পাকিস্তান হাইকমিশনারের দাবি
১৯৭৪-এর ত্রিপক্ষীয় চুক্তিতে যুদ্ধাপরাধের নিষ্পত্তি হয়েছে
বাংলাদেশের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের যেসব ঘটনা ঘটেছে, তার নিষ্পত্তি হয়েছে ১৯৭৪ সালে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তিতে। ওই চুক্তি বিষয়টির চূড়ান্ত রায় দিয়েছে বলে মনে করে পাকিস্তান। ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাইকমিশনার আশরাফ কুরেশি গতকাল বৃহস্পতিবার এমন দাবি করেন। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে সাংবাদিকেরা বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি এই দাবি করেন। বৈঠক সূত্র জানায়, আলোচনার সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের হাইকমিশনারকে জানান, যুদ্ধাপরাধের বিচারের ব্যাপারে সরকারের বাধ্যবাধকতা রয়েছে। কারণ, আওয়ামী লীগের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধের বিচার করা। জনগণ ভোটের মাধ্যমে এর প্রতি রায় দিয়েছে। দীপু মনি সর্বোচ্চ আন্তর্জাতিক মান নিশ্চিত করে সুষ্ঠু বিচার-প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশ যুদ্ধাপরাধীদের বিচার করবে জানিয়ে আশা প্রকাশ করেন, এতে দুই দেশের সম্পর্কের ওপর কোনো প্রভাব পড়বে না। ১৯৭১ সালের গণহত্যার ঘটনায় পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, আটকে পড়া পাকিস্তানিদের ফিরিয়ে নেওয়া ও সম্পদের হিস্যার মতো অনিষ্পন্ন বিষয়ের সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।পাকিস্তানের হাইকমিশনার বলেন, ‘১৯৭৪ সালে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পাদিত ত্রিপক্ষীয় চুক্তিতে বিষয়টির (যুদ্ধাপরাধের বিচার) যথাযথভাবে সমাধান করা হয়েছে। কাজেই আমাদের (পাকিস্তান সরকার) অবস্থান আগের মতোই আছে। আর আমরা চুক্তিটি মেনে চলি।’ বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেওয়ায় দুই দেশের সম্পর্কে তা প্রভাব ফেলছে কি না, জানতে চাইলে কুরেশি সরাসরি এ প্রশ্নের কোনো উত্তর দেননি। তিনি বলেন, ‘ঢাকায় দায়িত্ব পালনের সময় আমার কাজই হবে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা।’ পাকিস্তানের হাইকমিশনার সাংবাদিকদের জানান, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ঢাকায় দায়িত্ব পালনের সময় কীভাবে দুই দেশের সম্পর্ক জোরদার করা যায়, তা নিয়েও কথা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির ঢাকা সফরের ব্যাপারে জানতে চাইলে কুরেশি বলেন, ‘ঢাকা সফরের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। ঢাকায় আসার আগেই তাঁর সঙ্গে আমার এ ব্যাপারে আলোচনা হয়েছে। দুই দেশের কর্মকর্তাদের আলোচনার পর সুবিধাজনক সময়ে সফরটি অনুষ্ঠিত হবে।’