমান সংসদের মেয়াদ শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এর আগে সংসদের নির্ধারিত মেয়াদে এ ধরনের মামলা নিষ্পত্তি হওয়ার কোনো তথ্য কমিশনের কাছে নেই। কমিশন সূত্র জানিয়েছে, সংসদের পাঁচ বছর মেয়াদের প্রায় দুই বছর পার হয়ে গেলেও অধিকাংশ মামলা এখনো হাইকোর্টে প্রাথমিক শুনানির পর্যায়ে রয়েছে। কয়েকটি মামলার শুনানিই শুরু হয়নি।এই ১৯টি মামলার মধ্যে নির্বাচনী ট্রাইব্যুনালে হয়েছে ১০টি। বিজয়ী সাংসদদের বিরুদ্ধে এসব মামলা করেছেন পরাজিত প্রার্থীরা। এসব মামলা নিষ্পত্তির জন্য বর্তমানে হাইকোর্টে একটি ট্রাইব্যুনাল আছে। এর বাইরে রিট মামলা হয়েছে নয়টি, যার মধ্যে কমিশন পক্ষ হয়েছে ছয়টিতে। এগুলোতে পক্ষ হয়েছেন নির্বাচন কমিশন বনাম সাংসদ। বাকি তিনটিতে সাংসদ বনাম পরাজিত ও মনোনয়নবঞ্চিত প্রার্থীরা পক্ষ।এখন পর্যন্ত চূড়ান্তভাবে নিষ্পত্তি হওয়া মামলায় ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ জসিমউদ্দিনের সদস্যপদ বাতিল হয়েছে। শূন্য ঘোষণার পর ওই আসনে উপনির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী চৌধুরী।এদিকে আপিল বিভাগ চাঁদপুর-১ আসনের আওয়ামী লীগের সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের সদস্যপদও অবৈধ ঘোষণা করেছেন। নির্বাচন কমিশন ২২ সেপ্টেম্বর এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করলেও ২৬ সেপ্টেম্বর হাইকোর্ট সেই গেজেটের কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন। ফলে আপাতত মহীউদ্দীন খানের সদস্যপদ বহাল আছে।প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকারের আমলে জরুরি ক্ষমতা বিধির আওতায় সাজাপ্রাপ্ত হওয়ায় নির্বাচনে মহীউদ্দীন খানের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে কমিশন। মহীউদ্দীন খান কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে আদালত কমিশনের সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ দেন। ফলে তিনি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পান এবং বিজয়ীও হন। কিন্তু নির্বাচনের পর আদালত ওই মামলায় তাঁকে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা করেন। নির্বাচনী মামলা সম্পর্কে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, ‘অতীতে নির্ধারিত মেয়াদে কোনো মামলার নিষ্পত্তি হয়েছে বলে আমার জানা নেই। এই মেয়াদে এখন পর্যন্ত একটি নিষ্পত্তি হয়েছে। এটা আমাদের কাছে বড় ধরনের দৃষ্টান্ত।’ তিনি বলেন, বর্তমানে যেসব মামলা আছে তার সবগুলোতে কমিশন পক্ষ নয়। কমিশনের মামলাগুলোর নিষ্পত্তি যাতে দ্রুত হয়, সে জন্য আইনজীবীরা যথাসাধ্য চেষ্টা করছেন। তা সত্ত্বেও আদালত নির্দিষ্ট মেয়াদে মামলার নিষ্পত্তি না করলে কমিশনের কিছুই করার নেই। হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনালের মামলার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। মহীউদ্দীন খানের সদস্যপদের বৈধতা সংক্রান্ত মামলা সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, কমিশন এখনো এ সংক্রান্ত স্থগিতাদেশের কপি পায়নি। পেলে তা প্রত্যাহারের আবেদন করা হবে।নির্বাচন পরিচালনা বিধিমালা অনুযায়ী, নির্বাচিত প্রার্থীর নাম গেজেটে প্রকাশের পরবর্তী ৪৫ দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি হাইকোর্টে দরখাস্ত করতে পারবেন। গণপ্রতিনিধিত্ব আদেশের ৫৭ ধারা অনুযায়ী, দরখাস্ত জমা দেওয়ার পরবর্তী ছয় মাসের মধ্যে হাইকোর্ট মামলা নিষ্পত্তির চেষ্টা করবেন।নির্বাচনী মামলার দীর্ঘসূত্রতা সম্পর্কে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদের মেয়াদ শেষের পর বা শেষের দিকে যদি মামলার নিষ্পত্তি হয়, সেটা হয়ে যায় বিচারের নামে অবিচার। তাই আইনে মামলা নিষ্পত্তির সময়সীমা নির্দিষ্ট করে দেওয়া দরকার এবং সেটা কোনোভাবেই ছয় মাসের বেশি হওয়া উচিত নয়। ট্রাইব্যুনালের ১০ মামলা: কমিশন সূত্র জানায়, ট্রাইব্যুনালে করা মামলাগুলোর আবেদনে প্রতিপক্ষকে বেআইনিভাবে বিজয়ী ঘোষণার অভিযোগ এনেছেন বাদীরা। বিরোধপূর্ণ এসব আসন হলো: সিরাজগঞ্জ-২ (সাংসদ বিএনপির রুমানা মাহমুদ, বাদী আওয়ামী লীগের জান্নাত আরা); সিরাজগঞ্জ-৫ (সাংসদ আওয়ামী লীগের আবদুল লতিফ বিশ্বাস, বাদী বিএনপির মঞ্জুর কাদের); নোয়াখালী-৩ (সাংসদ বিএনপির বরকত উল্লা, বাদী মামুনুর রশীদ-স্বতন্ত্র); নোয়াখালী-৬ (সাংসদ ফজলুল আজিম-স্বতন্ত্র, বাদী আয়েশা ফেরদৌস-স্বতন্ত্র); চাঁদপুর-৪ (সাংসদ বিএনপির হারুনুর রশিদ, বাদী একই দলের মনোনয়নবঞ্চিত আবদুল হান্নান), পটুয়াখালী-৫ (সাংসদ আওয়ামী লীগের আ স ম ফিরোজ, বাদী ফিরোজ আলম-স্বতন্ত্র); বরিশাল-৫ (সাংসদ বিএনপির মজিবর রহমান সরোয়ার, বাদী আওয়ামী লীগের জাহিদ ফারুক); নরসিংদী-৪ (সাংসদ আওয়ামী লীগের নুরুল মজিদ হুমায়ুন, বাদী জাপার কাজী মাহমুদ হোসেন); টাঙ্গাইল-৫ (সাংসদ জাপার আবুল কাশেম, বাদী বিএনপির মাহমদুল হাসান) ও দিনাজপুর-৬ (সাংসদ আওয়ামী লীগের আজিজুল হক চৌধুরী, বাদী জামায়াতের আনোয়ার হোসেন)।এর মধ্যে হাইকোর্ট এখন পর্যন্ত নিষ্পত্তি করেছেন দুটি মামলা। টাঙ্গাইল-৫ আসনে জাতীয় পার্টির আবুল কাশেমের পরিবর্তে বিএনপির মাহমুদুল হাসানকে বিজয়ী ঘোষণা করা হয়েছে। নোয়াখালী-৬ আসনে স্বতন্ত্র সদস্য ফজলুল আজিমের সদস্যপদও বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত। তবে বিবাদী পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে দুটি মামলাই এখন আপিল বিভাগে বিচারাধীন আছে।নিজের মামলার অগ্রগতি সম্পর্কে টাঙ্গাইল-৫ আসনের বিএনপির পরাজিত প্রার্থী মাহমুদুল হাসান প্রথম আলোকে বলেন, আইনে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির চেষ্টা করতে বলা হয়েছে। এখন প্রায় দুই বছর হতে চলল। হাইকোর্ট আমাকে বিজয়ী ঘোষণা করেছেন। বিবাদীর আবেদনের ফলে মামলাটি এখন আপিল বিভাগে বিচারাধীন। সুপ্রিম কোর্ট মামলাটি শুনানির জন্য গ্রহণ করলেও এ-সংক্রান্ত আদেশের কপি আমি এখনো পাইনি। ফলে শুনানি শুরু হচ্ছে না। একই মামলার বিবাদী সাংসদ আবুল কাশেমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মন্তব্য করতে অপারগতা জানান। ট্রাইব্যুনালের অবশিষ্ট মামলাগুলোও শুনানির পর্যায়ে রয়েছে। এর মধ্যে সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ রুমানা মাহমুদ সংশ্লিষ্ট বেঞ্চে ন্যায়বিচার না পাওয়ার আশঙ্কা করে আবেদন করার পর বিষয়টি এখন প্রধান বিচারপতির এখতিয়ারে আছে।কমিশনের ছয় মামলা: এ ছয় মামলায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সাংসদদের সদস্যপদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সাংসদেরা তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে গেছেন। মামলার সংশ্লিষ্ট সাংসদেরা হলেন—আওয়ামী লীগের সাংসদ মহীউদ্দীন খান আলমগীর (চাঁদপুর-১), শফিকুল আজম খান (ঝিনাইদহ-৩) ও কবিরুল হক (নড়াইল-১), বিএনপির মেজবাউদ্দিন খান ফরহাদ (বরিশাল-৪) এবং জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার (বরিশাল-৬) ও নাসরিন জাহানের (নারী আসন ৪২)।কমিশনের আইনজীবী শাহ্দীন মালিক প্রথম আলোকে জানিয়েছেন, ঝিনাইদহ-৩ ও নড়াইল-১ আসনসংক্রান্ত মামলার শুনানি অনেকটা শেষ পর্যায়ে থাকলেও বেঞ্চ পুনর্গঠিত হওয়ায় আপাতত শুনানি হচ্ছে না। কমিশন সূত্র জানিয়েছে, নাসরিন জাহানকে দেওয়া কমিশনের নোটিশের ওপর আদালত স্থগিতাদেশ দিয়েছেন। এরই মধ্যে তিনি কয়েক দফায় ওই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন। জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদারের সদস্যপদ সংক্রান্ত মামলাটি এখন পর্যন্ত আদালতের কার্যতালিকায় স্থান পায়নি। নাসরিন জাহান রুহুল আমিন হাওলাদারের স্ত্রী। নাসরিন জাহান, শফিকুল আজম ও কবিরুল হক পৌর চেয়ারম্যানের পদে থেকে সাংসদ হয়েছেন, যা আইন পরিপন্থী। রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে অভিযোগ—তাঁর শিক্ষাগত যোগ্যতার সঠিক তথ্য দেননি। বাকি তিন মামলা: নির্বাচনী ট্রাইব্যুনালের বাইরে এবং নির্বাচন কমিশন পক্ষ নয় এমন মামলার সংখ্যা তিনটি। এর মধ্যে ভোলা-৩ আসনের মামলার নিষ্পত্তি হয়েছে। সাতক্ষীরা-৪ আসনের সাংসদ জাতীয় পার্টির নেতা এইচ এম গোলাম রেজার বিরুদ্ধে অভিযোগ, তিনি হলফনামায় শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে অসত্য তথ্য দিয়েছেন। আদালতের কার্যতালিকায় স্থান পেলেও এ মামলাটির শুনানি শুরু হয়নি। জয়পুরহাট-১ আসনের মোজাহার আলী প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তিনি সম্পত্তি হিসাবসংক্রান্ত তথ্য গোপন করেছেন। এ মামলাটি রুলের পর্যায়ে আছে। নির্বাচন কমিশন-সংশ্লিষ্টরা জানান, হাইকোর্টে নিষ্পত্তির পর এসব মামলা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবে। সেখানে নিষ্পত্তি হওয়ার পর মামলাগুলো চূড়ান্ত পরিণতি পাবে। তবে এতে কত সময় লাগবে তা নিশ্চিত করার কোনো সুযোগ নেই।