১৯ দিন পর গাইবান্ধার ক্ষতিগ্রস্ত এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী
১৯৭১ সালের তাণ্ডবকেও হার মানিয়েছে
জামায়াত-শিবিরের তাণ্ডবের ১৯ দিন পর আজ মঙ্গলবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেছেন, ভয়াবহ এই ঘটনা ১৯৭১ সালের নারকীয় তাণ্ডবকেও হার মানিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।সুন্দরগঞ্জের বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র পরির্দশন মন্ত্রী প্রথমে উপজেলার বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, জামায়াত-শিবির সুন্দরগঞ্জের বামনডাঙ্গা এলাকায় যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, তা ১৯৭১ সালের নারকীয় ঘটনাকেও হার মানিয়েছে। তাঁরা রেলস্টেশন পুড়িয়ে দিয়েছে, পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা করে পুলিশকে হত্যা করেছে, রাষ্ট্রের ওপর হামলা চালিয়েছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতাদের গ্রেপ্তার করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। অপরাধী ও সন্ত্রাসীরা যত শক্তিশালী হোক, সর্বশক্তি দিয়ে তাদের দমন করা হবে।এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীদের আটক করে আইনের হাতে সোপর্দ করা হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না। তিনি নিহত পুলিশ কনস্টেবলদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, যাঁরা দেশের নিরাপত্তা রক্ষায় কাজ করেন, তাঁদের নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার জন্য ‘লজ্জিত এবং দুঃখ প্রকাশ’ করেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জামায়াত-শিবিরের হামলায় নিহত কনস্টেবল সদস্যদের পরিবারপ্রতি দেড় লাখ টাকা করে দেওয়া হয়েছে। আরও ২০ লাখ টাকা দেওয়া হবে। নিহত পুলিশ সদস্যদের পুনর্বাসন করা হবে বলেও তিনি জানান।বামনডাঙ্গা রেলস্টেশন পরিদর্শনপরে স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষতিগ্রস্ত বামনডাঙ্গা রেলস্টেশন পরিদর্শন শেষে স্টেশন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন, যারা পুলিশ হত্যা করেছে এবং রেলস্টেশন, আওয়ামী লীগের কার্যালয়, দোকানপাট ও সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর করে পুড়িয়ে দিয়েছে, তাদের কেউ রেহাই পাবে না। হামলাকারীদের সর্বোচ্চ শাস্তি দিয়ে বুঝিয়ে দেওয়া হবে, বাংলাদেশে আর এ ধরনের ঘটনা ঘটানো যাবে না। প্রত্যেক অপরাধীর শাস্তি নিশ্চিত করা হবে। তিনি জনতার উদ্দেশে বলেন, ‘সরকারি কর্মচারী পুলিশ সরকারের কাজ করে। ঘটনার দিন আপনারা তাদের প্রতি যে সহানুভূতি দেখিয়েছেন, তা অব্যাহত রাখবেন। তাহলে সোনার বাংলা গড়া সম্ভব।’ সোয়া ১১টার দিকে হেলিপ্টারে সুন্দরগঞ্জ যান স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে বহনকারী হেলিকপ্টারটি আজ বেলা সোয়া ১১টার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা আবদুুল হক ডিগ্রি কলেজ মাঠে অবতরণ করে।পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে ছিলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাংসদ ফজলে রাব্বী মিয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শামছুল আলম ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক (ডিজি) প্রমুখ। তাণ্ডবের ঘটনা২৮ ফেব্রুয়ারি একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের খবর শুনে দলটির কর্মীরা তাণ্ডব শুরু করেন। তাঁরা বামনডাঙ্গা রেলস্টেশনে আগুন দেন, সান্তাহার-লালমনিরহাট রেলপথে লাইন তুলে ফেলেন এবং বামনডাঙ্গা পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালান। তাঁদের বেধড়ক পিটুনিতে মোট চারজন কনস্টেবল নিহত হন। তাঁরা হলেন: বাবলু মিয়া, হযরত আলী, মো. নাজিম ও তোজাম্মেল।