১৯৫ যুদ্ধাপরাধীকে ফিরিয়ে এনে বিচার প্রশ্নে বিভক্ত আদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান সেনাবাহিনীর ১৯৫ জন যুদ্ধাপরাধীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা রিট প্রসঙ্গে বিভক্ত আদেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক রিটটি খারিজ করেন। তবে কনিষ্ঠ বিচারপতি সৈয়দ আবু কাওসার মো. দবিরুশ্বান রুল জারি করেছেন। ১৯৫ জনকে ফেরত আনার দাবিতে মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার হামিদুল্লাহ খান হাইকোর্টে রিট আবেদন করেন। এর ওপর শুনানি শেষে আদালত বিভক্ত আদেশ দেন। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী ফখরুল ইসলাম। সরকারপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুস সালাম মণ্ডল। রুল প্রসঙ্গে আইনজীবী ফখরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৯৭৪ সালের ৯ এপ্রিল সই করা ত্রিপক্ষীয় (বাংলাদেশ-ভারত-পাকিস্তান) চুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ওই চুক্তির অধীনে মুক্তি দেওয়া ১৯৫ জনকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়। বিভক্ত আদেশের ফলে এখন রিট আবেদনটি নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের তৃতীয় বেঞ্চে পাঠাবেন। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র ও আইনসচিব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার ও ড. কামাল হোসেনের প্রতি এ রুল জারি করা হয়েছে। রিট আবেদনে বলা হয়, ১৯৭৩ সালের ১৫ জুলাই সংবিধানের প্রথম সংশোধনী অনুমোদন করা হয়। ওই সংশোধনীর মাধ্যমে সংবিধানে ৪৭ (ক) ও ৪৭ (৩) অনুচ্ছেদ সংযুক্ত করা হয়। এ অনুচ্ছেদ অনুযায়ী সশস্ত্র বাহিনী, প্রতিরক্ষা বাহিনী বা সহায়ক বাহিনীর সদস্যদের যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য প্রণীত কোনো আইন সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলেও তা বাতিল হবে না। কিন্তু ওই সংশোধনী অনুমোদনের পাঁচ দিন পর ২০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুমোদন করা হয়। প্রথম সংশোধনী ও আইনটি অনুমোদন দেওয়া হয় চিহ্নিত ১৯৫ পাকিস্তানির বিচারের জন্য। কিন্তু ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে তাদের ছেড়ে দেওয়া হয়। এটা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন।