১৯ শিক্ষকের কাছে বকেয়া বাসাভাড়া কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন সময়ে প্রেষণে ও বিনা বেতনে ছুটিতে থাকাকালীন বাসাভাড়া বাবদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক ও এক কর্মকর্তার কাছে বিশ্ববিদ্যালয়ের পাওনা রয়েছে মোট এক কোটি চার লাখ ৫৬ হাজার ৪৭ টাকা। এই টাকা পরিশোধের জন্য কর্তৃপক্ষ তাঁদের এক থেকে সাতটি চিঠিও দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।সূত্র জানায়, শিক্ষকদের বাসা ও বাড়িভাড়ার বিষয়টি দেখাশোনা করে বিশ্ববিদ্যালয়ের এস্টেট কার্যালয়। সম্প্রতি কার্যালয়টি বাসাভাড়া বকেয়া থাকা শিক্ষক-কর্মকর্তাদের তালিকা তৈরি করেছে। তালিকাটি নিয়ে গত সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স কমিটিতে আলোচনা হয়। সভায় আগামী ১৫ জুনের মধ্যে ১২ শতাংশ সুদসহ ওই টাকা পরিশোধের জন্য শিক্ষকদের তাগাদা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার আজিজুল হক সোমবার প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী শিক্ষকদের বাসাভাড়া প্রতি মাসে তাঁদের বেতন থেকে কেটে রাখা হয়। কিন্তু বিনা বেতনে ছুটিতে বা প্রেষণে থাকলে শিক্ষকেরা চেকের মাধ্যমে পরিশোধের শর্তে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বাসায় থাকার সুযোগ-সুবিধা নেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসার বিভিন্ন শ্রেণী রয়েছে। তালিকাভুক্ত শিক্ষকেরা প্রেষণে বা বিনা বেতনে ছুটিতে থাকাকালীন সর্বোচ্চ সুযোগ-সুবিধাসম্পন্ন বাসায় থেকেছেন, কিন্তু ভাড়ার টাকা পরিশোধ করেননি। চিঠি দিলেও জবাব দেননি। তাঁরা মৌখিকভাবে টাকা দেওয়ার আশ্বাস দিলেও এখনো পরিশোধ করেননি।সূত্র জানায়, ওই তালিকা অনুযায়ী, অনুজীববিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মজিবুর রহমানের কাছে বাসাভাড়া হিসেবে পাওনা ১০ লাখ চার হাজার ৪৪০ টাকা। এই টাকা পরিশোধের জন্য তাঁকে প্রথম চিঠি দেওয়া হয় ২০০৬ সালের ২৬ আগস্ট। সর্বশেষ পঞ্চম চিঠি দেওয়া হয় গত ২৫ এপ্রিল।এ বিষয়ে জানতে চাইলে মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, বাসাভাড়া মাসে মাসে নেওয়ার কথা। কিন্তু তারা একসঙ্গে বিশাল একটি তালিকা ধরিয়ে দেয়। ভাড়া আদায়ে এস্টেট অফিসের অব্যবস্থাপনাকে দায়ী করে তিনি বলেন, ‘গত সপ্তাহে চিঠি পাওয়ার পর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। শিগগিরই কিস্তিতে টাকা পরিশোধ করব।’বাসাভাড়া বাবদ বকেয়া পাঁচ লাখ ৯৮ হাজার ৯৫৮ টাকা আদায়ের জন্য সর্বোচ্চ সাতটি চিঠি দেওয়া হয়েছে মার্কেটিং বিভাগের অধ্যাপক কাজী শরিফুল আলমকে। প্রথম চিঠি দেওয়া হয় ২০০৩ সালের ১০ সেপ্টেম্বর এবং সপ্তম চিঠি দেওয়া হয় গত ২৪ এপ্রিল। সম্প্রতি স্বেচ্ছায় অবসর নেওয়া কাজী শরিফুল আলম এ বিষয়ে বলেন, ‘যেহেতু চাকরি থেকে অব্যাহতি নিয়েছি, নিশ্চয়ই কর্তৃপক্ষ হিসাব-নিকাশ করে আমার পাওনা টাকা থেকে তা কেটে রাখবে।’মার্কেটিং বিভাগের আরেক অধ্যাপক এ বি এম শহীদুল ইসলামের কাছে পাওনা সাত লাখ ৬৯ হাজার ৭১২ টাকা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক আবদুল মান্নান চৌধুরীর কাছে ১০ লাখ ৬৯ হাজার ৮০৯ টাকা এবং অধ্যাপক আবু সালেহর কাছে বকেয়া রয়েছে চার লাখ ১২ হাজার ৩৮৫ টাকা। টাকা পরিশোধের তাগিদ দিয়ে এই তিন শিক্ষককে চারটি করে চিঠি দেওয়া হয়েছে।ফিন্যান্স বিভাগের দুজন শিক্ষক অধ্যাপক এম শাহজাহান মিনার কাছে আট লাখ ৮৩ হাজার ১৭৪ টাকা এবং অধ্যাপক এম এ বাকী খলীলীর কাছে সাত লাখ ৩১ হাজার ৭৬০ টাকা পাওনা রয়েছে। তাঁদের ছয়টি করে চিঠি দেওয়া হয়েছে।এ ছাড়া একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক শরিফ হোসেনের কাছে ছয় লাখ ৬৪ হাজার ২৭৬ টাকা, ইংরেজি বিভাগের অধ্যাপক শওকাত হোসেনের কাছে চার লাখ ১২ হাজার ৩৮৫ টাকা, অর্থনীতি বিভাগের অধ্যাপক এ কে মনোওয়ার উদ্দিন আহমেদের কাছে চার লাখ ৯৩ হাজার ৪১২ টাকা, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক নজরুল ইসলামের কাছে ছয় লাখ ১২ হাজার ৬০৩ টাকা এবং অধ্যাপক নাসরীন ওয়াদুদের কাছে চার লাখ ৮৯ হাজার ৭৩৪ টাকা বকেয়া রয়েছে। তাঁদের তাগিদ দিয়ে এক থেকে ছয়টি চিঠি দেওয়া হয়েছে।এ বিষয়ে নজরুল ইসলাম গতকাল মঙ্গলবার বলেন, কিছু সমস্যা থাকায় টাকা পরিশোধ করতে দেরি হয়েছে। শিগগিরই টাকা পরিশোধ করা হবে।ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের তিন শিক্ষক অধ্যাপক প্রদানেন্দু বিকাশ চাকমার কাছে চার লাখ ২৬ হাজার ১৭১ টাকা, অধ্যাপক আতাউর রহমানের কাছে দুই লাখ ৯০ হাজার ৯১৮ টাকা ও অধ্যাপক হাসিবুর রশিদের কাছে এক লাখ ৪৬ হাজার ৪২ টাকা এবং পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক গোলাম মাওলার কাছে পাঁচ লাখ ৭৭ হাজার ৪৩৫ টাকা বকেয়া রয়েছে। তাঁদের দুই থেকে পাঁচটি চিঠি দেওয়া হয়েছে।লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জারিনা রহমান খানের কাছে পাওনা দুই লাখ ৫৫ হাজার ৬৬৪ টাকা। ২০০৩ সাল থেকে তাঁকে তিনটি চিঠি দেওয়া হয়েছে। অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদের কাছে পাওনা তিন লাখ ১৯ হাজার ৫৯৯ টাকা। টাকা পরিশোধে তাঁকে ২০০৯ সালের ২৫ মে একটি চিঠি দেওয়া হয়। এ ছাড়া গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমানের কাছে এক লাখ ৭৫ হাজার ২৬৪ টাকা এবং বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের সিনিয়র মেডিকেল কর্মকর্তা নূর মোহাম্মদের কাছে এক লাখ ১২ হাজার ৩০৬ টাকা পাওনা রয়েছে বাসাভাড়া বাবদ।বকেয়া বিষয়ে আবু আহমেদ বলেন, বিষয়টি পুনর্বিবেচনার জন্য শিক্ষকেরা কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছিলেন। এ বিষয়ে কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানাতে দেরি করায় বকেয়া পরিশোধে বিলম্ব হচ্ছে।গোলাম রহমান বলেন, ছুটিতে যাওয়ার সময় বাড়িভাড়া হঠাৎ বাড়িয়ে প্রায় দ্বিগুণ করে কর্তৃপক্ষ। এ নিয়ে শিক্ষকদের মধ্যে ক্ষোভ ছিল। তবুও এস্টেট অফিসকে অগ্রিম বাড়িভাড়া জমা দিয়ে ছুটিতে গিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, বকেয়া বাকি টাকা শিগগিরই পরিশোধ করা হবে।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও ফিন্যান্স কমিটির সদস্য অধ্যাপক ফরিদউদ্দিন আহমেদ বলেন, ‘এসব শিক্ষক ছুটি নিয়ে ভালো বেতনে বাইরে চাকরি করেন। তাঁদের অনেকের বেতন ১০ লাখ টাকারও বেশি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাসায় থেকেও তাঁরা ভাড়া পরিশোধ করেন না। এটি খুবই দুঃখজনক।’জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, পরবর্তী সিন্ডিকেট সভায় এ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।