১৯৫ পাকিস্তানিকে বিচারের মুখোমুখি করা সংক্রান্ত রিট খারিজ
পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাসংক্রান্ত রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্টের তৃতীয় বেঞ্চ। বিষয়টি উপস্থাপিত হয়নি মর্মে আজ বুধবার সকালে বিচারপতি মো. ইমান আলীর একক বেঞ্চ এ আদেশ দেন।আদেশের পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন প্রথম আলোকে বলেন, আদালত রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন। এর ফলে এ নিয়ে নতুন করে রিট করার কোনো অবকাশ নেই। গত বছরের ২ নভেম্বর এ প্রসঙ্গে বিভক্ত আদেশ দিয়েছিলেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ। ওই বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক রিটটি খারিজ করেন। তবে কনিষ্ঠ বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান রুল জারি করেন। রুলে ১৯৭৪ সালের ৯ এপ্রিল সই করা ত্রিপক্ষীয় (বাংলাদেশ-ভারত-পাকিস্তান) চুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। ওই চুক্তির অধীনে মুক্তি দেওয়া ১৯৫ জনকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও জানতে চাওয়া হয়েছিল।১৯৫ জন পাকিস্তানিকে ফেরত আনার দাবিতে মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার হামিদুল্লাহ খান হাইকোর্টে রিট আবেদনটি করেছিলেন। বিভক্ত আদেশের পর রিট আবেদনটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠান। আজ শুনানি শেষে আদালত এ আদেশ দেন।