১৯৫ পাকিস্তানি যুদ্ধবন্দীর বিচারের দাবিতে করা রিট খারিজ
নয়াদিল্লি চুক্তির মাধ্যমে ছেড়ে দেওয়া পাকিস্তানের ১৯৫ জন যুদ্ধবন্দীকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আজ রোববার হাইকোর্টে যে রিট করা হয়েছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রিটটি খারিজ করে দেন। এ মামলায় নিয়োজিত সরকার পক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, রিট দায়েরের প্রক্রিয়া যথাযথ না হওয়ায় আদালত রিটটি খারিজ করে দিয়েছেন। আবেদনকারী (সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ আহমেদ) সংক্ষুব্ধ ব্যক্তি নন, তাই আবেদন করতে পারেন না। এর আগে পারভেজ আহমেদ রিটটি করেন। রিট আবেদনে বলা হয়, ১৯৭২ সালের ২ জুলাই সিমলা চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দী ১৯৫ জন পাকিস্তানিকে রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়। ওই বছরের ১৫ জুলাই সংবিধানে প্রথম সংশোধনী আনা হয়। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ১৯৭৩ সালের ২০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করা হয়। ১৯৭৪ সালের ৯ এপ্রিল নয়াদিল্লিতে ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে যুদ্ধবন্দী ১৯৫ জন পাকিস্তানিকে ছেড়ে দেওয়া হয়। ওই চুক্তিতে বাংলাদেশের পক্ষে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী কামাল হোসেন, ভারতের পক্ষে সর্দার শরণ সিং এবং পাকিস্তানের পক্ষে আজিজ আহমেদ স্বাক্ষর করেন।রিট আবেদনে বলা হয়, আইন থাকা সত্ত্বেও ১৯৫ জন যুদ্ধবন্দীকে চুক্তির মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। বিচার না করে তাদের ছেড়ে দেওয়া কেন অবৈধ নয়, রিটে তা উল্লেখ করা হয়। একই সঙ্গে রিট আবেদনকারী পাকিস্তানের ১৯৫ জনকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করার ব্যাপারে আদালতের নির্দেশনা চান।