পানি, বিদ্যুৎ, রাস্তাঘাট, বাসস্থানসহ নানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের বিরামপুর উপজেলার চরকাই বন গবেষণাকেন্দ্র। উত্তরাঞ্চলের মধ্যে এটিই একমাত্র বন গবেষণা কেন্দ্র। অন্যান্য সমস্যার পাশাপাশি এখানকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সীমানাপ্রাচীর না থাকা। ফলে প্রায়ই চুরি হচ্ছে গবেষণাকেন্দ্রের মূল্যবান গাছ। ১৯১ একর বন গবেষণাকেন্দ্রটি বর্তমানে পাহারা দিচ্ছেন মাত্র ৭ জন লোক। প্রতিষ্ঠার পর ৪২ বছর পেরিয়ে গেলেও এসব সমস্যার সমাধান হয়নি।বিরামপুর উপজেলা সদর থেকে সাত কিলোমিটার উত্তরে খানপুর ইউনিয়নের সন্দোলপুর মৌজায় অবস্থিত এই গবেষণা কেন্দ্রটি। ১৯৬৮ সালে ১৯১ একর জায়গায় এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের আওতায় কেন্দ্রটি পরিচালিত হয়ে আসছে। বন ও বনজ সম্পদের সুষ্ঠু ব্যবহার ও উন্নয়ন, বনবিষয়ক উদ্ভাবিত প্রযুক্তিসমূহ সম্পর্কে মাঠপর্যায়ের ভোক্তাদের সচেতন করা গবেষণা কেন্দ্রটির প্রধান কাজ।১০ মে সরেজমিনে দেখা গেছে, বন গবেষণাকেন্দ্রের ভেতরে খুঁটিতে তার লাগানো থাকলেও তাতে নেই বিদ্যুতের সংযোগ। সন্ধ্যা নামলেই চারপাশ ঘুটঘুটে অন্ধকার হয়ে যায়। সৃষ্টি হয় ভুতুরে পরিবেশ। পানির ট্যাংকি থাকলেও বিদ্যুতের অভাবে তাতে পানি তোলা যায় না। রয়েছে আবাসন সংকটও। বন প্রহরীদের জন্য নির্মিত ব্যারাকটি অসমাপ্ত অবস্থায় পড়ে আছে। তার ওপর সীমানাপ্রাচীর না থাকায় বনদস্যুরা প্রায়ই কেটে নিয়ে যায় বনের মূল্যবান গাছ। এসব বনদস্যুর বাধা দিতে গিয়ে একাধিকবার হামলার শিকার হয়েছেন বন প্রহরীসহ কর্মকর্তারা।নার্সারি অ্যাটেনডেন্ট সামছুল মিয়া জানান, ‘২৬ ডিসেম্বর আনুমানিক রাত একটার দিকে বন গবেষণাকেন্দ্রের ভেতরে টহল দেওয়ার সময় হঠাৎ গাছ কাটার শব্দ শুনতে পাই। গিয়ে দেখি পার্শ্ববর্তী সন্দোলপুর গ্রামের চেনা-অচেনা ১৭-১৮ জন বনদস্যু গাছ কাটাছে। আমরা ছয়-সাতজন স্টাফ মিলে ওই বনদস্যুদের ধাওয়া করলে ওরাও আমাদের পাল্টা ধাওয়া করে। একপর্যায়ে সংর্ঘষ শুরু হয়। আমরা সংখ্যায় কম থাকায় বনদস্যুরা আমার মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে আমি মাটিতে লুটিয়ে পড়ি। পরে পাশের শিবপুর গ্রামের লোকজন এলে বনদস্যুরা পালিয়ে যায়।’অপর বন প্রহরী তোফাজ্জল হোসেন বলেন, ‘১২ এপ্রিল দুপুরের দিকে বন কর্মকর্তা মনিন্দ্রনাথ দাসের নেতৃত্বে আমরা টহল দিতে বের হই। এ সময় পার্শ্ববর্তী সন্দোলপুর গ্রামের জোবাইল ও জুয়েলসহ ৮-১০ জন বনদস্যু ১০-১২টি ইউক্যালিপটাস গাছ কেটে নিচ্ছিল। বাধা দিলে তারা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের তাড়া করে। ঘটনা বেগতিক দেখে প্রাণভয়ে পালাই। পরে ২০ এপ্রিল ওই বনদস্যুদের নামে বিরামপুর থানায় মামলা করি। ফল হয় এই যে জোবাইল ও জুয়েলের নেতৃত্বে ২১ এপ্রিল রাতে ২৫-৩০ জন বনদস্যু আবার বনে ঢুকে গাছ কাটতে থাকে। এ সময় বাধা দিলে চক্রটি আমাদের মারধর করে অফিসের দুটি দরজা, পাঁচটি জানালা ভেঙে ফেলে। আবাসিক কোয়ার্টারে ঢুকে নারী ও শিশুদের জিম্মি করে। এ সময় আমাদের আর্তচিৎকারে পার্শ্ববর্তী দেবিপুর গ্রাম থেকে লোকজন ছুটে আসে। তখন তাদের সঙ্গেও সংঘর্ষ বাঁধে। এতে দেবীপুর গ্রামের নাদিম উদ্দীন, বন প্রহরী রমিমুল হক, কুদরত উল্লাহ এবং বন কর্মকর্তা মনিন্দ্রনাথ দাসের স্ত্রী রোমা রানী দাস আহত হন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এলে বনদস্যুরা পালিয়ে যায় এবং পুলিশের সহযোগিতায় গুরুতর আহত নাদিম উদ্দীন ও কুদরত উল্লাহকে বিরামপুর হাসপাতালে ভর্তি করা হয়। বন গবেষণাকেন্দ্রের পার্শ্ববর্তী দেবীপুর এবং পান্নাতপুর গ্রামের মো. নাদিম হোসেন, সুমন ও আনোয়ার হোসেন জানান, প্রায় সময় রাতে তাঁরা বনদস্যুদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের চিল্লাচিল্লি শোনেন। কখনো গ্রামবাসী এগিয়ে আসতে দেরি হলে বনদস্যুরা নিরাপত্তাকর্মীদের মারপিট করে গাছ কেটে নিয়ে যায়। তখন নিরাপত্তাকর্মীরা অসহায়ের মত দাঁড়িয়ে থাকেন। তিন-চার মাসে তাঁরা বনের কর্মকর্তাসহ প্রহরীদের অনেকবার বনদস্যুদের হাত থেকে রক্ষা করেছেন। সন্দোলপুর ও দেবীপুর গ্রামের কিছু বনদস্যু দীর্ঘদিন ধরে বনকেন্দ্রের গাছ কেটে নিচ্ছে।বন কর্মকর্তা মনিন্দ্রনাথ দাসের স্ত্রী রোমা রানী দাস জানান, ‘ওই দিন রাতে বনদস্যুরা আমাগো ঘরের দরজা ভাইংঙ্গা ঘরে ঢুইকা পড়ে। তহন তারা আমার স্বামী এবং পুলারে আঘাত করতে আইলে আমি তাগো সাপল দিয়া মারতে যাই। তহন তারা ঘর থেইক্যা চইলা যায়। এহন আমরা পরিবার নিইয়া আতংকের মধ্যে আছি।’ বন প্রহরী সেলিম হোসেনের স্ত্রী সুলতানা বেগম মোবাইল ফোনে বলেন, ‘বনদস্যুদের হামলার ভয়ে আমি স্বামী সন্তান নিয়ে খুব আতঙ্ক এবং ভয়ের মধ্যে দিন কাটাছিলাম। ছেলেমেয়েদের নিরাপত্তার কথা ভেবে আমি ৫ মে স্বামীর কর্মস্থল থেকে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুর গ্রামের বাড়িতে চলে আসি। বনে যথেষ্ট নিরাপত্তার অভাব রয়েছে।’বন গবেষণাকেন্দ্রের স্টেশন কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, ‘বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে এ কেন্দ্রটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আমি এখানে যোগদান করার পর এসব সমস্যার কথা জানিয়ে তা সমাধানের জন্য স্থানীয় এবং উপজেলা প্রশাসনসহ বন অধিদপ্তরের পরিচালক মহোদয়কেও চিঠি দিয়েছি। কিন্তু এখনো পর্যন্ত কোনো সাড়া পাইনি। গবেষণাকেন্দ্রে বিদ্যুৎসংযোগ পেতে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ আবেদন করা হলেও সংযোগ পাওয়া যায়নি। অথচ কেন্দ্রের পার্শ্ববর্তী দেবীপুর, পান্নাতপুর এবং চরকাই এলাকায় বিদ্যুতের সংযোগ রয়েছে।স্টেশন কর্মকর্তা আরও জানান, ‘মাত্র সাতজন লোক আর শুধু টর্চ লাইট নিয়ে এত বড় এলাকা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। সন্দোলপুর গ্রামের বনদস্যু জুয়েল, জোবাইল, হবিবর, সোহেল ও মাহবুবের নেতৃত্বে বনদস্যুরা দিনেরাতে বনের গাছ কেটে নিচ্ছে। তারা শক্তিশালী হওয়ায় তাদের সঙ্গে পারা যায় না। গত দুই মাসে বনের ছোটবড় ২০০ গাছ চুরি হয়েছে, একাধিক ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হয়েছে। এতে আমার নিরাপত্তাকর্মীরা আহত হচ্ছেন। এসব ঘটনায় বিরামপুর থানায় তিনটি সাধারণ ডায়েরি এবং একটি মামলা করেছি। নিরাপত্তাকর্মীদের অস্ত্রসহ এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা দরকার।’ সন্দোলপুর গ্রামের অভিযুক্ত বনদস্যু জুয়েল, মাহবুব, হোসেন এবং জোবাইলের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, তাঁদের নামে গাছ চুরির অপবাদ দেওয়া হচ্ছে। তবে গাছ চুরির মামলা কেন হলো জানতে চাইলে তাঁরা আর কোনো কথা বলেননি। অন্য অভিযুক্ত হবিবর ও সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি। বিরামপুর উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন ১১ মে বলেন, ‘প্রায় সময় বন গবেষণাকেন্দ্রের গাছ চুরির কথা শুনি। এ নিয়ে আমি একাধিকবার সন্দোলপুর এবং দেবীপুর গ্রামের লোকজনকে নিয়ে বৈঠকও করেছি। কিন্তু তারপরও এই দুই গ্রামের কিছু অসৎ লোক এই চুরির সঙ্গে জড়িত থাকছে। তারা প্রভাবশালী এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। এ কারণে তাদের বিরুদ্ধে মামলা হলেও তারা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে আসে। চেয়ারম্যান আরও জানান, ‘এ ব্যাপারে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলেও তারা কোনো গুরুত্ব দেয় না। এ ছাড়া আমি বন গবেষণাকেন্দ্রের বিভিন্ন সমস্যার বিষয়েও উপজেলা চেয়ারম্যন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বাংলাদেশ বন গবেষণা কর্তৃপক্ষকেও অবগত করেছি। কিন্তু এখনো কোনো সমস্যার সমাধান হয়নি।’দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক নরেন্দ্রনাথ সরকার বন গবেষণাকেন্দ্র থেকে একটি আবেদন পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘আবেদনের ভিত্তিতে আমাদের অফিসের লোক পরিদর্শনও করেছে। সংযোগ এলাকা থেকে অনেক দূরে হওয়ায় গবেষণাকেন্দ্রটিতে সংযোগ দেওয়া যাচ্ছে না। সংযোগ পাওয়ার নিয়ম হচ্ছে সংযোগস্থল থেকে ১০০ ফিটের মধ্যে স্থাপনার অবস্থান হতে হবে। এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. হেলাল উদ্দীন বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। গাছ চুরির ঘটনায় পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে। ওই এলাকায় রাতে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।’উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম হাফিজউল্লাহ খান বলেন, ‘আমি সম্প্রতি সেখানে পরিদর্শনে গিয়েছি। গবেষণাকেন্দ্রটি সরকারি প্রতিষ্ঠান, তাই দ্রুত বিদ্যুৎ সংযোগের জন্য দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপককে বলা হয়েছে। কিন্তু কী কারণে দেরি হচ্ছে তা বুঝতে পারছি না।’ অন্যান্য বিষয়সহ গাছ চুরি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।