১৯৫ জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়ে আ.লীগ নিজেই যুদ্ধাপরাধ করেছে: আজহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ‘আওয়ামী লীগ যুদ্ধাপরাধের বিচার চায় না। চিহ্নিত ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ছেড়ে দিয়ে আওয়ামী লীগ নিজেই যুদ্ধাপরাধ করেছে। এখন বিচার করতে হলে আগে তাদের বিচারের সম্মুখীন হতে হবে।’ আজ শুক্রবার বিকেলে বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে দলের ময়মনসিংহ আঞ্চলের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হলে একাত্তর থেকে গতকাল মগবাজারে যুবলীগ নেতা হত্যাসহ প্রত্যেক অপরাধের বিচার করতে হবে।এ টি এম আজহার অভিযোগ করেন, বাংলাদেশের স্বাধীনতার হরণের চক্রান্ত চলছে। তিনি বলেন, ‘যারা আমাদের নিয়ন্ত্রণ করতে চায়, সে শত্রুর বিরুদ্ধে আমাদের দ্বিতীয় যুদ্ধ করতে হবে। এই যুদ্ধ হবে বাংলাদেশের স্বাধীনতা হরণের বিরুদ্ধে।’জামায়াতের নেতা বলেন, ‘এখানে আসার আগে টেলিভিশনে এক মন্ত্রীর বক্তব্য শুনছিলাম। তিনি বলেছেন আমাদের আরেকটি যুদ্ধের জন্য প্রস্তত হতে হবে। আমি তাঁর সঙ্গে একমত। দেশের স্বাধীনতা, গণতন্ত্র, ইমান ও বিদেশি শক্তির হাত থেকে দেশের সম্পদ রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প নেই।’এ টি এম আজহার বলেন, পঞ্চম সংশোধনী বাতিলের পর ইসলামি দল নিষিদ্ধ ও বাংলাদেশ এখন ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে প্রচার করা হচ্ছে। পঞ্চম সংশোধনী বাতিল হলে আওয়ামী লীগ তো নিজেই থাকে না। জাতীয় সংসদকে পাস কাটিয়ে কিছু করা হলে তা দেশের জন্য সমস্যা সৃষ্টি করবে।সভাপতির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ইজ্জতউল্লাহ সম্প্রতি ময়মনসিংহে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের তদন্তের উল্লেখ করে বলেন, ‘তারা কেবল একজন ব্যক্তির ব্যাপারে তদন্ত করে। কামারুজ্জামানের ফাঁসির উপাদান খুুঁজছে। যদি ময়মনসিংহে যত ভাই শহীদ হয়েছেন, প্রতি জায়গায় তদন্ত হতো—কারা খুন করেছে, ধর্ষণ করেছে তাদের চিহ্নিত করে শাস্তি দিত তাহলে আমরা সরকারকে সমর্থন দিতাম।’ময়মনসিংহ জেলা আমির জসিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য তৈয়বুজ্জামান, জামালপুরে জেলা আমির নূরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।