১৯৭২-এর সংবিধানে যেতে শিগগিরই সংসদে বিল: আশরাফ
স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ১৯৭২-এর সংবিধানে ফিরে যেতে হলে সংসদের মাধ্যমে ফিরে যেতে হবে। শিগগিরই এ সংক্রান্ত বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে। এই বিল সংসদে সর্বসম্মতিক্রমে পাস হবে বলে তিনি মনে করেন। আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ আয়োজিত জাতীয় কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এ কথা বলেন।সৈয়দ আশরাফ বলেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আনুষ্ঠানিকতা শেষ। এখন সামনে এগিয়ে যাওয়ার পালা। তিনি যুদ্ধাপরাধ বিচারের পক্ষে জনমত গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। মঞ্চের সমন্বয়ক অজয় রায়ের সভাপতিত্বে কনভেনশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবির চৌধুরী, আবুল বারাকাত, অধ্যাপক আনিসুজ্জামান, রাশেদ খান মেনন, পাকিস্তানের মানবাধিকারকর্মী ফারুক তারিক ও ভারতের দেবব্রত গোস্বামী।