আগারগাঁওয়ের আর্কাইভস ও গ্রন্থাগার অধিদপ্তরের সংগ্রহ থেকে ১৯৩৯ সালের একটি ভোটার তালিকা পাওয়া গেছে। তালিকার ভেতরের প্রথম পাতার ওপরে উল্লেখ করা হয়েছে বঙ্গীয়ব্যবস্থা পরিষদের সাধারণ স্ত্রী ভোটারের তালিকা। ওই তালিকায় আছে তখনকার ঢাকা পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের হিন্দু মহিলা ভোটারদের নাম-পরিচয়। তালিকা থেকে জানা যায়, ওই ওয়ার্ডের এলাকাগুলোর ডাকঘর ছিল ঢাকা।ওয়ার্ডে হিন্দু নারী ভোটার ছিল ৩২৬ জন। তালিকার প্রথম ভোটারের নাম প্রভাবতী দাস। তাঁর স্বামী মৃত নিকুঞ্জ বিহারি দাস। তাঁদের বাসস্থান ছিল ১৩ আনন্দ মোহন বসাক লেনে। তালিকায় কোনো কোনো ভোটারের নামের জায়গায় ‘স্ত্রী’ লেখা আছে। তাঁদের নাম না থাকার পেছনে দুটি কারণ অনুমান করা যায়। একটি হচ্ছে, ওই সময় নারীদের নাম ঘরের বাইরে প্রচারের বিষয়টিকে ভালো চোখে দেখা হতো না। অপর কারণ হচ্ছে, যাঁরা ভোটার তালিকা তৈরিতে মাঠপর্যায়ে কাজ করেছেন, তাঁরা বাড়ি বাড়ি না গিয়ে এলাকার কোনো একটি বাড়িতে বসে সব বাড়ির ভোটারদের তথ্য সংগ্রহ করেছেন। তথ্যদাতারা যেসব নারীর নাম জানতেন না, তাঁদের নামের জায়গায় তথ্য সংগ্রহকারীরা ‘স্ত্রী’ শব্দটি ব্যবহার করেছেন। ভোটার তালিকার ৩ নম্বর ভোটারের নামে এমনটা দেখা গেল। ওই ভোটারের স্বামীর নাম শ্যামলাল মিস্ত্রি। তাঁদের বাসস্থান ছিল ২৬ আনন্দ মোহন বসাক লেনে। ভোটার তালিকায় ‘জাতি’ বলে একটি কলাম দেখা যায়। ৩৩ নম্বর ভোটারের ওই কলামে উল্লেখ করা হয়েছে ধোপা। এ থেকে ধারণা করা যায়, জাতি বলতে পেশাকে বোঝানো হয়েছে।ভোটার তালিকার তথ্য অনুযায়ী, ১৯৩৯ সালে শাঁখারী বাজার রোডের হিন্দু নারী ভোটার ছিল ৪৩ জন। ওই এলাকার প্রথম ভোটারের নম্বর ২৬০। এই নম্বরের ভোটারের নাম মল্লিকা সুন্দরী দত্ত। তাঁর স্বামী জানকী বল্লভ দত্ত। তাঁদের বাসস্থান শাঁখারী বাজার রোডের ১৪ নম্বর রোডে। এই রোডের সর্বশেষ ভোটারের নম্বর ৩০২। এ নম্বরের ভোটারের নামের জায়গায় আছে ‘স্ত্রী’ শব্দটি। তাঁর স্বামীর নাম টেনুহরী নন্দী। তাঁদের বাসস্থান ১৩৯ শাঁখারী বাজার রোডে।তালিকায় থাকা চিত্তরঞ্জন এভিনিউয়ের ৭৭ নম্বর ভোটার শোভারানী নাথের বাড়ির নম্বরের জায়গায় আছে সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া। তাঁর স্বামীর নাম জে সি নাথ। খুব সম্ভব তাঁরা সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়ায় কর্মসূত্রে ওই এলাকায় বাস করতেন। কারণ তখন বাহাদুর শাহ পার্কের পাশেই ছিল এই ব্যাংক।ভোটার তালিকা অনুযায়ী, ১৯৩৯ সালে ঢাকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের এলাকাগুলো হচ্ছে—আনন্দ মোহন বসাক লেন, ইসলামপুর রোড, উচ্ছব পোদ্দার লেন, ওয়াইজঘাট রোড, কবিরাজ লেন, কবিরাজ গোপীনাথ দত্ত স্ট্রিট, কৈলাস চন্দ্র ঘোষ লেন, কোর্ট হাউস স্ট্রিট, গোয়ালনগর লেন, চিত্তরঞ্জন এভিনিউ, জনসন রোড, জি এল গার্থ লেন, জিন্দাবাহার প্রথম লেন, জিন্দাবাহার দ্বিতীয় লেন, পি কে রায় রোড, নবরায় লেন, নর্থব্রুক হল রোড, প্রসন্ন পোদ্দার লেন, বাঁশীচন্দ্র সেন পোদ্দার স্ট্রিট, রমাকান্ত নন্দী লেন, রাখালচন্দ্র বসাক লেন, রাজার দেউড়ি লেন, রাধিকা মোহন বসাক লেন, রায় ঈশ্বরচন্দ্র ঘোষ বাহাদুর স্ট্রিট, লায়েল স্ট্রিট, শাঁখারী বাজার রোড, সাঁচি পান দারিপা লেন, সিমসন রোড, সৈয়দ আওলাদ হোসেন লেন, সৈয়দ হোসেন আলী লেন, হরি প্রসন্নমিত্র, হায়বৎনগর দেওয়ান সাহেব লেন।