১৯০ ইউপিতে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দেশের উপকূলীয় ১১ জেলার ২৪ উপজেলার ১৯০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আজ মঙ্গলবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে বরগুনায় ১১ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগে দুজনকে আটক করে পরে মুক্তি দেওয়া হয়। বরিশালে একটি কেন্দ্রে ব্যালট ছিনিয়ে নেওয়ার অভিযোগে একজন চেয়ারম্যান প্রার্থী ওই কেন্দ্রে নির্বাচন বয়কট করেছেন।বরিশাল: গৌরনদী উপজেলার চাঁদসী ইউনিয়নের দক্ষিণ গোবর্ধন কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীদের ব্যালট ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে কয়েকজন ভোটার আমাদের প্রতিনিধির কাছে অভিযোগ করেন, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী কৃষ্ণকান্ত দেবের সমর্থকেরা ভোটারদের কাছ থেকে চেয়ারম্যান পদের ব্যালট ছিনিয়ে নেয়। তারা কেবল মেম্বার প্রার্থীদের ব্যালটগুলো দিচ্ছে।চেয়ারম্যান পদে আরেক প্রার্থী মোহাম্মদ আলী আকবর মোল্লা এ অভিযোগে ওই কেন্দ্রে নির্বাচন বয়কট করেন। বরগুনা: জেলার বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজম খান জানান, বামনা উপজেলার বিভিন্ন কেন্দ্রে মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার অভিযোগে পাঁচটি মোটরসাইকেলসহ ১১ জনকে আটক করা হয়েছে। বরগুনার পুলিশ সুপার মাহবুব হাকিম আজ দুপুরে বামনা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনকালে এসব যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে আটকের নির্দেশ দেন। আটক যুবকদের বাড়ি পার্শ্ববর্তী পিরোজপুরে বিভিন্ন উপজেলায়।বরগুনার পাথরঘাটা ও বামনা উপজেলার আটটি ইউনিয়নের ৭২টি ভোটকেন্দ্রে আজ সকাল আটটা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়। প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে অব্যাহত সহিংসতার কারণে নির্বাচন কমিশন ২৭ মার্চ পাথরঘাটার তিনটি ইউনিয়নের ভোট গ্রহণ স্থগিত করে।আজ সকালে সরেজমিনে দুই উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল। আইনশৃঙ্খলা রক্ষায় বরগুনার পুলিশের পাশাপাশি কোস্টগার্ড, র্যাব, আর্মড পুলিশ, আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।জেলা নির্বাচন কর্মকর্তা আবদুল মান্নান জানিয়েছেন, প্রত্যেক ইউনিয়নে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে। বাগেরহাট: সকাল আটটা থেকে মংলা উপজেলার ৫৪টি এবং রামপাল উপজেলার ৯০টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। সকালের দিকে ভোটারদের উপস্থিতি কম ছিল। জেলা নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার জানান, দুই উপজেলায় চেয়ারম্যান পদে মোট ৭৮ জন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ১৯৫ জন এবং সাধারণ সদস্য পদে ৬১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মংলা উপজেলার মোট ভোটার সংখ্যা ৬২ হাজার ৯৫০ জন এবং রামপালে এক লাখ পাঁচ হাজার ৯২৫ জন।মংলা থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আজাহারুল ইসলাম এবং রামপাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান সকাল ১০টার দিকে মুঠোফোনে জানান, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা: সাতক্ষীরা সদর, আশাশুনি ও দেবহাটা উপজেলার ৩০টি ইউনিয়ন পরিষদে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা যায়, প্রতিটি কেন্দ্রে নারী ভোটারদের লম্বা লাইন ছিল। বেলা সাড়ে ১১টা পর্যন্ত শতকরা ৩৫ ভাগ ভোট পড়েছে বলে বিভিন্ন কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা জানিয়েছেন।সকাল নয়টার দিকে প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা পরিচয়ে এক প্রার্থীর পক্ষে ভোট সংগ্রহ করার অভিযোগে পুলিশ সাতক্ষীরা সদরের ভোমরা ইউনিয়নের চৌবাড়িয়া কেন্দ্র থেকে আফসার রহমান নামের এক ব্যক্তিকে আটক করে। পরে ভুল স্বীকার করে ক্ষমা চাইলে আফসারকে মুক্তি দেওয়া হয়।ভোটারদের প্রভাবিত করার অভিযোগে পুলিশ সকাল ১০টার দিকে আশাশুনি উপজেলার শালখালী কেন্দ্র এলাকা থেকে দেবহাটা উপজেলার চালতেতলা গ্রামের আলেম মোড়ল নামের এক ব্যক্তিকে টাকাসহ আটক করে। পরে কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক-ই-এলাহি তাঁকে ৫০ বার উঠবস করিয়ে মুক্তি দেন। সাতক্ষীরা সদরের সহকারী পুলিশ সুপার অহিদুজ্জামান জানান, সাতক্ষীরা সদর, আশাশুনি ও দেবহাটা উপজেলার ২৭৯টি ভোটকেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ (গুরুত্বপূর্ণ) ৬৯টি। এসব ভোটকেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা কর্মী নিয়োগ করা হয়েছে।সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুল ইসলাম বিষয়গুলো নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, আজ বরিশাল জেলার বানারীপাড়া, উজিরপুর, গৌরনদী, আগৈলঝাড়া; পটুয়াখালীর বাউফল; পিরোজপুরের নেছারাবাদ; বরগুনার পাথরঘাটা ও বামনা; ভোলার সদর ও দৌলতখান; ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া; খুলনার বটিয়াঘাটা, কয়রা, পাইকগাছা, দাকোপ ও দীঘলিয়া; সাতক্ষীরার সদর, দেবহাটা ও আশাশুনি; বাগেরহাটের রামপাল ও মংলা এবং চট্টগ্রাম বিভাগের কক্সবাজারের কুতুবদিয়া এবং নোয়াখালীর হাতিয়া উপজেলার ইউনিয়ন পরিষদগুলোতে ভোট গ্রহণ করা হয়। এর মাধ্যমে ইউপি নির্বাচনের প্রথম পর্যায়ে উপকূলীয় ১২ জেলার ৫৬৮ ইউনিয়নে আজ থেকে ভোট গ্রহণ শুরু হচ্ছে, চলবে ৩ এপ্রিল পর্যন্ত। ভোটের দিন নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি থাকবে।গত ২৪ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে উপকূলীয় ৫৯৪টি ইউপির নির্বাচনী তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এর মধ্যে আইনি ও অন্যান্য জটিলতায় ২৬টিতে এ সময়ে ভোট হচ্ছে না। সর্বশেষ রোববার নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হওয়ায় বরগুনার পাথরঘাটার তিন ইউনিয়নে নির্বাচন স্থগিত করা হয়।(প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন বরিশাল অফিস, বরগুনা ও সাতক্ষীরার নিজস্ব প্রতিবেদক ও বাগেরহাট প্রতিনিধি)